আট ফাল্গুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৫২ সালে মায়ের ভাষার অধিকার আদায় করতে গিয়ে শহীদ হন সালাম, বরকত, রফিক, সফিক, জব্বারসহ নাম না-জানা আরও অনেকে। আর তাই ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকোর ৩০তম অধিবেশনে ৮ ফাল্গুনকে (একুশে ফেব্রুয়ারি) বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। কারণ, পৃথিবীর কোনো জাতি তাদের মাতৃভাষাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বুকের তাজা রক্ত উৎসর্গ করেছে, এমন নজির পাওয়া ভার।এর পরেও অত্যন্ত আফসোসের সঙ্গে বলতে হচ্ছে, আমাদের প্রিয় ভাইয়েরা তাঁদের তাজা রক্তকে সেদিন বিলিয়ে দিয়েছিলেন ধন-ঐশ্বর্যের লোভে মত্ত হয়ে নয়; বাংলাকে প্রাতিষ্ঠানিক ভাষা হিসেবে রূপদানের নেশায় উন্মাদ হয়ে। কিন্তু একি! আমাদের স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায়, গ্রামে-শহরে, গৃহ-গৃহান্তরে, আচার-অনুষ্ঠানে, বিজ্ঞাপন, ব্যানার, সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা হয়, ‘মহান একুশে ফেব্রুয়ারি!’ আমাদের কাছে হয়তো তাঁরা নীরব আর্তনাদের মধ্য দিয়ে জোর দাবি জানাচ্ছেন: ‘অন্তত মাতৃভাষার এই দিনকে হলেও বাংলা সালের শিরোনাম ৮ ফাল্গুন দিয়ে উদ্যাপন করো। নতুবা আমাদের এই রক্ত কতটুকুই বা অনুপ্রেরণা জোগাবে তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে।’ আরও আশ্চর্যের বিষয়, রেডিও ও টেলিভিশনের কিছু কিছু অনুষ্ঠানে আমাদের এই গর্বের, রক্তে রঞ্জিত সুন্দর সাবলীল ও সহজবোধ্য ভাষাকে বিকৃত উচ্চারণ করা হচ্ছে, যা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যথার্থ বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে ভয়ংকর ও মারাত্মক অন্তরায় হতে পারে।সুতরাং আজ থেকে বাংলা ভাষার বিকৃত উচ্চারণ বন্ধ করি এবং অন্তত মাতৃভাষা দিবসকে ‘৮ ফাল্গুন’ হিসেবে উদ্যাপন করি। ৮ ফাল্গুন আমাদের চেতনা, রক্তে মাখা বায়ান্নর স্মৃতিঘেরা এই দিন আমাদের দুয়ারে দুয়ারে অনুভবের আগ্নেয়গিরির মতো আসে আর যায়। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় নবজীবনের নকশাকে, পথকে, স্থাপত্যকে, প্রেমের বন্ধনকে, ভালোবাসার গানকে আর জীবনের উন্মেষকে। সানা উল্লাহচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।[email protected]