আত্মসমর্পণ আশা করলে সংলাপ সফল হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড. আকবর আলি খানের জন্ম ১৯৪৪ সালে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে সম্মানসহ মাস্টার্স করার পর ১৯৬৭ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে প্রবেশ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উপসচিবের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পরে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে এমএ ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে অর্থসচিব এবং২০০১ সালে মন্ত্রিপরিষদ সচিব হন। ২০০২ সালে সেই পদ থেকে অবসর নিয়ে ২০০২-০৫ সময়কালে তিনি বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালের অক্টোবরের শেষে রাষ্ট্রপতির নেতৃত্বে গঠিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে যোগ দিয়ে পরে মতান্তর হওয়ায় পদত্যাগ করেন। গত বছর ফ্রেন্ডলি ফায়ার্স: হাম্পটি ডাম্পটি ডিজ-অর্ডার, অ্যান্ড আদার এসেজ এবং অন্ধকারের উৎস হতে নামে তাঁর দুটি বই প্রকাশিত হয়েছে। তাঁরপরার্থপরতার অর্থনীতি ও হিস্টরি অব বাংলাদেশ গ্রন্থ দুটি বিশেষভাবে সমাদৃত। বর্তমানে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সমাজ, ইতিহাস ও অর্থনীতি বিষয়ে গবেষণায় নিয়োজিত।  সাক্ষাৎকার নিয়েছেন ফারুক ওয়াসিফপ্রথম আলো  প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিরোধী দলকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। উভয় পক্ষই যেখানে অনড়, সেখানে আলোচনার সুযোগ কোথায়? আকবর আলি খান: বর্তমান রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান সমঝোতা। এ পরিপ্রেক্ষিতে প্রধান রাজনৈতিক জোটগুলোর মধ্যে সংলাপের উদ্যোগ অভিনন্দনযোগ্য। তবে এ ধরনের উদ্যোগ সফল হবে কি না, তা নির্ভর করে তিনটি উপাদানের ওপর। প্রথমত দরকার সংলাপের পরিবেশ সৃষ্টি করা। এর জন্য দলগুলোকে একে অপরের প্রতি আক্রমণাত্মক বক্তব্য কমাতে হবে। রাজনৈতিক ফৌজদারি মামলায় আটক প্রধান বিরোধী দলের নেতাদের ছাড়ার উদ্যোগ নিয়ে আস্থা প্রতিষ্ঠা করতে হবে। প্রধান নেতাদের জেলের ভেতর রেখে বিরোধী দল আলোচনায় বসতে সহজে রাজি হবে; এটা আশা করা অত্যন্ত অস্বাভাবিক। দ্বিতীয়ত, কেউ যদি আশা করে যে সংলাপে অপর পক্ষ আত্মসমর্পণ করবে, তাহলে সংলাপ হবে না। সংলাপে কিছু দিতে হবে, কিছু নিতে হবে। ছাড় দেওয়ার মানসিকতা যতক্ষণ না হবে, ততক্ষণ সংলাপ করেও লাভ হবে না। তৃতীয় বিষয় হলো, প্রকাশ্যে সংলাপ অনুষ্ঠান করে ফল পাওয়া অত্যন্ত শক্ত। এ ক্ষেত্রে দলগুলো অনড় অবস্থানে চলে যায়। এই আলাপ-আলোচনার ভেতরে অনেক কারিগরি বিষয় আছে, যেগুলো নিবিড় আলোচনার মধ্য দিয়ে নিরসন করা সম্ভব। সে জন্য পর্দার আড়ালের প্রস্তুতি ও যোগাযোগের দরকার আছে। এই তিনটি শর্ত প্রতিপালিত না হলে সংলাপ অনুষ্ঠান করা হয়তো সম্ভব হবে; কিন্তু তা আনুষ্ঠানিকতায় পর্যবসিত হবে। প্রথম আলো: তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে সমাধানের লক্ষ্যে আপনি চারটি প্রস্তাব দিয়েছিলেন। সংবিধান না বদলিয়েও নির্বাচনকালীন গ্রহণযোগ্য সরকার গঠন করা সম্ভব বলে আপনি এখনো মনে করেন? আকবর আলি খান: এটা ঠিক যে কিছুদিন আগে আমি চারটি ফর্মুলার কথা বলেছিলাম। একটি বিশেষ ফর্মুলা দিইনি এ জন্য যে এই চারটি ছাড়া আরও অনেক উপায়ে সমস্যার সমাধান করা সম্ভব। এই চারটি ফর্মুলায় আমি একটি বক্তব্যই তুলে ধরতে চেয়েছিলাম যে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে এবং সুপ্রিম কোর্টের রায় মেনেও নির্বাচনকালীন সরকার-সম্পর্কিত বিতর্কের সমাধান সম্ভব। আমার প্রথম প্রস্তাব ছিল: সুপ্রিম কোর্টের রায় মেনেই একটি নির্বাচনকালীন নির্বাচিত সরকার গঠন করা। সেই সরকারকে প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত হতে হবে না, রাষ্ট্রপতি যেভাবে সংসদ কর্তৃক নির্বাচিত হন, সেভাবে নির্বাচন হতে পারে। সেই নির্বাচনে বিরোধী দল ও সরকারি দলের পক্ষ থেকে সমসংখ্যক নির্দলীয় ব্যক্তিত্বকে মনোনয়ন দেওয়া যেতে পারে। এই নির্দলীয় ব্যক্তিত্বদের মধ্য থেকে সরকারি দলের প্যানেল থেকে পাঁচজন এবং বিরোধী দলের প্যানেল থেকে পাঁচজন উপদেষ্টা বা মন্ত্রী নির্বাচন করতে পারে সংসদ। এভাবে উপদেষ্টা পরিষদ নির্বাচিত হওয়ার পর তাঁদের মধ্য থেকে সংসদ একজনকে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা নির্বাচিত করতে পারে। সেই সরকারকে অনির্বাচিত সরকার বলা যাবে না। তবে এ জন্য সংবিধান সংশোধন করতে হবে। দ্বিতীয় পথ হলো, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি সরকার আরও দুটি মেয়াদে বহাল রাখা সম্ভব। তবে সে ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ব্যাপক পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মেনে সংবিধান সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করা গেলে একধরনের তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে যাতে সংঘর্ষ দেখা না দেয়, সে জন্য বিলটি সংসদে উত্থাপনের পর রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত করলে আইনগত সমস্যা দেখা দেওয়ার সুযোগ নেই। তৃতীয় বক্তব্য ছিল, সংবিধান সংশোধন না করেও নির্বাচনকালীন সরকারের কথা চিন্তা করতে পারি। সে ক্ষেত্রে ১০ জন সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা যেতে পারে। সেই পরিষদে বর্তমানে আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে বিএনপি পাঁচজনকে নির্বাচিত করবে। আবার বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকে আওয়ামী লীগ পাঁচজনকে মনোনয়ন দেবে। এই ১০ জনের সমন্বয়ে একটি নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠা করা যেতে পারে। আমার মনে হয়, এটাই উভয় জোটের কাছে অপেক্ষাকৃত বেশি গ্রহণযোগ্য হওয়া উচিত। এবং আওয়ামী লীগের সদস্যদের মধ্য থেকে একজনকে বিএনপির সদস্যরা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী নিযুক্ত করতে পারেন। অথবা মনোনীত ১০ জন মিলে একজনকে প্রধান উপদেষ্টা নিযুক্ত করতে পারেন। আমার চতুর্থ বক্তব্য ছিল: বিভিন্ন প্রস্তাবের কোনোটাই উভয় দলের কাছে গ্রহণযোগ্য না হলে, রাজপথে সমাধান খোঁজা সম্ভব নয়। রাজপথে করতে গেলে সহিংসতা বাড়বে কিন্তু সমাধান হবে না। এ অবস্থায় পৃথিবীর সব গণতান্ত্রিক দেশে যেটা করা হয়, সেটা হলো জনমত যাচাইয়ের জন্য গণভোট অনুষ্ঠান করা। এর জন্যও সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। বিএনপি যেহেতু তত্ত্বাবধায়ক সরকার চায়, সেহেতু তাদের তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে গণভোট অনুষ্ঠান করা যায়। গণভোটে যদি জনগণ পরিবর্তন চায়, তাহলে পরিবর্তন হবে; নইলে হবে না।প্রথম আলো: যাদের অধীনে জাতীয় নির্বাচন করতেই বিরোধীরা রাজি নয়, তাদের অধীনে কেন গণভোট সুষ্ঠু হবে বলে তারা মানবে? আকবর আলি খান: সংখ্যাতত্ত্বের কাছ থেকে যে জ্ঞান আমরা অর্জন করেছি, এখানে তা ব্যবহার করা উচিত হবে। জাতীয় নির্বাচনের সময় সংসদীয় এলাকায় কেউ এক ভোটে পাস করলেই তিনি নির্বাচিত হয়ে যান। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মতো প্রশ্নে গণভোটে এত ব্যবধান হয়ে যাবে যে, জাল-জালিয়াতি করে লাভ হবে না। তবে রাজনৈতিক দলগুলো অন্য একটি কারণে এ প্রস্তাব মানবে না বলে আমার ভয়। কারণ, যে দল গণভোটে হেরে যাবে, সংসদ নির্বাচনে দাঁড়ানোর শক্তি তাদের আর থাকবে না। তা হলেও এ ধরনের ক্ষেত্রে এটাই গণতান্ত্রিক ও সভ্য সমাধান।প্রথম আলো: প্রধানমন্ত্রী বলেছিলেন, ব্যর্থ উপদেষ্টাদের ফর্মুলা দেওয়ার অধিকার নেই। এ ব্যাপারে আপনার মন্তব্য কী? আকবর আলি খান: সাধারণত যখন কোনো বক্তব্য খণ্ডন করা যায় না, তখনই বক্তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়। আমার বক্তব্য সম্পর্কে আমি কিন্তু কোনো যুক্তি শুনতে পাইনি যে কী সমস্যা বা দুর্বলতা। আমাকে ব্যর্থ উপদেষ্টা কী মূল্যায়নে বলা হয়েছে, আমি জানি না। আমাদের সামনে তখন দুটি লক্ষ্য ছিল: একটি লক্ষ্য হলো, কোনো অবস্থাতেই যাতে অবাঞ্ছিত নির্বাচন অনুষ্ঠিত না হয়। সেই অবাঞ্ছিত নির্বাচন বন্ধ করায় আমরা অবশ্যই শতকরা ১০০ ভাগ সফল। দ্বিতীয় লক্ষ্য ছিল, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা। সেটা আমরা সম্পন্ন করতে না পারলেও পরবর্তী সময়ে তা সম্পন্ন হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ইতিহাস কী মূল্যায়ন করবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আমি উপদেষ্টা হিসেবে কিংবা সাবেক সরকারি কর্মকর্তা কিংবা গবেষক বা অধ্যাপক হিসেবে বক্তব্য দিইনি। আমি বক্তব্য দিয়েছি একজন নাগরিক হিসেবে। এবং আমি মনে করি, বাংলাদেশের সব নাগরিকেরই রাজনৈতিক সমস্যা ও সমাধান সম্পর্কে বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে। বাংলাদেশে রাজনীতিবিদদের ব্যর্থতা এতই পর্বতপ্রমাণ, রাজনীতি ও নির্বাচনব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় এককভাবে রাজনীতিবিদদের হাতে ছেড়ে দেওয়া উচিত হবে না। প্রথম আলো: নব্বই-পরবর্তী সময়ে দেখা গেছে, ক্ষমতাসীন দল বিরোধী দলকে নির্মূল করার ঝোঁকে থাকে। দেশ চালানো নিয়ে সমঝোতা না থাকার এটাও কি অন্যতম কারণ? আকবর আলি খান: বর্তমান অবস্থায় রাজনৈতিক সমঝোতা ক্রমশ দুরূহ হয়ে উঠছে। দুটি জোটই হালুয়া-রুটির রাজনীতি করে। সে জন্য যে-ই ক্ষমতায় যায়, সবই দখল করতে চায়। যেখানে অর্থ-বিত্ত-সম্পদ জড়িত, সেখানে লড়াইটা ব্যক্তিগত পর্যায়ে চলে আসে। দলগুলোর মধ্যে সহিষ্ণুতারও অভাব রয়েছে। দলগুলো অন্যদের সুযোগ দিতে রাজি নয়। এই রাজনীতিতে আদর্শবোধের কোনো স্থান নেই। যেখানে বড় দুটি দলের ভেতরই গণতন্ত্র নেই, সেখানে নির্বাচন নিয়ে গণতান্ত্রিক সমঝোতা আসবে কোত্থেকে? প্রায়ই শুনি, একদল আরেক দলকে ভারতে পাঠিয়ে দিতে চায় তো সেই দল এই দলকে পাকিস্তানে পাঠাতে চায় বা বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে চায়। কিন্তু কার্যত কোনোটাই সম্ভব নয়। দুটি দলেরই গণভিত্তি আছে। দুটি রাজনৈতিক জোটের প্রতিটিরই কমপক্ষে চার-পাঁচ কোটি সমর্থক আছে। এত মানুষকে নির্মূল করা সম্ভব নয়। বাস্তবতা হচ্ছে, দুই পক্ষই থাকবে। রাজনীতিতে পক্ষ-প্রতিপক্ষ থাকা সমস্যা নয়; বরং দুই পক্ষের মিথস্ক্রিয়ার মধ্য দিয়েই গণতন্ত্র বিকশিত হবে। প্রথম আলো: বলপ্রয়োগ ছাড়া এ দেশে ক্ষমতার রদবদলের নজির কম। এবারে কি আলোচনার মাধ্যমে ফল আসবে, নাকি আরেকটা ওলটপালট দেখতে হবে? আকবর আলি খান: এ মুহূর্তে ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়। নির্বাচন ঘনিয়ে আসার মাস খানেক আগে বোঝা যাবে, ঘটনা কোন দিকে যাচ্ছে। এর আগে অনেক কিছুই ঘটার সম্ভাবনা থাকে। তবে এ অবস্থার জন্য দায়ী রাজনীতির অবক্ষয়। প্রতিষ্ঠানগুলো বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর কাছে বাধা পড়ে গেছে। তারা রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে দেয়নি। জনগণও দুর্বৃত্তায়নের কারণে রাজনৈতিক কার্যকলাপের ওপর প্রভাব ফেলতে পারে না। এই অবস্থা বদলাতে প্রতিটি দলের ভেতরে তৃণমূলের অভ্যুত্থান ঘটা প্রয়োজন। বাংলাদেশ এখন যে সংকটে আছে, তা থেকে বেরিয়ে আসায় তৃণমূলের লোকদের চিন্তাভাবনা করার প্রয়োজন আছে। প্রথম আলো: সিভিল সমাজ বারেবারে নিজেদের রাজনীতির বিকল্প হিসেবে দেখাতে চেয়েছে। কিন্তু উত্তরোত্তর দেখা যাচ্ছে, তাদের ওপর জনগণের ভরসা যেমন কম, তেমনি তারাও কোনো সার্থক উদ্যোগ নেয়নি। আকবর আলি খান: সিভিল সমাজের রাজনৈতিক ক্ষমতা অত্যন্ত সীমিত। তারা কারও সহযোগী হতে পারে, তবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাদের নেই। পৃথিবীর যেখানেই রাজনৈতিক ব্যবস্থা দুর্বল, সেখানেই সিভিল সমাজ রদবদলের নেতৃত্ব দিয়েছে। পূর্ব ইউরোপে কমিউনিস্ট শাসনে যখন বিরোধী দল অথর্ব হয়ে পড়ল, সিভিল সমাজই বিরোধী দলের ভূমিকা নিয়েছে। লাতিন দেশগুলোতে সামরিক শাসনে সৃষ্টি হওয়া রাজনৈতিক শূন্যতা পূরণ করেছিল সিভিল সমাজের আন্দোলন। বাংলাদেশের পরিস্থিতি তাদের থেকে ভিন্ন। এখানে রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী এবং বিরোধী দলগুলোকে কখনোই একেবারে নিস্তেজ করে দেওয়া যায়নি। এ দেশে রাজনৈতিক দলের সমর্থনও ঐতিহাসিক ও বাস্তব কারণে জোরালো। সুতরাং, এখানে সিভিল সোসাইটির সে রকম উদ্ধারকারী ভূমিকা দেখতে পাওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে সিভিল সোসাইটির বিশ্বাসযোগ্যতাও কমে যাচ্ছে। তারা বহুধাবিভক্ত। তারা অনেক ক্ষেত্রে দলনিরপেক্ষ ভূমিকা নিতে পারে না, তা জনসাধারণের কাছে স্পষ্ট। তারা নিরপেক্ষ না হলে, সমাজে ঐক্য প্রতিষ্ঠা করতে না পারলে, কীভাবে মানুষ বিশ্বাস করবে, তারা রাজনৈতিক দলের চেয়ে উৎকৃষ্ট? প্রথম আলো: আপনাকে ধন্যবাদ। আকবর আলি খান: ধন্যবাদ।