আপিল বিভাগের রায়কে স্বাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

ব্যক্তিস্বার্থে ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের এক জলজ্যান্ত দৃষ্টান্ত ‘বালুখেকো’ চেয়ারম্যান সেলিম খান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই জনপ্রতিনিধি বাণিজ্যিক স্বার্থে উচ্চ আদালতকেও ব্যবহার করেছেন। বিএনপি, জাতীয় পার্টি হয়ে আওয়ামী লীগে এসে পেয়েছেন মন্ত্রীর প্রশ্রয়। জবাবদিহি করতে হয়নি কাউকে। আট বছর ধরে মেঘনার ডুবোচর থেকে বাছবিচারহীনভাবে বালু তুলে অসচ্ছল আর্থিক অবস্থা থেকে রীতিমতো সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। অথচ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেননি কানাকড়িও। উপরন্তু, বালু তুলে সর্বনাশ করেছেন পদ্মা ও মেঘনা নদীর; হুমকির মুখে ফেলেছেন চাঁদপুর শহরকে। অবশেষে আপিল বিভাগের রায়ে মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলন বন্ধ হয়েছে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ২১টি মৌজায় মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনে সেলিম খানকে অনুমতি দিতে চার বছর আগে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বাতিল করেছেন আপিল বিভাগ। গত রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম।

এর আগে গত ২ মার্চ প্রথম আলোতে ‘পদ্মা-মেঘনার সর্বনাশ: “বালুখেকো” চেয়ারম্যান তিনি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। জানা যায়, জনস্বার্থে নৌপথ সচল করার কথা বলে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বাণিজ্যিক উদ্দেশ্যে মেঘনার ডুবোচর থেকে বালু তুলেছেন চাঁদপুর সদর উদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম খান। ছোট ও বড় ড্রেজার দিয়ে বালু তুলে গত আট বছরে কমবেশি ২ হাজার ৮৮০ কোটি টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন। পরিবেশ অধিদপ্তর ও মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা জানান, মেঘনায় নির্বিচার বালু তোলার কারণে চাঁদপুর শহর রক্ষা বাঁধের কয়েকটি স্থান দেবে গেছে। ভেঙে পড়েছে নদীর তীরও।

সেলিম খানের করা রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৮ সালের ৫ এপ্রিল হাইকোর্ট এক রায়ে ‘প্রকৃত অর্থে সহযোগিতায়’ চাঁদপুরের ২১টি মৌজায় মেঘনার ডুবোচর থেকে ৩০ কোটি ৪৮ লাখ ঘনফুট বালু তাঁকে উত্তোলনে অনুমতি দিতে চাঁদপুরের জেলা প্রশাসকসহ বিবাদীদের নির্দেশ দেওয়া হয়। এ রায়ের চার বছর পর গত মার্চে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে।

হাইড্রোগ্রাফিক জরিপের ওপর ভিত্তি করে হাইকোর্ট মেঘনার ডুবোচর থেকে বালু উত্তোলনের রায় দিয়েছিলেন। লিভ টু আপিলে বলা হয়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে কোনো নদী থেকে বালু উত্তোলনের জন্য হাইড্রোগ্রাফিক জরিপ প্রতিবেদনই যে একক ভিত্তি নয়, তা হাইকোর্ট বিভাগ উপলব্ধি করতে পারেননি। লিভ টু আবেদনের শুনানিকালে আপিল বিভাগ বলেন, ‘কীভাবে হবে? হাইকোর্ট বলেছেন তাঁকে (সেলিম খান) দিয়ে দিতে। হাইকোর্ট লিজ (ইজারা) দিয়ে দিয়েছেন। হাইকোর্ট কি লিজিং কর্তৃপক্ষ?’ সেলিম খানের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আপনার ক্লায়েন্টের অনেক দরদ। যখন তিনি একাই সুবিধাভোগী হয়ে যান, তখন জনস্বার্থ থাকে না।’

মেঘনার ডুবোচর থেকে বালু তোলা নিয়ে আপিল বিভাগের এ রায়কে আমরা স্বাগত জানাই। সেলিম খান আট বছর ধরে যে প্রক্রিয়ায় একাই সুবিধাভোগী হয়েছেন, তার যথাযথ তদন্ত হতে হবে। রাষ্ট্রীয় সম্পত্তির যে ক্ষতি তিনি করেছেন, তা পূরণ এবং সরকারকে যে রাজস্ব থেকে বঞ্চিত করেছেন, তা আদায়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। শুধু মেঘনা নয়, অন্যান্য নদ-নদীও প্রভাবশালীরা ব্যক্তিস্বার্থে সর্বনাশ করছেন। নদী রক্ষা কমিশন তাঁদের একটি তালিকা করেছে। অবিলম্বে নদ-নদী রক্ষায় উদ্যোগ নিতে হবে।