৮ মার্চ এক শতাব্দী-প্রাচীন সংগ্রামী দিন। এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য ‘পরিবর্তন আনব, দৃঢ় থাকব’। নারীর প্রতি সব রকম বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসানের জন্য সর্বক্ষেত্রে যে পরিবর্তন আনা প্রয়োজন, তা দৃঢ়তা ছাড়া সম্ভব করা আসলেই কঠিন। ওদিকে জাতিসংঘও ২০৩০ সালের মধ্যে কর্মক্ষেত্রে নারী-পুরুষ সমতা অর্জনের লক্ষ্যে এ দিনটি উদ্যাপনের আহ্বান জানিয়েছে। বাংলাদেশসহ সারা বিশ্বের নারীদের আমরা আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আদিতে এটি ছিল আন্তর্জাতিক শ্রমিক নারী দিবস। এর বীজ রোপিত হয়েছিল বিশ শতকের গোড়ার সমাজতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে। ১৯১১ সালে জার্মান কমিউনিস্ট নেত্রী ক্লারা জেটকিন এই দিবস পালনের ডাক দেন। সেই থেকে সোভিয়েত ইউনিয়ন, চীনসহ পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলো দিনটিকে গুরুত্ব দিতে থাকে। বাংলাদেশেও ১৯৭১ সালের মার্চ মাসে পালিত হয় নারী দিবস। পরে ১৯৭৫ সালে জাতিসংঘের আহ্বানের পর থেকে দিবসটি বৈশ্বিক স্বীকৃতি পায়।
স্বাধীনতার পর থেকেই ঘরে-বাইরে, শিক্ষা ও অর্থনীতিতে নারীর অবদান ছাড়া বাংলাদেশে কোনো ক্ষেত্রেই উন্নতি ঘটানো সম্ভব হতো না। কিন্তু নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা এখনো গুরুতর মাত্রায় রয়ে গেছে। ২০১৪ সালে সরকার পরিচালিত নারী নির্যাতন নিয়ে প্রথম জরিপ জানায়, দেশের বিবাহিত নারীদের ৮৭ শতাংশই স্বামীর মাধ্যমে কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। গত বছরের বিবিএসের জরিপ দেখায়, ২২ শতাংশ নারীই কর্মক্ষেত্রে নির্যাতিত হন। নারীর প্রতি সহিংসতাও আগের চেয়ে বেড়েছে। এই চিত্র ব্যাখ্যা করে যে, নারী জীবনে ও কর্মে যতই অধিকার অর্জনে এগিয়ে যাচ্ছেন, বাধাও আসছে তত বেশি।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ৫ নম্বর শর্ত হলো লিঙ্গসমতা। চাকরির ক্ষেত্রে সমান সুযোগ এবং শ্রমজীবী নারীরা পুরুষের সমান মজুরি পান না। স্থানীয় সরকার পর্যায়ে নারীর ক্ষমতায়নের বাধা হচ্ছে তাঁদের পুরুষ সহকর্মীরা। রাজনীতির শীর্ষে নারী নেতৃত্ব থাকলেও রাষ্ট্র ও রাজনীতির নীতিনির্ধারণ প্রক্রিয়ায় নারীর গুরুত্ব কম। অথচ শিক্ষার সকল পর্যায়েই নারীরাই কিন্তু এগিয়ে।
আমাদের অনেকের লালিত সংস্কার ও দৃষ্টিভঙ্গির মধ্যেই রয়ে গেছে নারীকে হেয় করার উপাদান। অথচ সমাজের অর্ধেক, দেশের অর্ধেক, পরিবারের অর্ধেক ও কর্মশক্তির অর্ধেককে আটকে রাখলে তা দেশের উন্নতিকেও আটকে রাখবে। আরও মানবিক হওয়ার অঙ্গীকারই হোক আমাদের প্রত্যাশা।