মিয়ানমারের রাখাইন রাজ্যবিষয়ক আন্তর্জাতিক পরামর্শ কমিশন তাদের অন্তর্বর্তী প্রতিবেদনে যে সুপারিশগুলো করেছে তা রোহিঙ্গা সমস্যাসহ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে পারে। গত বৃহস্পতিবার প্রকাশিত এই অন্তর্বর্তী প্রতিবেদনে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। এটা কার্যকর করতে দুই দেশের মধ্যে একটি যৌথ কমিশন ও আন্তর্জাতিক আইন মেনে তা বাস্তবায়নের যে পরামর্শ রয়েছে, তা খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে গঠিত ও আনান কমিশন নামে পরিচিত এই কমিশনের সুপারিশকে আমরা স্বাগত জানাই।
আমরা জানি যে মিয়ানমার সরকারের উদ্যোগেই এই আন্তর্জাতিক কমিশন গঠিত হয়েছে এবং এর লক্ষ্য হচ্ছে সামগ্রিকভাবে রাখাইন রাজ্যের সমস্যাগুলোকে চিহ্নিত করা। রাখাইন রাজ্যের অন্যতম সমস্যা হচ্ছে সেখানকার জাতিগত বিভক্তি ও এ নিয়ে সংঘাত, সহিংসতা এবং সরকারের বৈষম্যমূলক নাগরিকত্ব নীতি। এসব কারণেই বিভিন্ন সময়ে অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গা জনগোষ্ঠী বাস্তুচ্যুত ও নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
আনান কমিশন এসব বিষয়ে বিবেচনায় নিয়ে রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাসহ সব জনগোষ্ঠীর নাগরিকত্ব নিশ্চিত করতে পরিচয় যাচাইয়ে একটি সমন্বিত ও স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বনের সুপারিশ করেছে। বর্তমান প্রক্রিয়া সেখানকার সংখ্যালঘু রোহিঙ্গা ও রাখাইন সম্প্রদায়ের জন্য বৈষম্যমূলক হিসেবে বিবেচিত। রাখাইন রাজ্যের এই সমস্যার চাপ বাংলাদেশকে নিতে হয় বলে সেখানকার নাগরিকত্ব-সংক্রান্ত সমস্যা বাংলাদেশের জন্যও উদ্বেগের বিষয়। বাংলাদেশে দীর্ঘদিন ধরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া ও প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে কমিশন গঠনের সুপারিশকে আমরা স্বাগত জানাই। শুধু রোহিঙ্গা প্রত্যাবাসন নয়, মানব ও মাদক পাচার, অবৈধ বাণিজ্য ও অভিবাসন বন্ধ এবং আন্তসীমান্ত সন্ত্রাস বন্ধেও এ ধরনের কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
রাখাইন রাজ্যের সহিংসতা ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের বিচারের আওতায় আনতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের যে প্রস্তাব আনান কমিশন করেছে, আমরা তার সঙ্গে একমত। ইউরোপীয় পার্লামেন্টসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফেও রাখাইন রাজ্যে ঘটে যাওয়া সহিংসতার তদন্ত দাবি করা হয়েছে।
আনান কমিশনের তরফে যেসব সুপারিশ করা হয়েছে, তা বাস্তবায়ন করাই আসল কথা। বাংলাদেশ সরকারকে এখন এ ব্যাপারে কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক পর্যায়ে তৎপরতা জোরদার করতে হবে। তবে আমরা আশা করব, মিয়ানমার
সরকারের উদ্যোগে গঠিত কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমার নিজ থেকেই এগিয়ে আসবে।