নভেল করোনাভাইরাসের কারণে তিন মাস বন্ধ থাকার পর ১৬ জুন থেকে বাংলাদেশে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়েছে। অভ্যন্তরীণ রুটে বেশ কিছু দিন আগেই চালু করা হয়েছিল।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বিমান চলাচল করবে। নিয়ম অনুযায়ী ঢাকায় অবতরণের সময় যাত্রীর করোনা নেগেটিভ সনদ না থাকলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হবে। আর নেগেটিভ সনদ থাকলে বাড়িতে বা হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে। বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে গন্তব্য দেশের বিধান মেনে চলতে হবে। বিমানবন্দরে স্বয়ংক্রিয়ভাবে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করা হবে। প্রাথমিকভাবে কাতার এয়ারলাইনস সপ্তাহে তিনটি ও বিমান বাংলাদেশ ঢাকা-লন্ডন রুটে একটি ফ্লাইট পরিচালনা করবে। ধারণা করা হচ্ছে, আগামী মাসে অন্যান্য বিমান সংস্থাও ফ্লাইট চালু করবে।
নিয়ম থাকা আর নিয়ম যথাযথভাবে পালন করা—বাংলাদেশে এই দুটি বিষয় সব সময় একসঙ্গে চলে না। নিয়ম থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা মানা হয় না। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর যেসব বিধি জারি করেছে, বিমান চলাচলের ক্ষেত্রে সেটি যথাযথভাবে মানা হবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। আমরা দেখেছি, করোনাভাইরাস সংক্রমণের শুরুতে বিদেশ থেকে প্রবাসী শ্রমিকেরা যখন দলে দলে দেশে ফিরে আসছিলেন, তখন স্বাস্থ্যবিধি অনেকাংশেই উপেক্ষা করা হয়েছে। অনেকে পরীক্ষা ছাড়াই বিমানবন্দর ত্যাগ করেছেন। কর্তৃপক্ষ তাঁদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখতে ব্যর্থ হয়েছে। যার ফলাফল এখন আমরা টের পাচ্ছি।
নতুন করে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর আমরা এ ক্ষেত্রে আর কোনো গাফিলতি দেখতে চাই না। যেকোনো মূল্যে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন করতে হবে। যেসব যাত্রী করোনা নেগেটিভ সনদ নিয়ে আসবেন না, তঁাদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে যাঁরা নেগেটিভ সনদ নিয়ে আসবেন, তঁারা যাতে ২১ দিন হোম কোয়ারেন্টিনে থাকেন, সেটা যথাযথ তদারকির মাধ্যমে নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কাজটি করতে হবে।
ফ্লাইট বা যাত্রীসংখ্যা এখন সীমিত পর্যায়ে রয়েছে। সামনে যাত্রীসংখ্যা বাড়লে পরিস্থিতি নাজুক হয়ে পড়তে পারে। বর্তমান অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে সামগ্রিকভাবে সামর্থ্য বাড়াতে হবে। কাজটি শুধু বিমানবন্দর কর্তৃপক্ষ বা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নয়, এ প্রক্রিয়ার সঙ্গে অন্য অনেক মন্ত্রণালয় ও বিভাগের যুক্ততা রয়েছে। ফলে সমন্বয়ের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।