ঢাকায় অস্বাস্থ্যকর পরিবেশে জবাই হওয়া পশুর মাংস কতটা নিরাপদ? অধিকাংশ পশুই জবাই হয় অস্বাস্থ্যকর পরিবেশে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) চালু আছে মাত্র দুটি জবাইখানা। নবনির্মিত আধুনিক কেন্দ্রটিও চালু হয়নি। বিষয়টি জনস্বাস্থ্যের দিক থেকে উদ্বেগজনক।
ডিএনসিসি এলাকায় দৈনিক দুই হাজারের বেশি পশু জবাই হচ্ছে। আর এগুলো হচ্ছে মাংস ব্যবসায়ীরা যেখানে যেভাবে পারেন সেভাবে। অর্থাৎ অস্বাস্থ্যকরভাবে। নগরজীবনের সব বিষয়ই নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাস্থ্যকর ব্যবস্থাপনার অধীনে থাকার কথা। অথচ অন্য অনেক ক্ষেত্রের মতো রাজধানীতে এ ব্যাপারেও রয়েছে চরম অব্যবস্থাপনা। লাখো মানুষের স্বাস্থ্যগত ঝুঁকির কথা চিন্তা করে জবাইখানা বৃদ্ধি করা এবং সেগুলোকে বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মতভাবে পরিচালনা করা উচিত। সমস্যাটি শুধু ঢাকা উত্তরের নয়, ঢাকা দক্ষিণের অবস্থাও তথৈবচ।
ইতিমধ্যে দেড় কোটি টাকা ব্যয়ে মহাখালীতে একটি আধুনিক পশু জবাইখানা নির্মিত হয়েছে। এখানে যথাযথ সব ব্যবস্থা থাকা সত্ত্বেও, তিন মাস ধরে বিদ্যুৎ ও পানি সরবরাহের সংযোগ মিলছে না। ডিএনসিসির প্রকৌশল বিভাগ যথাযথভাবে কাজ করলে এমন হওয়ার কথা নয়। ঘটনা এখানেই শেষ নয়। ডিএনসিসির ২০১৫-১৬ অর্থবছরে পশু জবাইখানা নির্মাণের লক্ষ্যে দুই কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। অথচ এর একটি টাকাও ব্যয় হয়নি। নগর কর্তৃপক্ষ কীভাবে চলছে এ ঘটনা থেকেই তা বোঝা যায়।
নগরজীবনকে সুগম ও সাবলীল করায় যেমন ব্যবস্থাপনাগত দক্ষতা প্রয়োজন, তেমনি প্রয়োজন দায়িত্বশীলতা। পাশাপাশি অবকাঠামোগত ঘাটতি মেটানোয় পরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন।
সামনে কোরবানির ঈদ। ওই সময় লাখো পশু কোরবানি হবে। সেগুলো যাতে স্বাস্থ্যসম্মতভাবে হয় এবং তা যাতে নগরদূষণ না ঘটায়, সে লক্ষ্যে এখন থেকেই কাজ শুরু করে দেওয়া প্রয়োজন। সচেতনতার পাশাপাশি অবকাঠামোগত ও ব্যবস্থাপনাগত প্রস্তুতির এখনই সময়।