আন্তর্জাতিক নারী দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে আমরা বাংলাদেশসহ বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এ বছর জাতিসংঘ এই দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘আমি সমতার প্রজন্ম: নারীর অধিকার বাস্তবায়ন’ (আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি: রিয়ালাইজিং উইমেনস রাইটস)। নারী-পুরুষ সমতা ও নারীর অধিকার বাস্তবায়নের ওপর যখন এমন গুরুত্ব আরোপ করা হচ্ছে, তখন বাংলাদেশে নারীর অবস্থা কী?

এই আত্মজিজ্ঞাসার উত্তর খুঁজতে গিয়ে আমরা মুদ্রার উভয় পিঠের দিকেই তাকাতে চাই।

প্রথম পিঠে আমরা দেখি, নারী ও মেয়েশিশুদের স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির অনেক উন্নতি ঘটেছে। প্রসূতি ও মাতৃমৃত্যুর হার কমেছে; কমেছে শিশুমৃত্যুর হার, তাদের প্রায় অর্ধেক মেয়েশিশু। প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে মেয়েশিশুরা ছেলেশিশুদের সমান হার অর্জন করেছে। শিক্ষার পরবর্তী স্তরগুলোতেও মেয়েদের অংশগ্রহণ অনেক বেড়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ডেও নারীর অংশগ্রহণ অনেক বেড়েছে; তা শুধু গ্রামীণ অর্থনীতিতেই নয়, জাতীয় অর্থনীতির শিল্প খাতসহ নানা বিচিত্র খাতে নারীর অংশগ্রহণ বেড়েছে। উদ্যোক্তা খাতেও এখন আমরা অনেক সফল ও সৃজনশীল নারী নেতৃত্বের দেখা পাচ্ছি। এসব অর্জন সম্ভব হয়েছে দীর্ঘ ও অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে।

কিন্তু মুদ্রার অন্য পিঠে দেখি, নারীর প্রতি সমাজের সাধারণ দৃষ্টিভঙ্গি এখনো বৈষম্যমূলক। নারীর নিরাপত্তার প্রশ্নটি আরও জটিল হয়েছে। ধর্ষণ ও যৌন নির্যাতনসহ নানা ধরনের সহিংস অপরাধের ক্ষেত্রে নারীর নাজুকতা হ্রাস পায়নি। গত বছর দেশে নারী ধর্ষণ তার আগের তুলনায় বেড়েছে প্রায় দ্বিগুণ। ৭৩২ জন থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৪১৩ জন। ধর্ষণের অপরাধ আদালতে প্রমাণ করার ক্ষেত্রে আইন পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বাধা হিসেবে কাজ করে। ধর্ষণের শিকার নারীর ব্যক্তিগত চরিত্র সম্পর্কে সন্দেহ পোষণ ও প্রকাশ করার অতি আপত্তিকর প্রবণতা আইনের যথাযথ প্রয়োগে বিঘ্ন ঘটায়। ধর্ষণ, ধর্ষণের পরে খুন ছাড়াও আমাদের নারীদের ওপর নানা ধরনের সহিংসতা চলছে। ৮৭ শতাংশ নারী নিজের ঘরেই নিগ্রহের শিকার; গণপরিবহনে যৌন নিপীড়নের শিকার ৯৪ শতাংশ নারী। তা ছাড়া, পারিবারিক ও উত্তরাধিকার আইনে অধিকার ভোগের ক্ষেত্রে নারী ও পুরুষের বৈষম্য এখনো রয়ে গেছে। নারী উন্নয়ন নীতি ঘোষিত হয়েছে, কিন্তু বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি। বাল্যবিবাহ সারা পৃথিবীতে কমছে, কিন্তু বাংলাদেশে বাড়ছে। ইউনিসেফের হিসাবে বাল্যবিবাহের হার ৫৯ শতাংশ, যদিও সরকারের দাবি ৫২ শতাংশের বেশি নয়।

এসব সত্ত্বেও বাংলাদেশের নারীসমাজ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছে। কিন্তু তাদের অগ্রগতির পথে অনেক গুরুতর প্রতিবন্ধকতা এখনো রয়ে গেছে, সেগুলো আমাদের সংস্কৃতির অত্যন্ত গভীরে প্রোথিত। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও সুশাসনের মাধ্যমে সেসব প্রতিবন্ধকতা দূর করার প্রয়াস প্রয়োজন। সমাজকে সব ধরনের অন্ধত্ব, অনাচার ও কূপমণ্ডূকতা থেকে মুক্ত করতে হবে। নারীর রাজনৈতিক, সামাজিক ও মানবিক অধিকারগুলো বাস্তবায়নের ওপর জোর দিতে হবে। কাগজে-কলমে নাগরিক হিসেবে পুরুষের সমান অধিকার থাকা সত্ত্বেও নারীরা অনেক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে; এটার অবসান ঘটাতে হবে। নারী সহিংস অপরাধের শিকার হলে তার যথাযথ প্রতিকার পাওয়ার আইনি বিধান ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো কার্যকর করতে হবে। নইলে ধর্ষণ ও অন্যান্য সহিংসতার শিকার নারীদের ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না।

নারীর অধিকারগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই নারী-পুরুষ সমতার দিকে এগিয়ে যেতে হবে।