আতিয়া মহলের জঙ্গি আস্তানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের সেনা কর্তৃপক্ষ গত মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করে জানিয়েছে, ওই নগরে আতিয়া মহল নামের একটা বাড়িতে নিরাপত্তা বাহিনীগুলোর সশস্ত্র অভিযান ১১১ ঘণ্টা পর শেষ হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্য ও জঙ্গি মিলিয়ে মোট ১০ জনের মৃত্যু, র্যা বের দুই সদস্যসহ অন্যদের আহত হওয়া, ওই বাড়ির বাসিন্দাসহ দেশবাসীর উদ্বেগ ও শ্বাসরুদ্ধকর অপেক্ষার মধ্য দিয়ে এই অভিযান শেষ হলো। এখন এই অভিযান থেকে স্পষ্ট হয়ে ওঠা কিছু বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে জঙ্গি তৎপরতা দমনে ভবিষ্যতের পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করতে হবে।
এই অভিযানের একটা সফল দিক হলো, আতিয়া মহলের বাসিন্দাদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। অন্যদিকে দুই পুলিশ কর্মকর্তা নিহত ও দুই র্যা ব কর্মকর্তা গুরুতর আহত হওয়ার ঘটনা দুঃখজনক। বলা হয়েছে, তাঁরা হতাহত হয়েছেন বিস্ফোরকের আঘাতে। লক্ষ করা দরকার, ঘটনাটি জঙ্গিদের হামলা ছিল না, বরং আতিয়া মহলে জঙ্গিরা আছে এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই ভবনে জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে। সেখানে জঙ্গিদের প্রকৃত শক্তিসামর্থ্য ও উচ্চমাত্রার ঝুঁকি হতাহতের সংখ্যা ও অভিযানের দৈর্ঘ্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে। অভিযান পরিচালনাকালে সতর্কতায় কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা উচিত। ভবিষ্যতে যেকোনো জঙ্গিবিরোধী অভিযানে ক্ষয়ক্ষতির মাত্রা ন্যূনতম রাখতে এ অভিযানের অভিজ্ঞতা কাজে লাগানো উচিত।
অভিযান পরিচালনাকারী সেনা সূত্র থেকে বলা হয়েছে, এ দেশে জঙ্গিদের মধ্যে এখন বোমা তৈরিতে দক্ষ ও প্রশিক্ষিত জঙ্গি আছে। তারা জনবহুল পাড়া-মহল্লায় বাড়ি ভাড়া নিয়ে সেই বাড়ির ভেতরেই বোমা বানানোর সাহস ও দক্ষতা রাখে। এটা উদ্বেগের বিষয়। কীভাবে এদের দমন করা যাবে, এদের সংখ্যা যেন আর না বাড়ে তা কীভাবে নিশ্চিত করা যাবে, সেসব বিষয় ভেবে দেখতে হবে। জঙ্গি তৎপরতার ব্যাপারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। আইইডি তৈরির বিস্ফোরকের পাচার, পরিবহন, কেনাবেচা নিয়ন্ত্রণ করার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ। কারণ, বসতবাড়িতেই জঙ্গিরা প্রায় নির্বিঘ্নে œবিপুল পরিমাণ উচ্চমাত্রার বিস্ফোরক জমা করতে পারলে জননিরাপত্তা তো বটেই, নিরাপত্তা বাহিনীগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়ে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর জোরালো তৎপরতার পাশাপাশি নাগরিক ও সামাজিক পর্যায়েও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়তে হবে। প্রতিটি জনপদে, পাড়া-মহল্লায় সবাই সচেতন ও সতর্ক হলে জঙ্গিদের পক্ষে টেকা সম্ভব হবে না।