১০ টাকা কেজি দরে ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল বিক্রি কার্যক্রম আকস্মিক স্থগিত করায় সাধারণ মানুষ হতবাক। শৃঙ্খলার ব্যত্যয় বা চুরি রোধে অপারগতা—কারণ যা–ই হোক, এ সিদ্ধান্ত একেবারেই সুবিবেচনাপ্রসূত হয়নি। কারণ, এ কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র এবং করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক সংকটে পড়া মানুষ ভীষণ ক্ষতিগ্রস্ত হবেন।
বহু মানুষ আছে, যাঁরা নিজেদের সমাজের চোখে দরিদ্র হিসেবে দেখাতে চান না। কর্মহীনতার কারণে তাঁরা বিপন্ন হয়ে পড়েছেন। তাঁরা ত্রাণ নিতে চান না, বরং স্বল্প দামে কিনতে আগ্রহী। সুতরাং নীতিনির্ধারকদের ভাবতে হবে, ওএমএস বন্ধ করে দিয়ে এই গোষ্ঠীকে তঁারা সরাসরি খাদ্যসংকটের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন।
দেশের এ রকম একটি পরিস্থিতিতে সংবেদনশীল নানা বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে অস্থিরতার বিষয়টি উদ্বেগজনক। বিভিন্ন ক্ষেত্রেই তা দেখা গেছে। হুট করে ওএমএস বন্ধ করার মধ্যে সেই অস্থিরতার বিষয়টি আবার সামনে এল। খাদ্যসচিব বলেছেন, ওএমএসে প্রচুর ভিড় হচ্ছিল এবং এতে করোনাভাইরাসের ঝুঁকি বেড়ে যাচ্ছিল। প্রচুর ভিড় হওয়ার বিষয়টি ওএমএসের গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয়টিকে তুলে ধরে। আর ভিড় মোকাবিলা করে কীভাবে শৃঙ্খলার মধ্য দিয়ে চাল বিক্রি করা যায়, সেটা নিশ্চিত করাই তো মন্ত্রণালয়ের কাজ। দ্রুত ওএমএস ফিরে আসার আভাস পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন হলো, বন্ধ করে দিয়ে বিতরণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে কেন।
কর্মহীন শ্রমজীবীদের একটি তালিকা তৈরির উদ্যোগ সরকার নিয়েছে। কিন্তু সে রকম কোনো যুক্তিতে ওএমএস বন্ধ করার সুযোগ নেই। তবে আমরা মনে করি, এ ধরনের একটি তালিকা প্রস্তুত করার কাজকে এগিয়ে নিতে হবে, যাতে সামনে রেশনিংয়ের মতো ব্যবস্থা চালু করতে গেলে কাজে লাগে। কোনো অনিয়ম ছাড়া সঠিক তালিকা তৈরির বিষয়টি এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা করতে সময় লাগবে, তাই ওএমএস অনতিবিলম্বে চালু করতে হবে। সেখানে শৃঙ্খলা নিশ্চিত করতে অবশ্যই যথাযথ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া যেতে পারে।
প্রধানমন্ত্রীর তরফে বারবার ত্রাণ বিতরণ ও ওএমএস কার্যক্রমের চাল বিক্রির অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও দেশের নানা প্রান্ত থেকে দুর্নীতি ও আত্মসাতের খবর মিলছে। মোবাইল কোর্টের মাধ্যমে চাল চোরদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু তা যথেষ্ট নয়। বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট নিয়োগ করে চাল চোরদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। মোবাইল কোর্টের টুকটাক জরিমানায় ঠিক তাদের নিবৃত্ত করা সম্ভব বলে প্রতীয়মান হয় না। এ ক্ষেত্রে ক্ষমতাসীন আওয়ামী লীগ যদি তার অভিযুক্ত নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে, সেটা সমাজে অনেক জোরালো প্রতিরোধ গড়তে সহায়ক হতে পারে।
সারা দেশে ত্রাণ ও ওএমএসে চাল বিতরণের অভিজ্ঞতার আলোকে সার্বিক ব্যবস্থাপনায় একটা পরিবর্তন আনার ওপর গুরুত্ব আরোপ করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন বিশেষ করে ত্রাণ এবং ওএমএস ব্যবস্থার ওপর নজরদারি রাখতে একটি জাতীয় টাস্কফোর্স গঠনের জন্য। তঁাদের কাজ হবে কোনো একটি মন্ত্রণালয় যাতে এককভাবে এবং বিচ্ছিন্নভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে না পারে।
তা ছাড়া ওই টাস্কফোর্সের আওতায় সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন বাহিনী ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ত্রাণ বিতরণের একটা স্থায়ী প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা গড়ে তোলার কথাও ভাবা যেতে পারে। কারণ, ত্রাণ বিতরণে অধিকতর অনিয়ম ছড়িয়ে পড়ার আশঙ্কা অমূলক নয়।