বিচারব্যবস্থা, বিচারক ও বিচারের রায় নিয়ে পাকিস্তান আমলে অথবা বাংলাদেশের জন্মের আদি বছরগুলোতে কোনো দিন আলোচনা হতো না। এমনকি উচ্চ বা নিম্ন আদালতে বিচারক কে অথবা কীভাবে তাঁদের নিয়োগ বা বরখাস্ত করা হয়, সে সম্পর্কেও সাধারণ মানুষের কোনো কৌতূহল বা জানার ইচ্ছা ছিল না। পাকিস্তানি জমানায় ঢাকা, লাহোর বা করাচির উচ্চ আদালতের রায় অথবা বিচারপদ্ধতি, কোন রায় কী ও কেন দেওয়া হলো, তা-ও তৎকালীন সংবাদপত্রে কদাচিৎ প্রকাশিত হতো। তবে দু-একটি ব্যতিক্রম যে ঘটেনি তা নয়। যেমন, পাকিস্তানি জমানার একেবারে শুরুতে জাস্টিস কর্নেলিয়াসই বোধ হয় প্রথম সাধারণ মানুষের আলোচনার আওতায় এলেন গণপরিষদ বিলুপ্তি-সম্পর্কিত একটি রায় বিতর্কিত হওয়ার কারণে। সে সময় পাকিস্তান ছিল ব্রিটিশ ডোমিনিয়ন অর্থাৎ স্বায়ত্তশাসিত কিন্তু সার্বভৌম রাষ্ট্র। রাষ্ট্রের সর্বোচ্চ পদটি ১৯৫৬ সালে একটি সংবিধান বহাল হওয়া পর্যন্ত ছিল রানি এলিজাবেথের পরোক্ষ শাসনাধীন। তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ গভর্নর জেনারেল নিয়োগ দিতেন। যেখানে ভারত স্বাধীনতার পর তিন বছরের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করে ডোমিনিয়নের তথা ব্রিটিশের রানির শাসনের আওতা থেকে বেরিয়ে এল, সেখানে একই ব্যবস্থা নিতে পাকিস্তান সময় নিয়েছিল নয় বছর। তাই ভারতে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হলেন স্বাধীন সরকারব্যবস্থার প্রধানমন্ত্রী আর পাকিস্তানে রানির গভর্নর জেনারেল নিয়োগের ক্ষমতা বহাল রইল। মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম গভর্নর জেনারেল, তাঁর মৃত্যুর পর খাজা নাজিমুদ্দিন। ক্ষমতাসীন মুসলিম লীগ কতিপয় ব্যক্তি ও সামরিক বাহিনীর যোগসাজশে অনেক রাজনৈতিক চালবাজি করে তাঁকে অপসারণ করে পদটিতে বসানো হলো গোলাম মোহাম্মদকে।অতঃপর ঘটনাপ্রবাহ নানা দিকে প্রবাহিত হতে থাকল। গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ প্রশ্নবিদ্ধ বিশেষ ক্ষমতা প্রয়োগ করে গণপরিষদ ভেঙে দিলেন। তাঁর পদক্ষেপের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে গেলেন স্পিকার তমিজউদ্দিন খান। সুপ্রিম কোর্টের বিচারপতি কর্নেলিয়াস রায় দিলেন, ‘যা হয়ে গেছে তা প্রয়োজনের তাগিদে ঘটে গেছে। এখন বদলানো যাবে না, গ্রহণ করতে হবে।’ এই রায় তৎকালীন সংবাদপত্রে সামান্যই আলোচিত হয়েছে। যত দূর মনে হয়, এর মাধ্যমেই ‘ডকট্রিন অব নেসেসিটি’ নামে নতুন সংজ্ঞা যোগ হয় বিচারব্যবস্থায়। এই সংজ্ঞাটি আইন ও আইন বিশেষজ্ঞরা সামান্য মাত্র আলোচনা করেছেন। সাধারণ মানুষ কিছু বুঝল অথবা বোঝেননি, এ নিয়ে মাথাই ঘামাননি। তবে এটুকু বুঝেছেন, শাসক দলের খায়েশ মেটাতে গোলাম মোহাম্মদের ইচ্ছাপূরণে এই সংজ্ঞাটি আবিষ্কৃত হয়েছে। তাঁরা এও বুঝলেন, আদালত ‘জো হুজুর’ ভূমিকা পালন করেছেন।আমার স্মৃতিশক্তির দুর্বলতার কারণে উক্ত ঘটনাপ্রবাহ হয়তো পুরোপুরি সঠিকভাবে উপস্থাপনা করতে পারিনি। তবে তৎকালীন উচ্চ আদালতের বিচার ও রায় তখন থেকেই জনমনে বিভ্রান্তির জন্ম দিয়েছিল। এ ছাড়া সামরিক শাসনের বৈধতা দিয়ে পাকিস্তানের এককালীন বিচারপতি জাস্টিস মুনির তৎকালীন বিচার অঙ্গনে ব্যাপক আলোচিত হয়েছিলেন। অতঃপর পাকিস্তান আমলে আইয়ুবের সামরিক শাসনের সময় কয়েকজন বিচারপতি কয়েকটি রাজনীতি প্রভাবিত মামলায় সাহসী সিদ্ধান্ত দেওয়ার কারণে জনসাধারণ উচ্চতম আদালত সম্পর্কে শ্রদ্ধাশীল হন। তৎকালীন বিচারব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা স্বল্প পরিসরে সম্ভব নয়।অতীত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা এখানেই সীমাবদ্ধ রইল। তবে প্রশ্ন করা যেতে পারে অতীতকে সামনে নিয়ে এলাম কেন? উত্তর হচ্ছে, এখন বিচার ও বিচারব্যবস্থা উভয়ের মাঝে শুধু রাজনীতি অনুপ্রবেশ করেছে এমন নয়, বরং তা রাজনীতির দ্বারা প্রভাবিত হচ্ছে, এমনকি নিয়ন্ত্রিত হচ্ছে বলে সর্বসাধারণ্যে ধারণা জন্মেছে। আরও ধারণা বা বিশ্বাস হচ্ছে, বিচার প্রভাবিত হচ্ছে, বিচারকদের রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হচ্ছে বলে তাঁরা প্রতিদান দিচ্ছেন, নিয়োগকারীদের মনোবাঞ্ছা পূরণ করছেন। নিম্ন বা উচ্চ আদালতে বিচার কেনাবেচা হচ্ছে, এমনটি প্রচারিত রয়েছে অথবা অপপ্রচারের সুযোগ দেওয়া হচ্ছে। তাই আজ আমাদের নিম্নতম থেকে উচ্চতম আদালতের কতিপয় রায় সাধারণ্যে ও গণমাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে এবং আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞরা সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন। এই আলোকেই আজকে আমাদের আইনি প্রক্রিয়ার সর্বশেষ পর্যায়ে অবস্থিত বিচারকের রায় নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সাধারণ মানুষ বিজ্ঞজনদের সব আলোচনা বুঝতে না পারলেও অনেকখানি জ্ঞান লাভ করছেন। তাঁরা ভাবছেন, বলাবলি করছেন, উচ্চতম আদালতে এসব কী হচ্ছে, কোন কোন বিচারক কী করছেন ও কেন করছেন।সরাসরি আলোচ্য বিষয়বস্তু উত্থাপন করা যাক। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিচারপতি এ বি এম খায়রুল হকের রায়টিই এখন সবচেয়ে আলোচিত, বিতর্কিত ও সমালোচিত হচ্ছে। রায়ের মর্মার্থ সংবিধান বিশেষজ্ঞদের অধিকাংশই বুঝে ও বিশ্লেষণ করে বিরূপ মন্তব্য করছেন। অনেকে এই রায়ের ওলট-পালট ও ডিগবাজি খাওয়ার ধারণা নিয়ে প্রশ্ন করেছেন। আমাদের মতো যাঁদের সংবিধানের ধারা-উপধারা সম্পর্কে পুরোপুরি জ্ঞান নেই, তাঁরা নিজেদের সাধারণ জ্ঞান, তথা কমনসেন্স দিয়ে রায়টি সম্পর্কে একটি বিশেষ ধারণা পোষণ করছেন। তাঁরা রায়ের মারপ্যাঁচের ধার ধারেন না, তাঁরা শুধু বোঝেন বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছেন, এই কারণে ক্ষমতাসীন সরকার সুবিধাভোগী হয়েছে। এই বাতিল সংবিধানসম্মত হয়েছে কি না অথবা দুবার উল্টাপাল্টাভাবে দেওয়া হয়েছে কি না, তা বিশেষজ্ঞদের আলোচ্য বিষয়। আবার এই রায়ের পূর্ণাঙ্গ রায় দেওয়া কেন বিলম্বিত হলো, সংক্ষিপ্ত রায় ও পূর্ণাঙ্গ রায়ে কিছু গরমিল রয়েছে কেন, তা-ও সাধারণ জনগণ বুঝতে পারছেন না।সাধারণ মানুষ তাঁদের জ্ঞানের বহরে হাটেবাজারে, চায়ের দোকানে, জটলা ও আড্ডায় আলোচনা ও মন্তব্য করছেন। মন্তব্যগুলোর সারবস্তু হচ্ছে, এই রায়ে ক্ষমতাসীন মহলের ইচ্ছা ও মনোভাবের প্রতিফলন ঘটেছে। তাঁরা ক্ষমতা চিরস্থায়ী করার ও ক্ষমতায় পুনর্বহাল ব্যবস্থাটি পাকা করার অজুহাত পেয়েছে। জনগণ মনে করছেন, গত দুই দশক ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাঁকে দেব’ দাবিটি নিয়ে যাঁরা সোচ্চার রয়েছেন, তাঁদের স্তব্ধ করার অপচেষ্টা হয়েছে। এই দাবি আদায়ে ২০০৮ সালে আওয়ামী লীগ দলটি জনগণের বিপুল সমর্থন লাভ করেছিল। তাদের নেতৃত্বে জনসাধারণ যে আন্দোলনে অংশ নিয়েছিলেন, লগি-বৈঠা নিয়ে যে মিছিল সমাবেশ করেছেন, তা ছিল অনেকখানি ঊনসত্তরের গণ-আন্দোলনের তীব্রতার সঙ্গে তুলনীয়। সেই আন্দোলনের সুবিধাভোগী আওয়ামী লীগই এখন জনগণের দাবি আদায়ের সাফল্যকে অস্বীকার করছে, সেদিনের আন্দোলনকারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ‘তত্ত্বাবধায়ক ব্যবস্থা’ বাতিল করেছে—এমন ধারণা যদি কেউ পোষণ করে থাকেন, তবে তাকে কি একেবারে মিথ্যা বলা যাবে?বাতিলের চমৎকার পদ্ধতিও আমজনতাকে বিস্মিত করেছে। জনগণের প্রতিনিধিরা জানতেন, যাঁরা সেদিনের আন্দোলন সফল করেছিলেন, তাঁরা তাঁদের সঙ্গে নেই। ক্ষমতাসীনেরা নাক ঘুরিয়ে মুখে খাওয়ার মতো আগেই উচ্চতম আদালতকে সংশ্লিষ্ট করে একটি ধোঁয়াশা সৃষ্টি করেছেন। এখানেই অনেকের মনে খটকা লেগেছে, আদালত সংশ্লিষ্ট হলেন কেন? ট্রিগারটি সরকার প্রথমে আদালতের কাঁধে চাপাল, তারপর সংসদের বন্দুক দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে হত্যা করল।বিচারপতি খায়রুল হকের প্রতি আমার অসীম শ্রদ্ধা রয়েছে। যখন তাঁকে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করা হয়েছিল, তখন আমি তাঁকে স্বাধীনচেতা ও প্রভাবমুক্ত বিচারক বলে পাশে দাঁড়িয়েছিলাম। তাঁর জৌলুসহীন ধানমন্ডির বাড়িতে আমাকে আমন্ত্রণ জানিয়ে এ নিয়ে বিশদ আলোচনাও করেছিলেন। তাঁর সহজ-সরল অনাড়ম্বর জীবনযাপন আমাকে মুগ্ধ করেছিল। আমি প্রথম আলোয় লিখেছিলাম, এ দেশে প্রভাবমুক্ত স্বাধীন বিচারব্যবস্থা তিনিই কায়েম করতে পারবেন। তাই তাঁর তত্ত্বাবধায়ক সরকারবিষয়ক জটিল রায়টিতে প্রথমোক্ত ধারণার বৈপরীত্য আমাকে ব্যথিত করেছে। কারণ, তিনি যা-ই মনে করুন, তাঁর ত্রয়োদশ সংশোধনী বাতিল ও পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে এর নেপথ্য প্রভাবের ছায়া আজকে সর্বমহলে সমালোচিত হচ্ছে। তিনি ব্যক্তিগতভাবে নিন্দিত হচ্ছেন। এ জন্য আমি দুঃখবোধ করছি।আগেই বলেছি যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে জনগণ বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন, আন্দোলনে সফল হয়ে তাঁরা সেই ব্যবস্থার মাধ্যমেই আওয়ামী লীগকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন। আগামী নির্বাচনেও তাঁরা আওয়ামী লীগ প্রদর্শিত পথে নির্বিঘ্নে পছন্দমতো দলীয় মনোনয়নপ্রাপ্ত অথবা স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচিত করতে চান। এই বক্তব্যটি আমার একার নয়, অবাধ ও স্বাধীন পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ভরাডুবি হওয়া বিএনপিরও একার নয়। বিচারপতি খায়রুল হক এই সত্যটি অনুধাবন করতে পারেননি। আমার বক্তব্যের বিপরীতে তিনি যদি আমাদের অন্ধ আইনের বিধানের ও সাংবিধানিক বিচার-বিবেচনার যুক্তি দিতে চান, তা হলে তাঁকে বলব, একজন ব্রিটিশ বিচারক বলেছিলেন, ‘জাস্টিস মে বি ব্লাইন্ড বাট জাজেস আর নট’, অন্ধ আইনের দোহাই দেওয়া বিচারক তো অন্ধ হতে পারেন না।সবশেষে যে মন্তব্যটি করতে চাই তা হলো, বিচারক খায়রুল হক ও অপর তিন বিচারকের তত্ত্বাবধায়ক বাতিলের ওলট-পালট রায় নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা আমরা বুঝতে চাই না। তবে তাঁদের রায়ের দোহাই ও নিজস্ব ব্যাখ্যা দিয়ে ক্ষমতাসীন দল নিজেদের তত্ত্বাবধানে নির্বাচন করার পদক্ষেপ নিলে দেশে অরাজকতা, সংঘর্ষ, সংঘাত ও গৃহযুদ্ধের সূচনা হবে। এমনটি হলে এর দায়ভার শুধু বর্তমান সরকারকে নয়, বরং অবোধ্য, অপ্রিয় ও বিতর্কিত রায়টির কারণে দেশে অবাঞ্ছিত পরিস্থিতির উদ্ভব হলে, তার দায়ভার বিচারকদেরও নিতে হবে। এবিএম মূসা: সাংবাদিক ও কলাম লেখক।