প্রথম আলোর অনলাইনে (pৎothom-alo.com) প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলা, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্য নিয়ে পাঠকের মতামত প্রকাশিত হয়। তাঁদের এসব মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।টাকা সুরঞ্জিতের বাড়িতেই যাচ্ছিল, আগেও গেছেরেলের বহুল আলোচিত অর্থ কেলেঙ্কারি নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেলের কাছে মুখ খুলেছেন সাবেক রেলপথমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর এপিএস ওমর ফারুকের গাড়িচালক আজম খান। অজ্ঞাতবাসে থেকেই তিনি সেদিনের সব কথা বলেছেন। গত শুক্রবার এ সংবাদ প্রথম আলো অনলাইনে প্রকাশের পর তা পাঠকদের কাছে ছিল বহুল পঠিত ও আলোচিত। এ সম্পর্কে জুলফিকার লিখেছেন: সরকার যদি আন্তরিক হয় তা হলে গাড়িচালক আজম খানের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে এবং তাঁর থেকে তথ্য সংগ্রহ করে, সঠিক বিচার করে দেখাবে। দেশবাসী সেই আশা করে।মো. আবদুল ওহাব: সুরঞ্জিত সেনগুপ্ত এখন সরকারের জন্য বোঝা। এই বোঝা সরকার যত তাড়াতাড়ি মাথা থেকে নামাবে, ততই সরকারের জন্য ভালো। প্রধানমন্ত্রী, দয়া করে ওনাকে সরান।আবদুল মজিদ কাজী: মালয়েশিয়ায় ঘুষ বন্ধ হয়েছিল কীভাবে, আশা করি সবাই জানেন। একজন সরকারি কর্মচারীর ঘরে (দখলে) কী পরিমাণ সম্পদ আছে, প্রতি মাসে কত রুজি হলো, সংসার খরচ বাদে উদ্বৃত্ত কত, তা দিয়ে কী ধরনের সম্পদ যোগ হয়েছে—প্রতি মাসে রিটার্ন দাখিল করতে হতো। দুর্নীতি দমন কমিশন থেকে আকস্মিকভাবে তা যাচাই করা হতো। তাই সরকারি চাকরিজীবীরা ঘুষ ছাড়তে বাধ্য হলেন। তাঁরা যখন ঘুষ খাওয়া বন্ধ করলেন (খাওয়ার পথ বন্ধ হয়ে গেল), তখন তাঁরা অনুসন্ধান কাজে বা অন্য কাজে অন্য কাউকে অন্যায় সাহায্যও বন্ধ করে দিলেন। তাতে অন্যরাও দুর্নীতি বন্ধ করতে বাধ্য হলো। কালোটাকার দৌরাত্ম্য কমে গিয়ে দেশে জিনিসপত্রের দামও কমতে শুরু হলো, সংসার খরচ কমতে থাকল। সেবার মান বাড়তে থাকল। এর সুফল দেখে ধীরে ধীরে অন্যরাও উৎসাহী হয়ে দুর্নীতি ছেড়ে দিল। আজ তাই মালয়েশিয়া এত উন্নত। আমাদের দেশ থেকে চিকিৎসার জন্য আমরা মালয়েশিয়া যাই। আমাদের দেশে কি ডাক্তারের অভাব? নাকি তাঁদের জ্ঞান কম? মোটেই না। কিন্তু তাঁদের পেশার ও সেবার মনোভাব কম। আমাদের দেশে দুর্নীতি প্রমাণের জন্য কি শুধু সাক্ষীর প্রয়োজন। এক মাস আগে একজন লোক কী অবস্থায় ছিল আর এক মাসে তার অবস্থার (চালচলনের) কী পরিবর্তন, তা দিয়ে কি দুর্নীতি নির্ণয় করা অসম্ভব? রায়হানুল ইসলাম: সুরঞ্জিত সেনগুপ্তর ব্যাপারে তদন্তই প্রমাণ করে দুদক অকর্মণ্য। গাড়িচালক আজম খানকে যেখানে দুদক খুঁজে পায় না, সেখানে একটি টিভি আজম খানকে খুঁজে বের করেছে। দুদক যদি স্বচ্ছ তদন্ত চাইত, তা হলে গাড়িচালক আজম খানকে খুঁজে বের করত। কারণ, সুরঞ্জিত সেনগুপ্তকে বাঁচানোর জন্যই আজম খানকে দুদক খুঁজে বের করেনি।লাবণী আকতার: প্রধানমন্ত্রী, দয়া করে আজমের নিরাপত্তার ব্যবস্থা করুন। চারদিকে যখন এত দুর্নীতি চলছে, তখন আজমের মতো একজন সত্যিকার মানুষ এ দেশের বড়ই প্রয়োজন। তাঁকে বাঁচার সুযোগ করে দিন। তিনি কেন লুকিয়ে বাঁচবেন? তিনি সত্য বলেছেন, সেটাই কি তাঁর দোষ?সাম্প্রদায়িক সম্প্রীতি বনাম ‘ধর্মীয় অনুভূতি’কক্সবাজারে বৌদ্ধধর্মাবলম্বীদের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, উপাসনালয়, এলাকা ঘুরে মশিউল আলম এভাবেই তাঁর অনুভূতি তুলে ধরেছেন প্রথম আলোর পাঠকদের জন্য। তাঁর এ লেখা সম্পর্কে তপন কুমার পাল লিখেছেন: মশিউল আলমের লেখা পড়ে মনে হলো বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা (আমি এটাকে একপক্ষীয় দাঙ্গা বলতে চাই) এটাই প্রথম নয়। ১৯৯২ সালে ভোলায় যা হয়েছে, ২০০১ সালের নির্বাচনোত্তর সময়ে যা হয়েছে, সেটাকে কী হিসেবে আখ্যায়িত করবেন? শুধু রাজনৈতিক নেতারা নন, আপনারা যাঁরা লেখেন তাঁরাও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশ কবে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হলো বলতে পারেন? এ দেশে নীরবে সংখ্যালঘুরা চুলোয় রান্না চড়িয়ে দেশত্যাগ করে, যাতে কেউ বুঝতে না পারে সে চলে যাচ্ছে। পাছে কেউ টের পায়! এ দেশে অনেক আগে থেকেই মূর্তি ভাঙা হচ্ছে। এটাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলে আখ্যায়িত করেন। বৌদ্ধ ছেলেটি ঠিক কথাই বলেছে, অন্য ধর্মের ওপর আক্রমণের সময় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সবাই এক হয়ে যায় একটা জায়গায়। ওমর ফারুক: শুরু থেকে ঘটনাটির রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা না করে নিরপেক্ষ তদন্ত ও সম্মিলিতভাবে প্রতিবাদ হলে আজ আমাদের বৌদ্ধ ভাইদের মনে এই ঘৃণার জন্ম নিত না।বাংলাদেশ-ভারত সম্পর্ক: চ্যালেঞ্জ ও সম্ভাবনালন্ডনের স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস জার্নালের সেপ্টেম্বর সংখ্যায় বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এই লেখা প্রকাশিত হয়। এ সম্পর্কে প্রথম আলোর পাঠকেরা তাঁদের মতামত জানিয়েছেন। গোটা বিষয়টি বিশ্লেষণ করে মাহতাফ হোসেন লিখেছেন: ম্যাডাম, বন্ধুত্ব তো একতরফা হয় না। বাংলাদেশ কথায় ও কাজে যতই ভারতকে বন্ধু ভাবে, ভারত তো তার কাজকর্মে সেভাবে বন্ধুত্বের পরিচয় দিচ্ছে না। এখানে মোটা দাগের কিছু উদাহরণ তুলে ধরলাম:ক. ভারতে বাংলাদেশের পণ্য ঢুকতে নানা রকম বাধার সৃষ্টি করা হয়। পক্ষান্তরে ভারতের এমন কোনো পণ্য নেই যা বাংলাদেশে পাওয়া যায় না। খ. বাংলাদেশের মিডিয়া ভারতে ঢুকতে পারে না, কিন্তু ভারতের মিডিয়ায় বাংলাদেশের গ্রামগঞ্জ পর্যন্ত সয়লাব। গ. বাংলাদেশ-ভারত সীমান্তে উভয় দেশের নাগরিকেরাই বৈধ-অবৈধ উপায়ে আসা-যাওয়া করে। বাংলাদেশ কোনো ভারতীয়কে হত্যা বা নির্যাতন করেছে বলে শুনিনি। কিন্তু ভারতের তরফে ফেলানীর হত্যা আর কাদেরের নির্যাতন তো বিশ্বব্যাপী আলোচিত ও নিন্দিত হয়েছে। ঘ. সীমান্ত চিহ্নিতকরণ ও ছিটমহল বিনিময়ের ব্যাপারে বাংলাদেশ সব সময় ইতিবাচক মনোভাব দেখালেও ভারতের অনাগ্রহ বা উদাসীনতায় তা বাস্তবায়িত হচ্ছে না। ঙ. উভয় দেশের মধ্যে প্রবাহিত নদ-নদীর পানিবণ্টন আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মনীতির ওপর ভিত্তি না করে, ভারত একতরফাভাবে গঙ্গা-পদ্মাসহ প্রায় সব নদীর উজানে বাঁধ-জলাধার নির্মাণ করে বাংলাদেশকে স্থায়ী মরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। চ. আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে ভারত বাংলাদেশের দক্ষিণ তালপট্টি দ্বীপ জবরদখল করে নিয়েছে এবং জলসীমাও জবরদখলের পাঁয়তারা করছে। ছ. বাংলাদেশের মধ্য দিয়ে পণ্য পরিবহনের জন্য ট্রানজিট-ট্রানশিপমেন্ট নিচ্ছে, অথচ তার বিনিময়ে ভারত তেমন কিছুই বাংলাদেশকে দিচ্ছে না।একতরফা বন্ধুত্ব অধীনতামূলক মিত্রতারই নামান্তর। তাই উভয় দেশকে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে, প্রকৃত বন্ধুত্ব সৃষ্টি করে অমিত সম্ভাবনার দুয়ার খুলে দেওয়ার আহ্বান জানাই। মিলন পাঠান: অনেকের মতো আমিও প্রথম খালেদা জিয়ার লেখা পড়লাম। কোনো সন্দেহ নেই যে এখানে সম্ভাবনার কথা বলা হয়েছে। কিন্তু কথা হলো, উনি একজন রাজনৈতিক নেতা। তাত্ত্বিক নন। কাজেই উনি মধ্যপন্থা অবলম্বন করে লিখতে পারেন না। ওনার কাছ থেকে সুস্পষ্ট নির্দেশনা আসা উচিত। এর পরও কথা আছে, উনি এ দেশের তিন মেয়াদে ১০ বছরের বেশি সময় দায়িত্বে ছিলেন। অথচ এত দিন পরে এসব সমস্যার উল্লেখ হাস্যকর লাগছে। কেননা, যেসব বিষয়ের উল্লেখ করেছেন, সেগুলো আক্ষরিক অর্থেই বাংলাদেশের জন্মলগ্ন থেকে আছে এবং কয়েকটি উত্তরাধিকার সূত্রে পাওয়া। কাজেই দীর্ঘদিনের সমস্যা এগুলো। এত দিন পরে হলেও এসব পূর্বনির্ধারিত সমস্যার কথা ওনার মনে হওয়ায় ধন্যবাদ দিতেই হয়।বৌদ্ধপল্লিতে হামলারামু, টেকনাফ, উখিয়া, পটিয়ায় বৌদ্ধধর্মাবলম্বীদের বাড়িঘর, উপাসনালয়ে আগুন দেওয়ার ঘটনা গত সোমবার প্রথম আলোর প্রধান শিরোনাম হিসেবে প্রকাশিত হয়। এ সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাঠকেরা। এ সম্পর্কে আখতার লিখেছেন: রামুতে বৌদ্ধসহ ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় ও তাদের বাড়িঘরে যে ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে, তার জন্য সরকারি দলের স্থানীয় নেতা-কর্মীরা দায়ী। স্থানীয় বিক্ষুব্ধ জনতার নামে পরিচালিত ওই সব অপতৎপরতায় সরকারি দলের স্থানীয় নেতা-কর্মীরাই নেতৃত্ব দিয়েছেন। সে কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সময়মতো ব্যবস্থা নিতে পারেনি।বিপ্লব রায়: সব আমলেই বড় কোনো ধ্বংসাত্মক ঘটনায় একদল অন্য দলকে দায়ী করে। আমরা কোনো দল নয়, প্রকৃত দোষীদের খুঁজে বিচারের দাবি জানাই। একটা স্বাধীন দেশে এমন বর্বরতা মেনে নিতে পারছি না। বিএনপির আমলে ভোলায় হিন্দুদের ওপর বর্বর নির্যাতনের পর বিবিসির কাছে দেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরীর মিথ্যা বয়ান আজও মনে পড়ে। এ আমলে এমন বক্তব্য যেন কেউ না দেন। প্রকৃত দোষীদের বিচার হোক।৪০ হামলাকারী শনাক্ত, মূল শক্তি অজানাবৌদ্ধপল্লিতে হামলার সঙ্গে জড়িত কারা, তা বেরিয়ে এসেছে প্রথম আলোর এক অনুসন্ধানী প্রতিবেদনে। এ সম্পর্কে শেখ মনির লিখেছেন: স্বাধীনতার ৪০ বছর পরও আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। রামুর ঘটনা সব পৈশাচিকতা ও বর্বরতাকে হার মানায়। এ লজ্জা পুরো জাতির। ঘটনায় ধর্মভিত্তিক সেই অপরাজনৈতিক দলের নাম আসছে। সঙ্গে আবার যুক্ত হয়েছে রোহিঙ্গা ও ক্ষমতাসীন দলের ইন্ধন। পুরো বিষয়টি তদন্তসাপেক্ষ। কিন্তু আমরা কি সুবিচার ও দৃষ্টান্তমূলক সাজার আশা করতে পারি? অতীত মোটেও সুখকর নয়। মুষ্টিমেয় কয়েকজনের পৈশাচিকতা আমরা সাধারণ মানুষ বইতে চাই না। পরিকল্পিত এ ঘটনায় যে-ই জড়িত থাকুক তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বৌদ্ধ সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে রাষ্ট্রপ্রধানকে।মো. জাহাঙ্গীর: ইসলাম শান্তির ধর্ম, কোনো ধর্মকে আঘাত দিয়েও কথা বলতে ইসলাম নিষেধ করেছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের অবশ্যই বিচার চাই। সব ধর্মের সমান অধিকারও চাই। (পাঠকের মতামত বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন pৎothom-alo.com)