সব মৃত্যুই শোকের। কিন্তু কোনো কোনো মৃত্যু মনের ভেতরে শূন্যতা সৃষ্টি করে। সাংবাদিক আতাউস সামাদের মৃত্যু আমাদের হূদয়ে যে গভীর শূন্যতা সৃষ্টি করেছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন বাংলাদেশের সাংবাদিকতা জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তাঁর মৃত্যুতে আমরা হারালাম এক ব্যতিক্রমী সহযাত্রী ও পথপ্রদর্শককে। গেল শতকের ষাটের দশকের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া আতাউস সামাদ কর্মজীবনে যেকোনো আকর্ষণীয় পেশা বেছে নিতে পারতেন। কিন্তু সেসবে না গিয়ে আইয়ুব খানের সামরিক শাসনামলে ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা পেশাকেই বেছে নিলেন জীবনের ধ্যান-জ্ঞান ও ব্রত হিসেবে।বিশ্ববিদ্যালয়ে পাঠ নেওয়া অবস্থায় তিনি যে সাংবাদিকতা জীবন শুরু করেছিলেন তৎকালীন পাকিস্তান অবজারভার-এ, তার পরিসমাপ্তি ঘটে গত বুধবার আতাউস সামাদের মৃত্যুর মধ্য দিয়ে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন পেশায় সক্রিয়, কখনো লেখায়, কখনো বলায় কিংবা সম্পাদনায়। ছয় দশকের সাংবাদিকতা জীবনে তিনি দেশি-বিদেশি বহু গণমাধ্যমে কাজ করলেও ব্যাপক পরিচিতি পেয়েছেন বিবিসির আতাউস সামাদ হিসেবে। বিশ্বখ্যাত এই গণমাধ্যমটির ঢাকার সংবাদদাতা হিসেবে কাজ করতে গিয়ে তিনি যেমন গণমানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরেছেন, তেমনি বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করতে গিয়ে সামরিক সরকারের রোষানলে পড়েছেন। ১৯৮৭ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে সময়ে তথ্যপ্রযুক্তির অত্যল্প সুযোগের মধ্যেও তিনি যে গভীর নিষ্ঠা নিয়ে গণমানুষের আন্দোলন-সংগ্রামের কথা বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে তুলে ধরেছেন, তা কিংবদন্তি হয়ে আছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে আতাউস সামাদ তরুণ প্রজন্মকে সাংবাদিকতায় দীক্ষা দিয়েছেন। বাংলাদেশে সাংবাদিকতা বিকাশের ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয়। আতাউস সামাদ আজ আমাদের মাঝে নেই। কিন্তু সাংবাদিকতা পেশার প্রতি তাঁর যে অদম্য নিষ্ঠা ও সততা ছিল, তা অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর লেখনী ও অধ্যবসায় আমাদের ভবিষ্যৎ পথ চলার পাথেয় হবে। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল প্রথম আলোর আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা।