ঢাকার সময় প্রায় মধ্যরাতে আমার এক সহপাঠী, বর্তমান বিচারক শাহবাগের নতুন প্রজন্মের সমাবেশ থেকে ফোন করে আমাকে অনেকক্ষণ ধরে স্লোগান শোনাল। মুহূর্তের মধ্যে আমি ফিরে গেলাম আমার বিশ্ববিদ্যালয়-জীবনে, যখন সামরিক শাসন, সাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে আমরা সোচ্চার ছিলাম। আমার স্ত্রী এবং আমি দুজনে অনেকক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকলাম সেসব স্লোগান। সুর করে একেকজন যুদ্ধাপরাধীর নাম ধরে দুয়োধ্বনি। পরাজয় না মানা তারুণ্যের সাহসভরা বলিষ্ঠ কণ্ঠস্বর হাজার মাইল দূরে আমাদের যেমন আলোড়িত করেছে, সে রকমই আলোড়িত হয়েছেন বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা লাখ লাখ প্রবাসী বাংলাদেশি। বিদেশে পড়তে আসা হাজার হাজার ছাত্রছাত্রী অস্থিরতায় ছটফট করছেন যে কেন তাঁরা ইতিহাসের অংশীদার হতে পারবেন না। কেউ কেউ এমন কথাও বলেছেন যে টাকা থাকলে কোর্সের পড়াশোনা বাদ দিয়ে পরের ফ্লাইটেই তাঁরা দেশে ফিরে যেতেন। পেশাজীবীদের অনেকে তেমনটিই করেছেন। সে জন্য প্রায় নাওয়া-খাওয়া ছেড়ে এঁরা ঢাকার খবর, বলা ভালো, আন্দোলনের খবর নিতে বাংলাদেশের পত্রপত্রিকা, টিভি এবং অনলাইনে চোখ রাখছেন।কিন্তু, এসব অস্থিরতার বিপরীতে বাংলাদেশের সরকার এবং ক্ষমতাসীন জোটের মধ্যে দেখা যাচ্ছে এক আশ্চর্য রকমের নির্লিপ্ত ভাব। মুক্তিযুদ্ধে নেতৃত্বের দাবিদার যে রাজনৈতিক দলটি, তার প্রথম সারির একাধিক নেতা আন্দোলনে সংহতি জানাতে গিয়ে হেনস্তা হয়েছেন। এবং তা শুধু ঢাকার সমাবেশেই নয়, চট্টগ্রামেও। ক্ষমতাসীন দলের অংশ এবং বহুল সমালোচিত ছাত্রনেতাদের অবশ্য আন্দোলনকারীরা মঞ্চে স্থান দিয়েছেন। রাজনীতিকদের প্রতি অনাস্থার এ ধরনের খোলামেলা বহিঃপ্রকাশ বাংলাদেশে খুব কমই দেখা গেছে। দু-চারজন মন্ত্রী তারুণ্যের জাগরণকে প্রশংসা করে বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে যেসব কথা বলেছেন, সেগুলোতে কোনো সরকারি সিদ্ধান্তের প্রতিফলন ছিল না। তবে আন্দোলনের ষষ্ঠ দিনে সংসদের এক অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রীর ভাষণে সরকারি দৃষ্টিভঙ্গির প্রতিফলন পাওয়া গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেছেন, নতুন প্রজন্মের দাবিগুলোর সঙ্গে তিনি পুরোপুরি একমত। তিনি বলেছেন, তিনিও যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি চান এবং দাবিগুলো পূরণে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে। কিন্তু তিনি আন্দোলনকারীদের ঘরে ফিরতে বললেন না।শাহবাগ এবং দেশের নানা প্রান্তে লাখ লাখ মানুষের রাজপথে অবস্থান অব্যাহত থাকার সম্ভাব্য ঝুঁকিগুলোর কথা উপেক্ষা করে সরকার সুবিবেচনার পরিচয় দিয়েছে কি না, সে প্রশ্ন কিন্তু সামনে চলে আসতে পারে। হতে পারে ক্ষমতাসীন জোট এবং সরকার ভাবছে, রাজাকারবিরোধী আন্দোলন যত দীর্ঘায়িত করা হবে, বিরোধী দল বিএনপি ততই কোণঠাসা হবে। আবার এমনও হতে পারে, যেহেতু একবার সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ-সংশয়ের জন্ম হয়েছে, সেহেতু আন্দোলনকারীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানালেও তাঁরা তা শুনবেন না। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমনে ঘৃণার ব্যাপকতা ও তীব্রতা সম্পর্কে ক্ষমতাসীন দলের ধারণা যথার্থ হলেও নিজেদের যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে তাদের আত্মবিশ্বাসটা ছিল একটু বেশিই। আর এ অতিমাত্রার আত্মবিশ্বাসই সম্ভবত বিচারিক প্রক্রিয়ার প্রস্তুতিতে দুর্বলতার ছাপ রেখে গেছে।এখন আইনের যে ধারাটি সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে, সেই বিধানটি তো বর্তমান আইনমন্ত্রীরই করা। ২০০৯ সালের ৯ জুলাই (ডেইলি স্টার ১০ জুলাই, ২০০৯) আইনমন্ত্রীর উত্থাপিত সংশোধনীতে সরকারকে আপিলের ক্ষমতা দেওয়া হয় শুধু আসামির খালাস পাওয়ার ক্ষেত্রে। রাষ্ট্র ও অভিযুক্ত, উভয় পক্ষের আপিলের সমান অধিকার না দেওয়ার বিষয়টি কি আইন প্রস্তাবকারীর অদূরদর্শিতা নয়?ট্রাইব্যুনাল যে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, সেই ট্রাইব্যুনালের যত সমালোচনাই থাকুক না কেন, তাঁরা কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়ায় সরকারের দুর্বলতার দিকগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।আইনজীবীদের মধ্যে যাঁরা মামলার রায় বিস্তারিত পড়ে দেখেছেন, তাঁরা কিন্তু বলেছেন যে হত্যা-ধর্ষণের ঘটনায় কাদের মোল্লার সম্পৃক্ততা পেলেও তাঁর প্রত্যক্ষ অংশগ্রহণ প্রমাণ করার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের দুর্বলতা ছিল। দলবাজির কারণে যুদ্ধাপরাধ তদন্তের তদন্তকারী ইউনিট গঠনের ক্ষেত্রে প্রধান তদন্তকারী পদে কথিত জামায়াতি নিয়োগ-কেলেঙ্কারির কথা নিশ্চয়ই সবার মনে আছে। পরবর্তী সময়ে যাঁদের নিয়োগ করা হয়েছে, তাঁদের যোগ্যতা নিয়েও আদালতের অসন্তোষ প্রকাশের কথা একাধিকবার শোনা গেছে। তদন্ত প্রতিবেদন অসম্পূর্ণ থাকার জন্য একাধিক মামলায় বিচারপতিদের তা ফেরত দিতে হয়েছে।রাষ্ট্রপক্ষের আইনজীবী (প্রসিকিউশন) দলের প্রধান, যিনি বিচার বিভাগে চাকরি করলে এত দিনে অবসরে থাকতেন, তাঁর এবং তাঁর সহকর্মীদের কয়েকজনের ভূমিকা অথবা যোগ্যতা সম্পর্কে ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়কারী শাহরিয়ার কবিরের প্রকাশ্যে ক্ষোভ প্রকাশের খবরও সংবাদপত্রের পাতায় ছাপা হয়েছে একাধিকবার। তিনি নিজেও প্রথম আলোকে (৮ ফেব্রুয়ারি, ২০১৩) দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁরা অপরাধ প্রমাণের চেষ্টা করেছেন। অর্থাৎ প্রমাণ করতে পেরেছেন, এমনটা দাবি করতে পারেননি। বাচ্চু রাজাকারের মামলার রায়ের পর সরকার একটু নড়েচড়ে বসে অ্যাডিশনাল অ্যার্টনি জেনারেলদের একজনকে প্রসিকিউশনের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব দিয়েছেন। অ্যাটর্নি জেনারেলের অফিসের কাউকে এই দায়িত্ব দিতে দুই বছরেরও বেশি সময় কেন লাগল, আইন মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী সে প্রশ্নের কোনো জবাব কি দিয়েছেন? ইতিমধ্যে সাঈদীর মামলার যে শুনানি শেষ হয়েছে, তাতে যদি একই ধরনের দুর্বলতা থেকে থাকে, তাহলে বিচারপতিদের দোষ দিয়ে কী হবে? এত সব দুর্বলতার মধ্যে আদালতে কাদের মোল্লার মৃত্যুদণ্ড হয়ে গেলে আমরা সবাই হয়তো আবারও হুজুগে গা ভাসিয়ে দিতাম, যেমনটি হয়েছিল পলাতক বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশের পর। বিচারাধীন এবং এখনো যাদের বিচারের আওতায় আনা হয়নি, এমন সব বড় রাজাকারের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আইনসম্মত পথ হচ্ছে বিচারিক প্রক্রিয়াকে শক্তিশালী করা। যুদ্ধাপরাধীদের বিচারের কাজটি সুষ্ঠুভাবে করার দায়িত্ব ছিল যে মন্ত্রণালয়ের, তারা যে তাতে যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে, সরকারের সেই আত্মোপলব্ধির প্রতিফলন ঘটানো প্রয়োজন।ব্লগার অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক যেসব দাবি তুলে ধরেছে, সেগুলোর লক্ষ্যও কিন্তু বিচার-প্রক্রিয়ার দুর্বলতা কাটিয়ে উঠে যুদ্ধাপরাধীদের প্রাপ্য সাজা নিশ্চিত করা। সাজাপ্রাপ্ত অপরাধীদের রাজনৈতিক কারণে ক্ষমা করে দেওয়ার যে নজিরসমূহ ইতিমধ্যে তৈরি হয়েছে, সেই ধারার সুবাদে ভবিষ্যতে রাজনৈতিক পালাবদলের সুযোগ নিয়ে কোনো যুদ্ধাপরাধী যেন কোনো ধরনের ছাড় না পায়, সে জন্য রাষ্ট্রপতির ক্ষমার অধিকারকেও সংযত করার দাবি রয়েছে তাদের ঘোষণায়। অপরাধীদের পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি (আইনের ভাষায় ইমপিউনিটি) বাংলাদেশে এখন প্রায় স্থায়ী রূপ নিতে চলেছে, সে পটভূমিতে দ্বিতীয় দাবিটি খুবই তাৎপর্যপূর্ণ।চাপের মুখে থাকা রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি অস্বস্তি উপভোগ করার জন্য ক্ষমতাসীন জোট যদি রাজপথের অবস্থান দীর্ঘায়িত করাকে উৎসাহিত করে, তাহলে তার সম্ভাব্য ঝুঁকিগুলো নতুন সমস্যা ডেকে আনতে পারে। রাজপথের আন্দোলনের লক্ষ্য যুদ্ধাপরাধ বিচারের বিষয়ে সরকারকে নাড়া দেওয়া, ট্রাইব্যুনালকে নয়। ট্রাইব্যুনালকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হলে এমন দৃশ্য টিভির পর্যায় উঠে আসা সমীচীন হবে না, যাতে মনে হতে পারে যে বিচার হয়েছে গণ-আদালতে, আইনের আদালতে নয়। স্বাধীনতার পর ৪২ বছরে অনেক সাক্ষ্য-প্রমাণ যেমন হয় নষ্ট হয়েছে, নয়তো তাতে দূষায়ণ ঘটানো হয়েছে, তেমনি বিশ্বে আইনের অনেক মানবিক সংস্কার হয়েছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং পাশ্চাত্যের অনেক দেশ মৃত্যুদণ্ড তুলে দিয়েছে বলে তাদের সমালোচনা আমরা গায়ে নাও মাখতে পারি, যেমন: যুক্তরাষ্ট্র, চীন কিংবা ভারত এখনো গুরুতর ফৌজদারি অপরাধে ফাঁসির দণ্ড বহাল রেখেছে। কিন্তু আদালতের স্বাধীনভাবে বিচার করার ক্ষমতা যে অক্ষুণ্ন থেকেছে, সেটা প্রমাণ করা খুবই জরুরি। বিদেশের মাটিতে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যাঁরা শাহবাগের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে মিছিল-সমাবেশ করেছেন, তাঁদের প্রত্যাশা এটুকুই যে তাঁরা গর্ব করে বলতে চান, চার দশক আগের মানবতাবিরোধী অন্যায়ের বিচার আমরা করেছি এবং সেটা ন্যায়বিচার।কামাল আহমেদ: প্রথম আলোর লন্ডন প্রতিনিধি।