আনসারুল্লাহর হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংস রাজনৈতিক পরিবেশে দেশে উগ্র ধর্মীয় বা জঙ্গি সংগঠনের কালো থাবা বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও গবেষণাধর্মী প্রতিষ্ঠানের তরফেও রাজনৈতিক অস্থিরতার সুযোগে জঙ্গিদের শক্তি বৃদ্ধির ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে। এই প্রেক্ষাপটে জঙ্গি দমনে যুক্ত শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা আল-কায়েদার আদলে আনসারুল্লাহ নামের একটি জঙ্গি সংগঠনের সক্রিয় হওয়ার বিষয়ে যখন নির্দিষ্ট ধারণা দেন, তখন উদ্বিগ্ন না হয়ে পারা যায় না।
ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আলোচিত আনসারুল্লাহ গত দুই বছরে অন্তত ছয়টি হামলায় জড়িত বলেও সন্দেহ করা হচ্ছে। এর মধ্যে তিনটি ঘটনায় তাদের জড়িত থাকার প্রমাণও মিলেছে। ক্ষেত্রবিশেষে গোয়েন্দাদের অনুসন্ধান সুফল আনলেও সার্বিক পরিস্থিতি উদ্বেগজনকই বলতে হবে। তাদের কার্যক্রম জনগণ ও জাতীয় নিরাপত্তার জন্য নির্ভরযোগ্য রক্ষাকবচ হবে তখনই, যখন জঙ্গিবাদীদের তৎপরতা পুরোপুরি রহিত হয়ে যাবে। বলার অপেক্ষা রাখে না যে, পুলিশের চোখের সামনেই অভিজিতের খুন হওয়া এবং হত্যাকারীদের উধাও হয়ে যাওয়ার ঘটনায় জনজীবনে নিরাপত্তাহীনতার বোধ আরও বেড়েছে।
আল–কায়েদার আদলে সক্রিয় আনসারুল্লাহআনসারুল্লাহর মতো জঙ্গি সংগঠনের তৎপরতা রোধে সরকারকে একাধিক কৌশল নিয়ে সমন্বিতভাবে অগ্রসর হতে হবে। গোয়েন্দা তৎপরতা ও জঙ্গিবাদীদের বিরুদ্ধে বিচার কার্যক্রমকে গতিশীল রাখতে পারলে সুফল পাওয়া সম্ভব। তবে সে জন্য সামাজিক প্রতিরোধ ও রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলা জরুরি। কেননা, জঙ্গিবাদের উত্থান রোধে কেবল প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়। জঙ্গিদের অর্থ-অস্ত্রের উৎস বন্ধ করতেও চাই কার্যকর পদক্ষেপ। এর পাশাপাশি জাতীয় পর্যায়ে রাজনৈতিক অচলাবস্থারও অবসান হওয়া প্রয়োজন। কেননা, এ ধরনের অস্থির ও নাশকতাপূর্ণ পরিবেশে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষে স্বাভাবিক নজরদারি করা কঠিন হয়ে পড়ে।
বলা বাহুল্য, দেশে জঙ্গি দমনে আইন থাকলেও তার সুষ্ঠু প্রয়োগ নেই। এসব বিষয় নিয়ে সংসদীয় কমিটিগুলোর মতো যেসব প্রতিষ্ঠানের বিশেষভাবে সজাগ থাকার কথা, সেখানেও ঘাটতি আছে বলে প্রতীয়মান হয়।