আতিউরের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা নাটকীয়তার পর বাংলাদেশ ব্যাংক থেকে ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভ চুরির ঘটনার পরিণতিতে গভর্নরের পদ থেকে সরে যেতে হয়েছে আতিউর রহমানকে। বিদায়ের সময় গভর্নর সংবাদ সম্মেলন করে তাঁর সময়ে সাফল্য হিসেবে বাংলাদেশের রেকর্ড পরিমাণ রিজার্ভ বৃদ্ধির কথা বলেছেন। মনে রাখা দরকার, রিজার্ভ গড়ার পেছনে মূল অবদান অভিবাসী ও রপ্তানি খাতের শ্রমিকদের। আর রিজার্ভ গড়ার সাফল্য দিয়ে অর্থ চুরির ঘটনাকে আড়াল করার সুযোগ নেই।
সবচেয়ে বড় কথা, বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক যে ঢাকঢাক–গুড়গুড় আচরণ করেছে, তা অগ্রহণযোগ্য। এ ব্যাপারে পদত্যাগী গভর্নর যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে মানুষ আশ্বস্ত হবে বলে মনে হয় না। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে না পারা সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুতর ব্যর্থতা। কিন্তু সেটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়ে থাকলে তা অমার্জনীয় অপরাধ হিসেবেই গণ্য হবে। উদ্বেগের বিষয় হলো, ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের যে পাঁচটি অ্যাকাউন্টে অর্থ পাচার হয়েছে, তারা তা শনাক্ত করতে পারলেও বাংলাদেশ থেকে কীভাবে সেই অর্থ গিয়েছে, কিংবা কারা এর সঙ্গে জড়িত, সে ব্যাপারে দেশবাসী পুরোপুরি অন্ধকারে।
সরে যেতে হলো গভর্নরকেঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির কর্তব্য হবে দ্রুত সত্য উদ্ঘাটন এবং অপরাধীদের শনাক্ত করা। আর সরকারের দায়িত্ব হবে ফিলিপাইনে পাচার হওয়া অর্থ উদ্ধারে সর্বশক্তি নিয়োগ করা। যেহেতু অর্থের একটি সূত্র বের করা গেছে, সেহেতু তা উদ্ধার করা অসম্ভব নয়।
ফিলিপাইনের রিজাল ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, অর্থ পাচার হওয়া অ্যাকাউন্টগুলো নয় মাস আগেই খোলা হয়েছে। সে ক্ষেত্রে এটি ধারণা করা যায় যে জালিয়াত চক্র তখন থেকেই বাংলাদেশে সক্রিয় ছিল। কিন্তু বিষয়টি দায়িত্বপ্রাপ্তদের নজরে না আসায় আমাদের ব্যাংকিং ব্যবস্থা ও তথ্যপ্রযুক্তি নিরাপত্তার ভঙ্গুরতারই নির্দেশক। পাচার হওয়া অর্থ উদ্ধারের পাশাপাশি আমাদের তথ্যপ্রযুক্তি ও ব্যাংকিং ব্যবস্থার সুরক্ষা অবশ্য কর্তব্য হয়ে পড়েছে।