গত ২৮ আগস্ট তরুণী এক মায়ের দুটি শিশুসন্তানসহ আত্মহত্যার যে খবরটি ছাপা হয়েছে পত্রিকার পাতায়, তা যেকোনো বিবেকবোধসম্পন্ন মানুষকে নাড়িয়ে দিতে বাধ্য। এর আগেও এ রকমই এক হূদয়বিদারক ঘটনা ঘটেছিল। ধর্ষণের অপমান-গ্লানি সহ্য করতে না পেরে মা তাঁর দুই শিশুসন্তানসহ চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েছেন! এবারের কার্যকারণটা একটু ভিন্ন। দায়িত্বহীন, অত্যাচারী স্বামীর পরকীয়া সম্পর্কের রেশ ধরে ঘটেছে এই আত্মহনন। সংক্ষুব্ধ স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন এবং তার আগে পাঁচ ও ১০ বছরের দুটি সন্তানকে ওই দ্রব্যটিই পান করিয়ে নিজেকে দাঁড় করিয়েছেন ঘাতকের ভূমিকায়! আত্মহননের এই ঘটনাকে কোনোভাবেই সহজ যুক্তিতর্কে সিদ্ধ করা যায় না। সন্দেহ নেই যে ‘আত্মহত্যা’ বিষয়টি মানুষের মনের চরম হতাশাগ্রস্ত একটি মুহূর্তের তাৎক্ষণিক ক্রিয়া। বিষয়টি তাৎক্ষণিক হলেও এর পেছনে থেকে যায় দীর্ঘদিনের হতাশা-গ্লানি-ব্যর্থতা-অপমানবোধ, নির্যাতন-নিষ্ঠুরতার ঘটনার পরম্পরা। ব্যক্তিস্বাতন্ত্র্য কিংবা ব্যক্তিবিশেষের আত্মজৈবরাসায়নিক দুর্বলতাও যে মনোবিজ্ঞানের ব্যাখ্যা-বিশ্লেষণের দাবি রাখে না, তা নয়।বিজ্ঞান, মনোবিজ্ঞান সমন্বয়ে যত ব্যাখ্যা-বিশ্লেষণই করা হোক না কেন, এ রকম একটি ক্রিয়া তো কোনো রকমেই কাম্য নয় মানবসমাজে। হতাশাগ্রস্ত মায়ের আর যাই হোক অধিকার নেই সন্তানের ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার। যেমন পারেন না তিনি নিজের জন্য আত্মহত্যার মতো গর্হিত পথটি বেছে নিতে।নারীর এই প্রবণতার মূল যে যুগ যুগ ধরে চলে আসা সমাজব্যবস্থা, আর্থসামাজিক অবস্থা এবং অবস্থানের গভীরেই প্রোথিত। সাম্প্রতিক কালে বাজার অর্থনীতির ধাক্কায় সমাজচিত্রের রুদ্ররূপগুলো গুণিতক হারেই বেড়ে চলেছে সংখ্যায়, প্রকরণে, নির্মমতায়। প্রযুক্তির উৎকর্ষে বিশ্বায়নব্যবস্থায় নীতি-নৈতিকতা, মনুষ্যত্ব-মূল্যবোধ—সবই যেন হারিয়ে যেতে বসেছে। চুরি-ডাকাতি-দুর্নীতি, ভোগ-প্রাচুর্য আর চূড়ান্ত আয়বৈষম্যের এই পুঁজিব্যবস্থায় মানুষ আজ যারপরনাই অস্থিরতার মুখে। পরিবার-সমাজ, মূল্যবোধ—সবই যেন ভেঙেচুরে তছনছ হওয়ার পথে! একদিকে জীবনযাত্রার নির্দয় নাভিশ্বাস, অন্যদিকে ভোগ-প্রাচুর্যের নির্লজ্জ উল্লম্ফন যান্ত্রিক বিশ্বে সার্বিক মানবাত্মার মূলে যে আঘাত হানছে, তাতে করে এই জীবনটার প্রতি মানুষের যেন একপ্রকার ধিক্কারই জন্মাচ্ছে! সার্বিক জনমানুষের বেঁচে থাকা, টিকে থাকাটাই দায় আজ! জীবনের রূপ-রস-বর্ণ তো দূরের কথা, মানুষ আজ যারপরনাই পাশবিক প্রবৃত্তিতে টিকে থাকার সংগ্রাম-সাধনায় ক্লিষ্ট! মানবিক বিবেকবোধ, শুভ ইচ্ছা-অনুভূতি, আবেগ-উপলব্ধি বিকৃত আকার-প্রকরণে প্রতিভাত। খুন, ধর্ষণ, হত্যা, আত্মহত্যা, পরকীয়ার আধিক্য—সবই এই বিক্ষুব্ধ সময়েরই প্রতিচ্ছবি। যান্ত্রিক উৎকর্ষে, মননহীন বিশ্বায়নে শিক্ষা আজ মরণঘাতী অস্ত্রের মতোই যৌবনের উৎসমূলে চেপে বসেছে যেন। বিপথগামী তারুণ্য নিঃশেষ হচ্ছে নেশার ঘোরে—পর্নোগ্রাফির ডিজিটাল কালচারে। প্রেম, প্রণয় সবই যে কেবল শরীরী আগ্রাসনের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। প্রেম তো আজ অন্তরে জেগে উঠছে না, প্রেম আজ তারা করতে চাইছে! মানব-মানবীর শরীর-মনগত যৌথ সংযোগ বিষয়ে ধারণা কিংবা আগ্রহবোধহীন এই যে সংস্কৃতি, আজ তা কেবলই বিকৃত ধর্ষণ, হত্যা, আত্মহত্যার মতো ক্রিয়াকলাপেই নিঃশেষিত। মোবাইল ফোনের ন্যুড চিত্রে বিকলাঙ্গ আজ মানবিক অমৃতচেতন বোধ। প্রকৃতির কোলে বেড়ে ওঠা নারীর শরীর-মনের যৌগ রসায়নের উপলব্ধিহীন পৌরুষ যখন দুরাচারী দুঃশাসকের ভূমিকায়, নারীর জন্য তা যে কতখানি প্রাণঘাতী, সে তো প্রতিদিনই চোখের সামনে ভেসে উঠছে পত্রিকার পাতায়। ধর্ষণের অপমান-গ্লানি সহ্য করতে না পেরে আত্মঘাতী কিশোরী কন্যা, তরুণী স্ত্রী, শিশুসন্তানসহ জননী—প্রতিদিনের সংবাদচিত্রে জ্বলজ্বল করছে!মানবিক বিকৃতি কিংবা মনোবৈকল্য নিয়ে মানুষ যে পৃথিবীতে জন্মায় না, তা নয়। নারীর প্রতি সার্বিক সামাজিক যে দৃষ্টিভঙ্গি-মনোভাব সে তো সুপ্রাচীন কাল থেকেই সুবিদিত। কন্যাসন্তান মাতৃরূপেন; জননী-জায়া-কন্যা সৃষ্টির আদি শক্তি—সব পরিচয়ই তো অধোবদনে মুখ লুকায় নারীর অবমূল্যায়নে, মনুষ্যত্বহীন একচোখা পক্ষপাত দোষে!আত্মহনন তো গোটা সমাজের কৃত পাপ থেকেই নিষ্কৃতির এক ব্যর্থ প্রয়াস অবলার! প্রিয় জীবন, স্বামী-সন্তান—কোনো কিছুই কিছু নয়, সমাজ যাকে পতিত করে কিংবা চেতনে সমাজের যে রুদ্ররূপ প্রতিভাত হয় তার চোখে, কোনোভাবেই তো আর নিজেকে দাঁড় করাতে পারে না সে। সমাজের কাছে, স্খলিত ভ্রষ্ট সামাজিক ব্যবস্থার কাছে বিচার প্রার্থনা তো তার জন্য হাস্য-কৌতুক বৈ আর কিছু নয়!আত্মহনন তো তাই সমাজ চরিত্রের গালে এক চপেটাঘাতই! কিন্তু কী এসে যায় তাতে? দুর্জনের গালে একটি কেন, বারবারও যদি পড়ে ঘা, লজ্জা নেই তাতে।আত্মহনন তাই মীমাংসা নয় জীবনের। দরকার আত্মশক্তির উদ্বোধন, নিজের পায়ে দাঁড়ানোর যোগ্যতা অর্জন। পরিবার, সংসার, সমাজ, পিতা-মাতা, রাষ্ট্রযন্ত্র—সবকিছুর পরও তো নিজের একটি জীবন। শক্তের ভক্তই যদি দুর্বৃত্ত, অন্তরে সেই শক্তির উদ্বোাধন ঘটাও নারী। সৃষ্টির আদি শক্তি তুমি, রুখে দাঁড়াও দুর্বৃত্তের পথ সমবেত সহযোগে। বিকৃতির এ লজ্জা তার। লজ্জাহীনের অন্তরে লজ্জা জাগুক আজ তোমার কল্যাণে—পুত্র-কন্যাসহ একযোগে। তুমি বেঁচে থাকো নারী।তৃপ্তি বালা: গল্পকার, চিকিৎসক।