২৭ জানুয়ারি ভারতের সুপ্রিম কোর্ট বিতর্কিত নদীসংযোগ প্রকল্প চালিয়ে যাওয়ার ছাড়পত্রের কারণ হিসেবে কিছু সুফলের উল্লেখ করেছেন। যেমন: বন্যা নিয়ন্ত্রণ হবে, খরা কমে যাবে ইত্যাদি। বিভিন্ন নদীর অববাহিকা থেকে দূরদূরান্তে পানি চালান করার এই পরিকল্পনা অনেকের সমাদরও পেয়েছে। যে দেশ বন্যা ও খরায় ভুগে থাকে, সে দেশে বাড়তি এলাকা থেকে ঘাটতি এলাকায় এভাবে পানি চালান করা আকর্ষণীয় ঘটনা। কিন্তু বিষয়টা নিয়ে গভীরভাবে খতিয়ে দেখা ও বিতর্ক করা প্রয়োজন। যেমন: বিরাট আকারে পানি চালান করা যেখানে খরুচে ব্যাপার, সেখানে আরও সস্তা ও বিকল্প উপায় কি থাকতে পারে না? আন্ত-অববাহিকা পানি চালানের পরিকল্পনার ভিত্তি হলো এই ধারণা যে আসলেই কিছু এলাকা বন্যাপ্রবণ আর কিছু এলাকা ঘাটতিপ্রবণ। তাই বাড়তি এলাকার পানি তো ঘাটতি এলাকায় পাঠানো যেতেই পারে এবং সেই পানি সহজলভ্যও বটে। কিন্তু তথাকথিত বাড়তি এলাকার মানুষ নীতিগতভাবে মানতে রাজি নয় যে অন্য এলাকায় চালান করার মতো বাড়তি পানি তাদের আছে। যে সময়ে পানি ভাগাভাগি নিয়ে রাজ্যে রাজ্যে উত্তেজনা বিরাজমান, সে রকম সময়ে এ ধরনের প্রকল্প পরিস্থিতিকে আরও তাতিয়ে তুলবে। এই অবস্থা পরিহার করা তাই জরুরি।জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপট‘বাড়তি ও ‘ঘাটতি’ বলে কিছু এলাকাকে পরিষ্কারভাবে দাগিয়ে দেওয়া এই সময়ে সমস্যাজনক। কেননা, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগময় আবহাওয়া ঘন ঘন দেখা দিচ্ছে। কিছু দিন আগেই আমরা দেখলাম, শুকনা ও ঘাটতি এলাকা বলে পরিচিত পশ্চিম ভারত (রাজস্থানসহ) বাড়তি বৃষ্টিতে বন্যার মুখে পড়ল, অন্যদিকে ভারতের বন্যাপ্রবণ পূর্বাঞ্চলে (আসামসহ) প্রায় খরা পরিস্থিতির সৃষ্টি হলো। যদি এরই মধ্যে পূর্ব থেকে পশ্চিম মুখে বাড়তি পানি চালানের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে অবকাঠামো বানানো হয়ে গেলে এ রকম গোলমেলে আবহাওয়ায় কী কঠিন পরিস্থিতিই না সৃষ্টি হতো!সুতরাং, নদীসংযোগ প্রকল্পে সমস্যাহীনভাবে পানি চালাচালি করার মৌলিক পূর্বশর্ত হিসেবে যে ‘ঘাটতি’ ও ‘বাড়তি’ এলাকার কথা বলা হচ্ছে, তেমন কোনো অঞ্চল আদতে অস্তিত্বহীন। এই আন্ত-অববাহিকা পানি প্রত্যাহার প্রতিবেশী দেশগুলোকেও জড়িয়ে ফেলবে যখন, যখন তারাও হবে ক্ষতির শিকার, তখন এই উত্তেজনা আরও চরম হবে। এটা এমন এক বাস্তবতা, যা এড়ানোর কোনো উপায় থাকবে না। কেননা, এই নদীসংযোগ প্রকল্প যখন জাতীয় পর্যায়ে সেসব নদীকে সংযুক্ত করবে, বর্তমানে ভৌগোলিকভাবে যেগুলো আন্তর্জাতিক নদী এবং তারা অন্যান্য দেশের মধ্য দিয়েও প্রবাহিত হয়েছে। এই বিরাটাকায় নদীসংযোগ প্রকল্প যেই কাগুজে ব্যাপার থেকে বাস্তবে রূপ পাবে, অমনি আমরা ঢুকে পড়ব নদীবাহিত বিপুল পলিপুঞ্জ, ভূমিধসানো মাটি, পাহাড়, উপত্যকা, ভূকম্পমান এলাকা, গিরিসংকট, দরি ও বাঁক নিয়ে সমস্যার গর্তে, যা এমন বিপুল পরিমাণ পানি চালানের প্রকল্পকে করে তুলবে কঠিন, বিপুল খরচবহুল, জ্বালানিঘন এবং বিপর্যয়কর। নদীগুলো যদি প্রকৃতির হাতে না হয়ে প্রকৌশলীদের হাতে তৈরি হতো, তাহলে হয়তো সেগুলো আমাদের প্রয়োজন মেটানোর পথ দিয়েই বয়ে যেত। কিন্তু নদীগুলো সাধারণত প্রকৌশলীদের ইচ্ছা বা হুকুমের পরোয়া করে না। এমনকি প্রতাপশালী আধুনিক প্রযুক্তির জোরাজুরির প্রতিক্রিয়ায় অনেক সময় তারা ধ্বংসাত্মক পথে তার শোধ নিয়েছে—ইচ্ছামতো ভাঙন চালিয়ে এবং বন্যা বাঁধিয়ে দিয়ে।কী আশ্চর্য, একটা নদীকে আরেকটা নদীর সঙ্গে জুড়ে দিলে আলাদা আলাদা নদীব্যবস্থার মধ্যে বিকশিত হওয়া প্রাণবৈচিত্র্যের ওপর কী প্রভাব পড়বে, তা নিয়ে ভাবার কোনো ইচ্ছাও যেন কারও নেই। কিন্তু এই দানবীয় প্রকল্পের গ্রাসে পড়ে সংখ্যাগরিষ্ঠ যেসব মানুষ বাঁধ ও উচ্ছেদের কারণে সমস্যায় পড়েছে, নিশ্চিত ও অনিবার্যভাবে তারা একে মোকাবিলায় নামবে।এসব কারণেই এই প্রশ্ন সামনে চলে এসেছে যে বন্যা ও খরার ক্ষতিকারিতা কমানোয় আরও নিরাপদ, কম ব্যাঘাত সৃষ্টিকারী ও সস্তা উপায় আমাদের আছে কি না? সাক্ষ্যপ্রমাণ বলছে যে রাজস্থানের মরু এলাকার গ্রামগুলোর মতো যেসব এলাকায় বৃষ্টিপাত খুবই কম, সেখানকার মানুষ স্থানীয়ভাবে পানি সংগ্রহ ও মজুদের অনেকগুলো পদ্ধতি উদ্ভাবন করেছে। যত্নের সঙ্গে এগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া গেলে তাতেই তারা বড় মাত্রায় পানিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। এটা ঠিক, আধুনিক সময়ে এসব স্বনির্ভরশীল পদ্ধতির ওপর এমন চাপ আসছে যে অনেক ক্ষেত্রে সেগুলো ভেঙে পড়ছে বা অকুলান হচ্ছে। তা সত্ত্বেও এটা তো বলাই যায়, চিরাচরিত পানি সংগ্রহ/সংরক্ষণব্যবস্থার সঙ্গে অন্যান্য খরানিরোধক প্রাযুক্তিক পদ্ধতির সমন্বয়ই এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর হতে পারে। খরাপ্রবণ এলাকার জন্য এগুলোই এখন পর্যন্ত সহজলভ্য ও সস্তা উপায়।বন্যাপ্রবণ এলাকার বেলায় স্থানীয় জনগোষ্ঠীর বন্যার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতাকে খাটো করে দেখলে চলবে না আমাদের। সেখানকার মানুষ শৈশবকাল থেকেই নদীর উপচানো স্বভাব মোকাবিলা করতে শিখেছে। নির্বোধ ‘উন্নয়ন’ কর্মকাণ্ডের অংশ হিসেবে একের পর এক বাস্তবায়ন করা নিষ্কাশন অবকাঠামোর জন্য তাদের এই সক্ষমতা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের জন্যই কখনো কখনো বন্যা আরও মারাত্মক হয়ে ওঠে, সৃষ্টি করে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা (যশোরের কপোতাক্ষ নদের স্থায়ী জলাবদ্ধতা বাংলাদেশে এর মানানসই উদাহরণ— অনুবাদক)। অতএব, মানুষের দরকার একটি ভালো পানিনিষ্কাশন পরিকল্পনা, যাতে পানি সাততাড়াতাড়ি নেমে যেতে পারে। এর সঙ্গে লাগবে বন্যাপ্রবণ এলাকার মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার জন্য মানানসই সহায়তা। সব রকম জলাধার, খাত বদলানো স্থাপনা ও বাঁধ মিলিয়ে যা করতে পারে, তার চেয়ে এগুলোই বেশি কার্যকর ও সস্তা। সুতরাং, এখন জরুরি হলো বন্যাপ্রবণ ও খরাপ্রবণ এলাকার মানুষজনের আসলেই কী প্রয়োজন তা তাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই ঠিক করা। তারা কি বিপুল পরিমাণ পানি স্থানান্তরের জন্য ওই সব জলাধার, বাঁধ ও খাত বদলানো স্থাপনার খাতিরে উচ্ছেদ হতে চায়, নাকি তারা চায় প্রমাণিত, আস্থাভাজন, ছোটমাত্রার স্থানীয় সমাধানের জন্য আরও বেশি তহবিল? ভারতের দ্য হিন্দু থেকে অনুবাদ ফারুক ওয়াসিফভারত ডোগরা: ভারতীয় সাংবাদিক।