আন্তর্জাতিক নারী দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৮ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস। আমরা আমাদের দেশের ও বিশ্বের নারীসমাজকে এই দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একটি সুন্দর, শান্তিময়, সমৃদ্ধ ও গণতান্ত্রিক পৃথিবী গড়ার কাজে পুরুষের সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান হোক।আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপনের ১০০ বছর ইতিমধ্যে পেরিয়ে গেছে। ১৯০৯ থেকে ১৯১১ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি ও সুইজারল্যান্ডে সূচিত এই দিবস পরে সোভিয়েত ইউনিয়ন, চীনসহ পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদ্যাপিত হয়। জাতিসংঘ দিবসটি উদ্যাপন শুরু করে ১৯৭৫ সাল থেকে। এখন আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত হয় বিশ্বের প্রায় সব দেশেই।দিবসটি অনেক বছর ধরে বাংলাদেশেও উদ্যাপিত হচ্ছে। এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন চলে, সংবাদমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়। তবে দিবসটি উদ্যাপনের ক্ষেত্রে উন্নত বিশ্ব ও বাংলাদেশের মধ্যে বেশ পার্থক্য আছে। আমাদের দেশে আজও নারীসমাজ সর্বক্ষেত্রে পিছিয়ে রয়েছে। এই পশ্চাৎপদতা অপসারণের লক্ষ্যে রাষ্ট্রীয় নীতিমালা, দেশি ও আন্তর্জাতিক আইনকানুন, বিধিবিধান ইত্যাদি প্রত্যাশিত মাত্রায় পরিবর্তন আনতে পারছে না। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর আইন করার পরও সহিংসতা কমছে না। সাম্প্রতিক বছরগুলোতে নারীর প্রতি সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। ধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, যৌতুকের দাবিতে নির্যাতনসহ নানা রকমের সহিংসতা দমনে রাষ্ট্র ও সমাজের ব্যর্থতা মর্মান্তিক।ব্যক্তিগত নিরাপত্তাহীনতা ও সামাজিক-সাংস্কৃতিক-মনস্তাত্ত্বিক বৈষম্য সত্ত্বেও গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা বেড়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে নারীর অবস্থার উন্নতি হয়েছে এবং হচ্ছে। লিঙ্গসমতা সূচকে বাংলাদেশের নারীদের অবস্থান এখন পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের নারীদের তুলনায় উন্নত হয়েছে। কিন্তু অধিকারের সম্পূর্ণ সমতা আসেনি। চাকরিক্ষেত্রে নারী সমান সুযোগ থেকে বঞ্চিত; নিম্ন আয়ের শ্রমজীবীদের মধ্যে নারী পুরুষের চেয়ে কম মজুরি পান। স্থানীয় সরকার পর্যায়ে নারীর ক্ষমতায়নের চেষ্টা খুব ফলপ্রসূ হচ্ছে না তাঁদের পুরুষ সহকর্মীদের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে। জাতীয় রাজনীতিতেও নারীর সক্রিয় অংশগ্রহণ বাড়েনি, নীতিনির্ধারণ-প্রক্রিয়ায় নারীর গুরুত্বও বাড়ছে না। কিন্তু শিক্ষার সব পর্যায়েই দেখা যাচ্ছে, নারীরা পুরুষের সমান মেধার পরিচয় দিচ্ছেন।এবারের আন্তর্জাতিক নারী দিবসে জাতিসংঘের স্লোগান হলো, দ্য জেন্ডার অ্যাজেন্ডা: গেইনিং মোমেন্টাম। নারী-পুরুষ সমতা অর্জনের লক্ষ্যাভিমুখী কর্মকাণ্ডকে আরও বেগবান করার এই তাগিদ এসেছে এমন উপলব্ধি থেকে যে একটি আধুনিক প্রগতিশীল পৃথিবীর জন্য সমতা প্রয়োজন। আমাদের জাতীয় কবি এ কথা বলেছেন অনেক আগেই: ‘অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নারী-পুরুষ সমতার লক্ষ্য অর্জনের পথে সামাজিক দৃষ্টিভঙ্গির পশ্চাৎপদতা অন্যতম প্রধান প্রতিবন্ধক। শিক্ষাক্ষেত্রে নারীর সাফল্য বাড়ার সঙ্গে সঙ্গে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র ও সমাজের সর্বক্ষেত্রে সার্বিক দৃষ্টিভঙ্গিতে অবশ্যই পরিবর্তন আসবে বলে আমাদের বিশ্বাস।