পৃথিবীর অন্যান্য আঞ্চলিক জোট যখন নিজ নিজ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে, তখন তিন দশকেরও বেশি বয়সী দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্ত বিরোধের পরিপ্রেক্ষিতে ইসলামাবাদে অনুষ্ঠেয় ১৯তম সার্ক সম্মেলন স্থগিত হওয়ায় প্রসঙ্গটা আবারও বড় হয়ে সামনে এসেছে।
এই পটভূমিতে কোনো কোনো মহল সার্কের বদলে বিমসটেক (বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর দ্য মাল্টিসেক্টরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক ফেডারেশন) জোটের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। ফলে একধরনের সংশয় তৈরি হয়েছিল। কিন্তু ওই সংশয় দূর হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে। সংবাদপত্রটি তাঁকে প্রশ্ন করেছিল, ‘আপনি কি মনে করেন, যেখানে সার্ক অচলাবস্থায় রয়েছে, জোট হিসেবে বিমসটেক সফলতা পাবে?’ জবাবে প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, ‘সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংস্থা এবং তা আগের মতোই আছে।’ ১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার সাত দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ নিয়ে, পরে আফগানিস্তান যোগ দেয়। অন্যদিকে বঙ্গোপসাগরের চারপাশের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে বিমসটেক গঠিত হয় ১৯৯৭ সালে। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, ‘আমি একটি সংস্থাকে অপর একটি সংস্থার বিকল্প হিসেবে দেখি না।’
প্রধানমন্ত্রী এবারের সার্ক সম্মেলন থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর পটভূমিও ব্যাখ্যা করেছেন। বলেছেন, বিদ্যমান পরিবেশ সম্মেলনের সহায়ক নয়। তদুপরি পাকিস্তান যুদ্ধাপরাধীদের বিচারে অযথা নাক গলাচ্ছে, যা কখনো কাম্য নয়। অন্যদিকে ভারত সম্মেলন বর্জন করেছে কাশ্মীর সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে। তিনি যে ভারত ও পাকিস্তানের প্রতি নিয়ন্ত্রণরেখায় (এলওসি) শান্তি বজায় রাখার তাগিদ দিয়েছেন, তা আমলে নিলে উত্তেজনার অবসান ঘটবে আশা করা যায়।
সার্কের উদ্যোক্তা হিসেবে বাংলাদেশ কখনোই সার্কের স্থবিরতা বা অপমৃত্যু চাইতে পারে না। সার্ক স্থবির হলে কোনো কোনো দেশের নেতৃত্ব অভ্যন্তরীণ রাজনীতির ফায়দা পেতে পারে, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এ অঞ্চলের সাধারণ মানুষ। দুটি দেশের বিরোধের কারণে আঞ্চলিক সহযোগিতার ধারা রুদ্ধ হতে দেওয়া যায় না। সার্ক কাঠামোর মধ্যে উপ-আঞ্চলিক জোট হতে পারে, এক বা একাধিক দেশ অন্য কোনো জোটের শরিক হতে পারে; কিন্তু সার্ককে টিকিয়ে রাখার এবং সামনে এগিয়ে নেওয়ার বিকল্প নেই। দক্ষিণ এশীয় নেতারা এই সত্যটি যত দ্রুত উপলব্ধি করবেন, ততই মঙ্গল।