আনন্দের মুক্তি, কিন্তু মিয়ানমারের মুক্তি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা এক অনন্য মুহূর্ত। আলোড়িত করার মতো ঘটনা: গত ২১ বছরের মধ্যে ১৫ বছরই যিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে, সেই তিনি এখন ৬৫ বছরের এক দুর্বল স্বাস্থ্যের বৃদ্ধা। সেই তিনিই আলোর নিচে হাসিমুখে বেরিয়ে এলেন, দেখা দিলেন তাঁর উল্লসিত সমর্থকদের মধ্যে। চুলে তিনি ফুল জড়িয়েছিলেন। অবশেষে অং সান সু চি মুক্ত হলেন। যারা তাঁর মুক্তির জন্য সংগ্রাম চালিয়েছে, যার মধ্যে অনেক পশ্চিমা দেশের সরকারও ছিল, তাদের জন্য আজ আনন্দ উদ্যাপনের দিন। কিন্তু মিয়ানমারের ইতিহাসে এটা সেই ঐতিহাসিক সন্ধিক্ষণ নয়, এমনকি নয় ‘ম্যান্ডেলা-মুহূর্ত’, যদিও অনেকে একে দক্ষিণ আফ্রিকার জননায়ক ম্যান্ডেলার কারামুক্তির সঙ্গে তুলনা করছেন।নেলসন ম্যান্ডেলা মুক্ত হয়েছিলেন, কারণ যারা তাঁকে বন্দী করেছিল তারা বুঝে গিয়েছিল যে তাদের খেলা শেষ। তাদের শাসন আর চলবে না। কিন্তু মিয়ানমারের সেনাশাসকদের অবস্থা বরং তার উল্টো। তাঁরা এখন তাঁদের শাসন দীর্ঘায়িত করার ব্যাপারে আরও বদ্ধপরিকর। তাঁরা একটি দল বানিয়েছিলেন নির্বাচনে জেতার জন্য। সেই নির্বাচনকে এমনভাবে তাঁরা সাজিয়েছেন, যাতে তাঁদের দলই বিজয়ী হয় এবং সেটাই হয়েছে। সেনাবাহিনীর এক জেনারেল এখন কোট-টাই পরা প্রধানমন্ত্রী সেজে বসেছেন। তাঁদের এই সাফল্য অর্জনের আত্মবিশ্বাসই সু চিকে মুক্তি দেওয়ার পেছনের কারণ।তার পরও এখনো সু চি আশার প্রতীক, শক্তি ও সাহসের প্রতীক। তিনি এমন এক নোবেলজয়ী, যাঁর সুনামে কখনো কোনো দাগ পড়েনি। কিন্তু জেনারেলরা ভাবছেন অন্য কথা। তাঁরা তাঁকে দেখছেন এমন এক অতীতের প্রতীক হিসেবে, যাঁকে বর্তমানের মিয়ানমারের আধুনিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে চলতে কষ্ট করতে হবে। তাঁর নিজের দল নির্বাচনে অংশ নেয়নি এবং দ্বিধাবিভক্ত হয়ে গেছে। তাঁর কৌশলগত পদক্ষেপের সুযোগও সীমিত এবং সেই কাজ বিপজ্জনকও বটে। এ ছাড়া তিনি এর আগেও দুবার অন্তরীণ হয়েছিলেন। যদি দেখা যায় যে তিনি সমস্যা করছেন, তাহলে আবার তাঁকে যোগ দিতে হবে তাঁর সঙ্গী দুই হাজার রাজনৈতিক বন্দীর কাতারে।সু চির সামনে এবং যে আন্দোলনের নেতৃত্বে তিনি, উভয়ের সামনেই এখন অনেক বাধা। নিপীড়নের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামে যাঁদের সমর্থন তিনি পেয়েছেন, এবার তারও পরীক্ষা হবে। জেনারেলরা যে খেলাটি খেলেছেন, তা অনেক চতুর ও কৌশলী। তাঁরা সু চিকে মুক্তি দিয়েছেন সারা মিয়ানমারের ওপর নিয়ন্ত্রণ পাকাপোক্ত করার আয়োজন আড়াল করার উদ্দেশ্যে। মুক্ত সু চিকে দেখিয়ে তাঁরা নিজেদের নমনীয়তা দেখানোর চাল চাললেন। এ রকম এক কূটকৌশলের জন্য সু চিকে মুক্তি দেওয়ার জন্য কোনো অভিনন্দন তাঁরা পেতে পারেন না।যে মুহূর্তে সু চি মুক্ত হয়েছেন, সেই মুহূর্তেই তাঁর সামনে হাজির হয়েছে নতুন এক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ তাঁকে মোকাবিলা করতে হবে প্রকাশ্যে, বন্দিত্বের মধ্যে নয় আর। সু চির বিদেশি বন্ধুদের সামনেও হাজির হয়েছে সেই একই চ্যালেঞ্জ। সু চির প্রতি সংহতি তাঁর মুক্তির আনন্দ স্তিমিত হওয়ার সঙ্গে সঙ্গে কমে গেলে চলবে না। নতুন বাস্তবতায় কীভাবে তাঁরা তাঁদের লক্ষ্যে পৌঁছাবেন, সেটাই এখন দেখার বিষয়। ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকার গত রোববারের সম্পাদকীয়, ইংরেজি থেকে অনূদিত।