দেশ যে আজ সংকটে, সে কথা সরকার ও বিরোধী দল স্বীকার করলেও সেই সংকট থেকে উত্তরণে কোনো তরফেই উদ্যোগ নেই। গত আড়াই মাসে সারা দেশে ১১ দিন হরতাল পালিত হয়েছে, স্থানীয় পর্যায়ের কর্মসূচি ধরলে হরতালের মেয়াদ আরও অনেক বেশি হবে। সরকারি দলের দাবি, বিরোধী দল অযৌক্তিকভাবে হরতাল পালন করে আসছে। আর বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের দমন-পীড়নের কারণে তারা হরতালের মতো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে।গত সোমবার বিএনপির কার্যালয়ে পুলিশি হানা এবং দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ১৮ ও ১৯ মার্চ হরতাল আহ্বান করেছে ১৮ দলীয় জোট। সেদিন আটক করা বিএনপির তিন নেতাকে ছেড়ে দেওয়া হলেও বাকিরা এখন কারাগারে। ২০ মার্চ মামলার শুনানির দিন ধার্য হয়েছে। পরদিনও ঢাকা জেলা বিএনপি হরতাল ডেকেছে। ১৭ মার্চ সরকারি ছুটি। সে ক্ষেত্রে প্রায় গোটা সপ্তাহই ছুটির ফাঁদে পড়ে যাবে, যাতে দেশ ও জনগণ সমূহ ক্ষতির সম্মুখীন হবে। সরকার যতই অজুহাত দেখাক না কেন, একটি রাজনৈতিক দলের অফিসে হানা দিয়ে এভাবে নেতা-কর্মীদের আটক করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চারদলীয় জোট আমলে ২০০৪ সালে আওয়ামী লীগ অফিসেও পুলিশ হানা দিয়েছিল। দুর্ভাগ্যজনক যে ক্ষমতার রাজনীতিতে একে অপরের কাছ থেকে সব মন্দ নজিরই গ্রহণ করছে। এখন প্রশ্ন হলো, এই হরতাল এড়ানোর উপায় কী? সেদিন বিএনপির কার্যালয় থেকে যেসব নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল, তাঁরা সবাই কি পুলিশের ওপর আক্রমণ করেছিলেন এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন? তাহলে কেন গয়রহ সবাইকে আটক করা হলো? যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, তাঁদের ছেড়ে দেওয়ার উদ্যোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে। তারা এখন হয়তো বিষয়টি আদালতের এখতিয়ার বলে আত্মরক্ষার চেষ্টা করবে। আসামিরা অন্তরীণ থাকায় এখন উচ্চ আদালত থেকে আগাম জামিনও সম্ভব নয়। তবে দুটি বিকল্প আছে। প্রথমত, পুলিশ অভিযোগ থেকে রেহাই দিয়ে দ্রুত চূড়ান্ত প্রতিবেদন দিতে পারে। তাহলে আদালত তাঁদের ছাড়তে পারেন। দ্বিতীয়ত, আটক নেতা-কর্মীরা নিম্ন আদালতে জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তাতে সম্মতি দেবে। আদালত তখন তাঁদের জামিন দেবেন বলেই আশা করা যায়। কিন্তু সরকার যদি সেই উদ্যোগ না নেয়, তাহলে দেশকে আরও যে তিন দিন হরতালের বোঝা বইতে হবে তা-ই নয়, এই নেতা-কর্মীদের ছাড়া পেতে অন্তত কয়েক সপ্তাহ কেটে যাবে। সংকট নিরসনে যেখানে সরকারি ও বিরোধী দল সংলাপের প্রতি গুরুত্বারোপ করেছে, সেখানে উভয়েরই কর্তব্য হবে শান্তি ও আস্থাপূর্ণ পরিবেশ সৃষ্টি করা। সে ক্ষেত্রে বিএনপির কার্যালয় থেকে আটক নেতাদের ছেড়ে দিয়েই সরকার সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটাতে পারে। আর বিরোধী দলেরও কর্তব্য হবে আগামী সপ্তাহের প্রস্তাবিত হরতাল প্রত্যাহার করা।