বছরের পর বছর নোনাপানি তুলে চিংড়ি চাষ করায় খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ও লতা ইউনিয়নে ১২টি গ্রাম লবণাক্ততার শিকার হয়েছে। সেখানে সবুজের অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে। খাওয়ার পানির ভয়াবহ সংকটে আছে সেখানকার মানুষ। ঘাস বা লতাজাতীয় গাছ না থাকায় দেখা দিয়েছে গবাদিপশুর খাদ্যসংকটও। লবণাক্ততার কারণে পরিবেশের এ বিপর্যয়ের ফলে জীবিকাও হারিয়েছেন অনেকে। ফলে সাধারণ মানুষের মধ্যে ঘেরমালিকদের বিরুদ্ধে অসন্তোষ সেখানে দানা বেঁধেছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, পানি উন্নয়ন বোর্ডের ২০ নম্বর পোল্ডার লতা ও দেলুটি ইউনিয়নের ১২টি গ্রাম নিয়ে গঠিত। সেখানে জমির পরিমাণ প্রায় ১৬ হাজার বিঘা, মানুষ বাস করে ১০ হাজারের মতো। বেশির ভাগ জমিতে চিংড়িঘের করা হয়েছে, যেগুলোর মালিকানা গুটিকয় প্রভাবশালীর হাতে। এসব জমির মালিকেরা এলাকায় থাকেন না। জমিগুলো চিংড়িচাষিদের কাছে ইজারা দিয়ে টাকা পান তাঁরা।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে অবৈধভাবে পাইপ ও জলকপাট (স্লুইসগেট) বসিয়ে নদী থেকে জমিতে তোলা হয় নোনাপানি। ওই পাইপের কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। বর্ষা মৌসুমে বা প্রাকৃতিক দুর্যোগে সামান্য পানি বাড়লেই ভেঙে যায় বাঁধ। এ ছাড়া লবণাক্ততার প্রভাবে মাটির সড়কগুলোও সহজে ভেঙে যাচ্ছে।
নোনাপানি তুলে চিংড়ি চাষ থেকে মুক্তি পেতে সম্প্রতি দুই ইউনিয়নের মানুষ জোট বেঁধেছেন। সভা, সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তাঁরা। দুই ইউনিয়ন পরিষদের মাসিক সমন্বয় বৈঠকেও চিংড়িঘের বন্ধ করতে মত দিয়েছেন জনপ্রতিনিধিরাও। ঘের বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করা হয়েছে। অন্যদিকে ঘেরমালিকদের যুক্তি হচ্ছে, অল্প কিছু মানুষ, যাঁদের জমি নেই, তাঁরাই ঘেরের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায় উপকূলীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে পরের বছর সেখানকার পাঁচ জেলায় অপরিকল্পিতভাবে চিংড়ি চাষ বন্ধ করতে উচ্চ আদালতে রিট আবেদন করেছিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কৃষিজমিতে অপরিকল্পিতভাবে চিংড়ি চাষ বন্ধ করতে চূড়ান্ত রায় দেন। কিন্তু ঘেরের মালিকানা বেশির ভাগ ক্ষেত্রে প্রভাবশালীদের হাতে থাকায় অপরিকল্পিতভাবে চিংড়ি চাষ বন্ধ হয়নি।
পাইকগাছার ১২টি গ্রামে লবণাক্ততা নিয়ে স্থানীয় সংখ্যাগরিষ্ঠ বাসিন্দা ও ঘেরমালিকদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা নিরসনে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে উপকূলীয় পাঁচ জেলার জীবন ও প্রকৃতি রক্ষায় উচ্চ আদালত যে রায় দিয়েছেন, তা বাস্তবায়নে প্রশাসনকে মনোযোগী হতে হবে।