আটক অবস্থায় নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাব হেফাজতে থাকা এক আসামিকে অমানবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। এই অবস্থাতেও পুলিশ তাঁকে রিমান্ডের আবেদন করেছিল। কিন্তু মাননীয় আদালত তাঁকে রিমান্ডের যোগ্য মনে না করে বরং চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা অথবা রিমান্ডে নেওয়া কোনো ব্যক্তিকে নির্যাতনের বিরুদ্ধে সুস্পষ্ট আইন রয়েছে। এ ব্যাপারে উচ্চ আদালতেরও সুস্পষ্ট নির্দেশনা আছে। এই ঘটনায় তার যথাযথ বাস্তবায়ন বাঞ্ছনীয়।
নির্যাতিত হান্নান চৌধুরীকে নিরীহ ফল ব্যবসায়ী বলে দাবি করেছে তাঁর পরিবার। র‍্যাবের অভিযোগ, তিনি ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে লুটপাটে নিয়োজিত ছিলেন। আদালতে প্রমাণিত হলে তবেই তিনি অপরাধী। প্রথম আলোতে বুধবারে প্রকাশিত সংবাদ ও ছবি থেকে জানা যাচ্ছে যে হান্নান চৌধুরীর শরীরে নির্দয়ভাবে প্রহার করা হয়েছে। তাঁর শরীরে বহু জখমের চিহ্ন এবং তিনি হাঁটাচলায় বর্তমানে অক্ষম। দুর্ভাগ্যজনকভাবে ঔপনিবেশিক শাসকেরা যেভাবে নির্যাতন করে আসামির কাছ থেকে স্বীকারোক্তি আদায় করত, স্বাধীন বাংলাদেশে সেটাই চালু রয়েছে। কিন্তু মামলার সত্যাসত্য প্রমাণে তো এই স্বীকারোক্তির কোনো মূল্য নেই। আইনতও তথ্য আদায়ে নির্যাতন নিষিদ্ধ। প্রশ্ন হলো, অপরাধের তদন্তের উপায় আটককৃত ব্যক্তির ওপর অমানুষিক নির্যাতন হতে পারে না।
নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩-এর নির্দেশ হলো, এমন অভিযোগ আসামাত্র তা লিপিবদ্ধ করে নির্যাতিত ব্যক্তিকে চিকিৎসক দ্বারা পরীক্ষা করিয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। এবং আদালতের নির্দেশে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ মামলা নিয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বাধ্য থাকবে। এমনকি বিচার বিভাগীয় তদন্তেরও সুযোগ রয়ে গেছে।
হান্নান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলুক। পাশাপাশি তাঁকে নির্যাতনের অভিযোগেরও তদন্ত হওয়া প্রয়োজন। লক্ষ্মীপুরে এমন অভিযোগে পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা চলমান আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো সদস্যের ক্ষমতার অপব্যবহার নিয়ে বর্তমানে অনেক আলোচনা হচ্ছে।
এই নির্যাতনের অভিযোগের তদন্ত ও বিচার তাই সময়েরই জ্বলন্ত দাবি।