আত্মশক্তিতে বলীয়ান মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগে ছায়ানটের বার্ষিক সাধারণ সভায় সভাপতির সমাপনী বক্তব্যে গভীর উৎকণ্ঠা আর বেদনার সঙ্গে সন্জীদা আপা দেশের ঘনায়মান সংকটের কথা তুলে ধরে আরও সচেতন, আরও সক্রিয় হওয়ার কথা বলছিলেন সবাইকে। দেশের সংকট অবশ্য কম দেখেননি তিনি। ছাত্রজীবনে ভাষা আন্দোলনে যুক্ত হয়েছেন। সেই থেকে আন্দোলন-সংগ্রামে থেকে সংকট মোচনে কাজ করে গেছেন।এই গোঁড়া মুসলিম সমাজে সংস্কৃতি নিয়ে বিভ্রান্তি আর সংকট বহুদিনের। তাঁর পিতা সেই ১৯২৬-এর বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম সংগঠক কাজী মোতাহার হোসেন। বাবার প্রভাবে মুক্তবুদ্ধির মানুষ তিনি বরাবর। আর সাহিত্য ও সংগীত তাঁর সাধনা ও ভালোবাসার দুই ক্ষেত্র। এ দুই-ই মানুষকে সুবুদ্ধির পথে এবং মুক্তির পথে এগোনোর অনুপ্রেরণা দেয়।রক্ষণশীলতার খবরদারি উপেক্ষা করে এ সমাজ যে অন্তত রাজনৈতিকভাবে এগিয়েছে, তার পেছনে সাংস্কৃতিক অঙ্গনের কর্মী-সংগঠকদের ভূমিকা ছিল বিশাল। ভাষা আন্দোলন থেকে এর সূচনা, যার মাধ্যমে বড় অর্জন ঘটেছে দেশের স্বাধীনতার। এই উত্তরণে সাংস্কৃতিক আন্দোলন থেকেই উদার মানবিক মুক্তবুদ্ধির সমাজ গঠনের ঝোঁক তৈরি হয়েছিল। সেভাবেই বাংলাদেশ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে উদ্দীপ্ত হয়েছিল। এতে সন্জীদা আপার আত্মত্যাগ ও সাহসী নেতৃত্বের কথা সবাই জানেন। সন্জীদা আপা সেই পঞ্চাশের দশকেই গায়িকা হিসেবে পরিচিত। কিন্তু তিনি কেবল শিল্পী হয়ে থাকতে পারেননি। সেটা যেন প্রতিষ্ঠা বা খ্যাতির কোনো শীর্ষে অবস্থান করার ব্যাপার। তিনি তো উৎসুক, প্রাণবন্ত এবং দায়িত্বসচেতন মানুষ। যে গান তিনি আপন করে পেয়েছেন, সেটা তাঁর নিত্য বিকশিত হওয়ার অফুরন্ত ভান্ডার। ভেতর থেকে পথচলার, সামনে এগোনোর তাগিদ এসেছে, প্রেরণা পেয়েছেন। তিনি যত কাজে জড়িয়েছেন সবই তাঁর ভালোবাসার দায়। কিন্তু সে কেবল ব্যক্তিগত ভালোবাসার বন্ধন নয়। এ ভালোবাসা দেশপ্রেম ও মানবপ্রেম অবধি পরিব্যাপ্ত। ফলে সন্জীদা আপা কখনো ব্যক্তিগত কাজ বা ভূমিকাকে বড় হতে দেননি। বরাবর দশের কাজে যুক্ত হয়েছেন, যা আদতে দেশের ও মানুষের কাজ। এভাবে ছায়ানট, এভাবে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, এভাবে বিদ্যায়তন নালন্দা এবং আরও নানান সংগঠন, প্রতিষ্ঠান ও কাজ। যাত্রাপথ সব সময় আনন্দগান গেয়েই চলেনি, বারবার বরং সংগ্রামের গান, বাঁধভাঙার গান, বুক বেঁধে দাঁড়ানোর গান গাইতে হয়েছে। নির্জন একাকীর গান ছেড়ে দলেবলে প্রাণ খুলে অন্যদের উদ্দীপ্ত-উজ্জীবিত করার গান গাইতে হয়েছে। নিজে গাওয়ার চেয়ে গাইবার ছেলেমেয়ে তৈরিতেই ব্যস্ত থাকতে হয়েছে।রবীন্দ্রনাথকে তিনি এমনভাবে জেনেছেন যে অধিকাংশ সময় কাজে, সংগঠনে, অনেকের মধ্যে কাটালেও আত্মবিস্মৃত হন না কখনো, অন্তরের আপন সত্তাটির বারতা ঠিকই পান। তার আলোতেই যেন পথচলার দিশা খুঁজে পান। রবীন্দ্রনাথ তাঁর গানে, লেখনীতে এভাবে ধ্যান ও আধ্যাত্মিকতার শক্তিও হয়তো জোগান। তিনি আত্মশক্তিতেই চলেন। ফলে একটু এগিয়েই থাকেন সবার চেয়ে। এভাবে সন্জীদা আপা সহজাতভাবেই যেন নানা কাজে নেতৃত্ব দিয়ে চলেছেন। তাঁর কাছ থেকে পথের দিশা পাচ্ছেন অনেকে।দেশ স্বাধীন হয়েও সমাজ কিংবা ব্যক্তিমানুষ অন্তর থেকে স্বাধীন হলো না। কত তাদের বেড়ি, কত সংস্কার, কত বিশ্বাস, পূর্ব ধারণার টান। এসব মনের বেড়ি আর অচলায়তন কাটানো সত্যিই কঠিন কাজ। ভাবতে হচ্ছে শুধু গান দিয়ে এ কাজ বোধ হয় হবে না, চাই সঠিক শিক্ষা। ওয়াহিদ ভাই শুরু করলেন, সন্জীদা আপা যুক্ত হলেন এবং নেতৃত্ব দিতে এগিয়ে এলেন।বোঝা যাচ্ছে আরও অনেক দূরের পথ পাড়ি দিতে হবে। অথচ পথ চলতে চলতে তাঁর বয়স আজ আশি বছর পূর্ণ হলো। এক অর্থে এ বড় সার্থক জীবন। যে পথে যাত্রা শুরু করেছিলেন সে পথ ধরেই বরাবর এগিয়ে চলেছেন। ছায়ানট-নালন্দার মতো একাধিক প্রতিষ্ঠান হলো, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ বা ব্রতচারীর মতো বেশ কিছু সংগঠন হলো, রবীন্দ্র জন্মশতবার্ষিকী আর সার্ধশতবার্ষিকীর মতো কত কত অনুষ্ঠান হলো। মৌলবাদ, ধর্মান্ধতা, জঙ্গিবাদের উত্থানের মধ্যেও বাঙালি গান ছাড়েনি, রবীন্দ্র-নজরুল-লালনদের ভোলেনি। এর পেছনে যেসব মানুষের ভূমিকা খুব বড় সন্জীদা আপা তাঁদের একজন। পুরস্কার-সম্মানও এসেছে, দেশ এবং বিদেশ থেকেও পেয়েছেন। গত বছর তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্বভারতী থেকে পেয়েছে দেশিকোত্তম খেতাব।কিন্তু আজ, বিশেষভাবে তাঁর আশি বছরের এই জন্মবার্ষিকীর প্রাক্কালে, দেশের আকাশে সংকটের কালো মেঘ ঘনিয়ে এসেছে। সেদিন তাঁর চেহারায় যেন ক্ষণিকের জন্য ব্যর্থতা বোধের কষ্ট ফুটে উঠছিল। কিন্তু তিনিও তো জানেন এ রকম সময়ে শুভ চেতনার মানুষ বরাবরের মতো তাকাবে সন্জীদা খাতুনের মতো মানুষেরই মুখের দিকে। আমাদের আরও কাজ করতে হবে। ঠিকই রবীন্দ্রনাথের রচনায় আরও পথের দিশা মিলবে, ঠিকই বাঙালি থেকেই বিশ্বমানব হওয়ার সাধনায় আমাদের আরও আন্তরিক হতে হবে। এবং ঠিকই সব ব্যর্থতা-ভয় কাটিয়ে আমরা জয়ী হবই।পথ তো জানা আছে। আশি বছর অবধি চলে চলে সে পথ তো তিনি দেখিয়েছেন। সে হলো মুক্তবুদ্ধির পথ, আত্মশক্তির পথ, দেশপ্রেম ও মানবপ্রেমের পথ, বাঙালির হাজার বছরের মানবিক সাধনার পথ। সেই পথ ধরে অচলায়তন ভাঙা, জড়শক্তির বাঁধ ভাঙা, প্রতিক্রিয়ার শিকল ছিন্ন করা। তবেই সব ধরনের ভয়ভীতি, গ্লানি-ক্লিন্নতা, সব পরাভবকে পেছনে ফেলে মুক্তি ঘটবে আলোয়। জয় হবে আত্মশক্তিতে বলীয়ান মানুষের। সংস্কৃতিকর্মীর হূদয় মাঝে অভয় বাজে। কারণ, তার অন্তরে আছে আলোর আয়ুধ। সেটিই আপন করে পেতে হবে। সন্জীদা আপা জীবনভর তরুণদের অন্তরে এই আলোর আয়ুধ তৈরির কাজ করেছেন।মনে হয়, আশি বছর বয়সে ক্ষান্তি নয়, নতুন উদ্যমে তাঁকে সেই কাজই করে যেতে হবে। আরও অনেক দিন, আরও অনেকটা পথ। তাঁর সেই যাত্রাপথেই বাংলাদেশের যথার্থ মুক্তি ঘটবে। আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।