আন্তর্জাতিক নারী দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আন্তর্জাতিক নারী দিবস। এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য ‘২০৩০ সালের মধ্যে পৃথিবীতে নারী-পুরুষের অনুপাত হবে সমান সমান (৫০: ৫০) এবং সমতা অর্জনে চাই গতি’। নারী দিবস উপলক্ষে আজ সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু যাঁদের জন্য এসব আয়োজন, সেই নারীদের সবাই কি তাঁদের মৌলিক, সামাজিক ও মানবাধিকার পাচ্ছেন?
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নারীদের অসামান্য অর্জন আছে। পোশাকশিল্পের আজকের এই অবস্থানে আসার পেছনে নারী শ্রমিকদের অবদানই সবচেয়ে বেশি। কৃষিকাজেও নারীর অবদান অনেক। ধান উৎপাদনের ২১টি কাজের মধ্যে ১৭টি কাজই নারী করেন। শিক্ষার ক্ষেত্রেও নারীরা আগের চেয়ে অনেক এগিয়ে। ক্রিকেট ও ফুটবলসহ ক্রীড়াঙ্গনে নারীর সাফল্য উল্লেখ করার মতো। চিকিৎসা, প্রকৌশল, আইন, সাংবাদিকতা প্রভৃতি পেশায় নারীর অংশগ্রহণ বেড়েছে ব্যাপক হারে।
তারপরও দেশে নারী ও পুরুষের সম-অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলা যাবে না। এখনো ঘরে-বাইরে নারী সহিংসতার শিকার হচ্ছেন। শিকার হচ্ছেন ইভ টিজিংয়ের। তাঁরা শিকার হচ্ছেন বাল্যবিবাহের। কিন্তু এই সামাজিক অনাচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। দুঃখজনক হলো, নারীর প্রতি সহিংসতাসহ নারীদের অন্য আর সব সমস্যা দূর করার দায়িত্ব কেবল নারীর নয়। এ ক্ষেত্রে পুরুষদেরও এগিয়ে আসতে হবে। বাংলাদেশে আমরা যদি ২০৩০ সালের মধ্যে নারী-পুরুষের অনুপাত সমান করতে চাই, তাহলে রাষ্ট্র ও সমাজজীবনের প্রতিটি স্তরে তাঁর সমানাধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষায় নারীর অনেক অগ্রগতি সত্ত্বেও তাঁরা এখনো পিছিয়ে। এই বৈষম্য যত দিন থাকবে, তত দিন তাঁদের দুর্ভোগ ঘুচবে না।
নারীর অধিকার রক্ষায় অনেক আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ নেই। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সজাগ ও আন্তরিক হতে হবে। নারীর অধিকার মানবাধিকারেরই অংশ—এটাই হোক এবারের নারী দিবসের অঙ্গীকার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সব নারীকে আমাদের অভিনন্দন।