আঞ্চলিক মহাসড়কের এ কী হাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কটির নির্মাণকাজ চলছে ছয় মাস ধরে। সংশ্লিষ্ট ঠিকাদার পাথর ব্যবহার করেছেন কম। পাথরের চেয়ে বালু বেশি দিয়েছেন, তাই গত কয়েক দিনের বৃষ্টির পানিতে তা কাদার সঙ্গে মিশে গেছে। ফলে বৃষ্টিতে বালু দেবে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে ওই সড়কে চলাচলকারী যানবাহনের চাকা আটকে যাচ্ছে। যন্ত্রাংশ ভেঙে ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছে। জোরে টানতে গিয়ে ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে ব্যাটারিচালিত যানবাহনের। তাই মাঝপথে থেমে যেতে হচ্ছে সেগুলোকে। এতে করে একদিকে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে; অন্যদিকে অন্য সময়ের তুলনায় বেশি ভাড়া গুনতে হচ্ছ। এই বেহাল চিত্র বরিশাল-ভান্ডারিয়া-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের নির্মাণাধীন আট কিলোমিটার অংশের। এর মধ্য দিয়ে দেশের সড়ক-মহাসড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষয়টি আবারও সামনে এল।

রোববার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশাল-ভান্ডারিয়া-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের চরখালী ফেরিঘাট থেকে পিরোজপুর সদর পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে ৩৭ কোটি টাকা ব্যয়ে কাজ চলছে। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কার্যাদেশ দেওয়া হয়। এ বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার পাথর কম ব্যবহার করায় সড়কের এখন এই বেহাল পরিস্থিতি। স্পষ্টতই তিনি অনিয়ম করেছেন।

সড়কটি দিয়ে পিরোজপুর, ভান্ডারিয়া, ইন্দুরকানি, মঠবাড়িয়া, পাথরঘাটা, রাজাপুর, কাঁঠালিয়া, ঝালকাঠি, বরিশাল, বাগেরহাট, খুলনা ও ঢাকার পথে দূরপাল্লার বাসসহ অন্যান্য যানবাহন চলাচল করে। এমন একটি গুরুত্বপূর্ণ সড়কের এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমাদের দেশে সড়ক-মহাসড়ক নির্মাণে সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার বিষয়টি এখন আর গোপন কোনো বিষয় নয়। ব্যাপক মাত্রার দুর্নীতির কারণেই কোনো সড়ক টেকসই হয় না। নির্মাণ বা সংস্কারের কয়েক দিনের মধ্যে সড়ক আগের অবস্থায় ফিরে আসে। আবার এমনও দেখা যায়, নির্মাণকাজ শেষ না হতেই সড়ক ভাঙা শুরু হয়। অথচ সড়ক নির্মাণের পেছনে প্রচুর অর্থ ব্যয় করা হয়, সেখানে কোনো ঘাটতি থাকে না। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, আমাদের দেশে সড়ক নির্মাণ ব্যয় ভারত, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অনেক বেশি। আমাদের দেশের সড়ক-মহাসড়কগুলোতে অবিরাম মেরামতি লেগেই থাকে, আর এর পেছনে অর্থ ব্যয় চলতেই থাকে। সড়ক-মহাসড়ক নির্মাণ ও মেরামত নিয়ে বিপুল অঙ্কের অর্থের অপচয় একটা স্থায়ী ব্যবস্থায় পরিণত হয়েছে।

বছরের পর বছর এই যে দুর্নীতি, অব্যবস্থাপনা, অদক্ষতা ও দায়িত্বহীনতার চর্চা চলছে, এর কি কোনো জবাবদিহি নেই? এ ধরনের জবাবদিহিহীন পরিস্থিতি এবং এ ধরনের সড়ক অবকাঠামো নির্মাণ করে আর যা–ই হোক দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা যাবে না। সড়ক নির্মাণ ও সংস্কারে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়ার কোনো বিকল্প নেই।