দেশে আইনের শাসন কিংবা সমাজে ন্যূনতম ন্যায়নীতি বজায় থাকলে অপরাধীদেরই শরমিন্দা হওয়ার কথা। কিন্তু সেটি না হয়ে যদি হত্যা মামলার আসামিরা উল্টো নিহত ব্যক্তির পরিবারকে এলাকাছাড়া করার হুমকি দিতে থাকে, তখন ন্যায়বিচার পাওয়ার আশা থাকে না। মাদারীপুরের মস্তফাপুর বহুমুখী বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তারের হত্যার ঘটনায় সে রকমটিই ঘটেছে।
শনিবার প্রথম আলোর খবর অনুযায়ী, নিহত সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তারের পরিবারকে এলাকাছাড়ার হুমকি দিয়েছেন আসামিপক্ষের লোকজন। কীভাবে তাঁরা এই দুঃসাহস দেখাতে পারলেন? আর বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগের নেতা আবদুর রব খানই বা কেন নিহত দুই ছাত্রীর পরিবারের পাশে না দাঁড়িয়ে আসামিদের পক্ষ নিয়েছেন? ছাত্রী হত্যার প্রতিবাদে শিক্ষকেরা মানববন্ধন করতে চাইলে তাতেও বাধা দেন তিনি। বাধ্য হয়ে শিক্ষকেরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে প্রতিবাদের ইতি টানেন।
নিহত সুমাইয়ার বাবার অভিযোগ, তাঁর মেয়েকে প্রতিবেশী তরুণ রাকিব উত্ত্যক্ত করত এবং স্থানীয় ইউপি সদস্যের কাছে তিনি এ ব্যাপারে নালিশ করেও প্রতিকার পাননি। এরপরই দুর্বৃত্তরা সুমাইয়া ও তার সহপাঠী হ্যাপিকে কৌশলে একটি বাড়িতে নিয়ে হত্যা করে। মেয়ে দুটিকে বাঁচাতে পারেননি বাবা-মা। এখন তাদের হত্যার বিচার চাইতে গিয়েও তাঁরা ভয়ভীতির শিকার হচ্ছেন। আমরা কোন সমাজে বাস করছি?
এ অবস্থায় সরকারকেই নিহত ব্যক্তিদের পরিবারের নিরাপত্তা দিতে হবে। যে বা যারাই নিহতের পরিবারকে হুমকি দিক না কেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। আর মামলায় কাকে গ্রেপ্তার করা হবে, কাকে ছাড়া হবে সেটি দেখার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর; স্থানীয় আওয়ামী লীগের নেতার নয়। আদালতই বিচার করবেন কে অপরাধী, কে অপরাধী নয়। ছাত্রী হত্যা মামলার যেসব আসামি এখনো ধরা পড়েনি, অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে।
সব অপরাধীকে গ্রেপ্তার ও দ্রুত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার–প্রক্রিয়া ত্বরান্বিত করা হোক। খুনির বিচার হতেই হবে।