আদিবাসীদের অধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আদিবাসী নৃগোষ্ঠীগুলোর ওপর সহিংস আক্রমণসহ সার্বিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে চলেছে, কিন্তু এসব অপরাধ প্রতিকারের রাষ্ট্রীয় তৎপরতা তেমন লক্ষণীয় নয়। এটা যারপরনাই হতাশাব্যঞ্জক। কারণ ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ ও নৃতাত্ত্বিক পরিচয়-নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকের মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে এ দেশের সংবিধানে।কাপেং ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা গত সোমবার ‘বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার রিপোর্ট-২০১২’ শীর্ষক একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০১১ সালের তুলনায় ২০১২ সালে সারা দেশে পাহাড় ও সমতলের আদিবাসী জনগোষ্ঠীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়ে গেছে। গত বছর সাতজন নারীসহ মোট ১৬ জন আদিবাসী হত্যার শিকার হয়েছেন। নির্যাতনের শিকার হয়েছেন ১৫০ জন, গ্রেপ্তার করা হয়েছে ২৩ জনকে। আদিবাসীদের প্রায় ৩০০ ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে, তাদের ওপর সাম্প্রদায়িক হামলা হয়েছে নয়টি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এতগুলো অপরাধ সংঘটনের পরও, শুধু একটি ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া, কোনো অপরাধীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেনি। গত বছরের সেপ্টেম্বর মাসের শেষে রামুসহ পার্বত্য তিনটি জেলায় বৌদ্ধ সম্প্রদায়ের উপাসনালয় ও ঘরবাড়ির ওপর হামলার ঘটনায় কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা যায়, সেটাও করা হয়েছে জনমত ও সংবাদমাধ্যমের প্রচণ্ড চাপের কারণে।বিশেষভাবে লক্ষণীয় একটি বিষয়, আদিবাসীদের ওপর আক্রমণসহ অন্যান্য অপরাধের সঙ্গে ভূমিসংক্রান্ত বিরোধ জড়িত। দেশের অন্যান্য অঞ্চলেও ভূমিসংক্রান্ত বিরোধের জের ধরে হত্যাসহ নানা ধরনের অপরাধ ঘটে, কিন্তু আদিবাসীদের ক্ষেত্রে বিষয়টি বেশি নাজুক। তাই তাদের প্রয়োজন বিশেষ সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের বিশেষ মনোযোগ। কিন্তু আমরা দেখতে পাই উল্টো চিত্র; আদিবাসী বলেই তারা বেশি অরক্ষিত, আদিবাসী বলেই তাদের ওপর আক্রমণের মাত্রা তুলনামূলকভাবে বেশি আর রাষ্ট্রীয় সুরক্ষা কম। এই অবস্থা আসলেই অত্যন্ত দুঃখজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য।আদিবাসীদের ভূমিসংক্রান্ত অধিকার সুরক্ষার ব্যবস্থা রয়েছে পার্বত্য শান্তিচুক্তিতে, রয়েছে আরও অনেক অধিকার সুরক্ষার ব্যবস্থা। তাই আদিবাসীরা এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন চায়। সরকার বছরের পর বছর তাদের আশ্বাসবাণী শুনিয়ে আসছে। এখন আদিবাসীরা হতাশার সঙ্গে বলে, আর কতকাল আশ্বাসবাণী শুনতে হবে? আমরা মনে করি, সরকারের উচিত পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন করার পাশাপাশি তাদের নিরাপত্তাসহ সার্বিক মানবাধিকরা রক্ষায় বিশেষভাবে তৎপর হওয়া।