মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানের বিরুদ্ধে অভিযোগ যত গুরুতরই হোক না কেন, তাঁকে যেভাবে রাতের অন্ধকারে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়েছে, আমরা তার নিন্দা করি। এতে আইন প্রতিপালনে সরকারের সদিচ্ছা নয়, বরং মানবাধিকার সংগঠনের প্রতি বৈরী মনোভাবই প্রকাশিত হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদেরই প্রধানত রিমান্ডে নেওয়া হয় তাদের সহযোগীদের পাকড়াও করতে বা তাদের সম্পর্কে তথ্য বের করার উদ্দেশ্যে। কিন্তু আদিলুর রহমান কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন—সেই দাবি রাষ্ট্রপক্ষও করেনি। তিনি একজন আইনজীবী ও মানবাধিকারকর্মী।নিম্ন আদালতে আদিলুর রহমান খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের পরিপ্রেক্ষিতে গতকাল হাইকোর্ট তা স্থগিত করে তাঁকে অবিলম্বে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমরা উচ্চ আদালতের এই ব্যতিক্রমী রায়কে স্বাগত জানাই। এতে নাগরিক অধিকার সুরক্ষার পথ প্রশস্ত হলো। কেননা, নিম্ন আদালত উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী জিজ্ঞাসাবাদ করার কথা বললেও তদন্তকারী কর্মকর্তারা তা কখনোই মানেন না। নাগরিকের অধিকার রক্ষায় মানবাধিকার সংস্থাগুলোকে তখনই সোচ্চার হতে হয়, যখন রাষ্ট্র নিজে এ ব্যাপারে অসচেতন থাকে কিংবা নাগরিকের প্রতি তার ন্যূনতম দায়িত্ব পালনে ব্যর্থ হয়। আদিলুর রহমান খানের বিরুদ্ধে সরকারের অভিযোগ, গত ৫ মে রাতে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনার ওপর তাঁর প্রতিষ্ঠান ‘অধিকার’ একটি অসত্য প্রতিবেদন তৈরি করেছে, যাতে কাল্পনিকভাবে ৬১ জন মারা যাওয়ার কথা বলা হয়েছে। এই অভিযোগের ব্যাপারে আইনি প্রতিকার চাওয়ার অর্থ এই নয় যে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ এনে দণ্ডবিধির ৫৪ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ধরে রিমান্ডে নিয়ে যেতে হবে।প্রতিবেদনে উল্লিখিত ৬১ জনের নাম-ঠিকানা চেয়ে সরকার ‘অধিকার’কে যে চিঠি দিয়েছিল, তার জবাবে সংস্থাটি বলেছে, বাংলাদেশে যেহেতু ক্ষতিগ্রস্ত বা সাক্ষীর সুরক্ষা আইন নেই, সেহেতু তারা সরকারের কাছে এই তালিকা দিতে অপারগ। তবে এ ব্যাপারে স্বাধীন কমিশন গঠিত হলে তাদের কাছে নাম-ঠিকানা দিতে তাদের আপত্তি নেই। ‘অধিকার’-এর এই অবস্থানের সঙ্গে অনেকে একমত হবেন না। যাঁরা নিহত হয়েছেন, তাঁদের স্বজনদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকা স্বাভাবিক কি না, সেই প্রশ্নও উঠতে পারে। তবে ‘অধিকার’-এর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য হলেও একজন মানবাধিকারকর্মীকে এভাবে বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা যায় না।সরকার ‘অধিকার’-এর বিরুদ্ধে দেশের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ এনেছে। কিন্তু সরকারের দাবি অনুযায়ী সংস্থাটির প্রতিবেদন যদি ভুল প্রমাণিত হয়, তাহলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে কীভাবে? বরং অসত্য তথ্য দিয়ে থাকলে ‘অধিকার’ নিজেই ক্ষতিগ্রস্ত হবে। ৫ মের ঘটনা সম্পর্কে জনমনে যে বিভ্রান্তি রয়েছে, তা দূর করতে সরকার একটি বিলম্বিত প্রেসনোটের বাইরে কিছু করেনি, কিন্তু একটি মানবাধিকার সংস্থার কর্মকর্তাকে জেলে পাঠাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের উত্সাহের কমতি নেই। এতে সরকারের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে বাধ্য।