আফসানার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফসানার সন্দেহভাজন ঘাতক ছাত্রলীগ নেতার বাবা নিজেই দাবি করছেন, মেয়েটির সঙ্গে তাঁর ছেলের প্রেম ছিল এবং তাঁদের সম্পর্কে টানাপোড়েন ছিল। ঘটনার দিন তাঁর ছেলে মেয়েটির মানিকদীর বাসায় যান এবং আফসানাকে ‘ঝুলন্ত’ অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে তাঁর মৃত্যু নিশ্চিত হলে ভয়ে তাঁরা পালান। তাঁর এই বিবরণের সত্যতা প্রধানত নির্ভর করছে মৃত্যুর কারণ চিহ্নিত হওয়ার ওপর। এ কারণে মরদেহ দাফনের আগেই কারণ দ্রুত প্রকাশ করতে হবে। মৃত বা নিহত আফসানার পরিবার তাতে সন্তুষ্ট না হলে, তাদের একটা প্রতিকার দিতে হবে। তারা যাতে আদালতের অনুমতি নিয়ে দ্বিতীয় বা তার অধিকবার ময়নাতদন্তের সুযোগ পান, তার নিশ্চয়তা দিতে হবে।

মৃত্যুর কারণ জানতে না দিয়ে দ্রুত লাশ দাফনের পরে বিতর্ক তৈরির সুযোগ রাখা ন্যায়নীতির পরিপন্থী। তাই উল্লিখিত নিয়ম করা হলে তা ভুক্তভোগী পরিবারের সংশয় অপনোদনে যেমন, তেমনি ময়নাতদন্ত ও সুরতহালসংশ্লিষ্ট চিকিৎসক ও পুলিশকেও সুরক্ষা দেবে।

তনু হত্যাকাণ্ড নিয়ে নাটকীয়তার মতো কিছু আফসানার ক্ষেত্রে দেখতে চাই না। কথিতমতে ছাত্রলীগ নেতার জড়িত থাকা এবং আফসানার ভাইকে ফোনে হুমকি এবং বিভিন্ন স্থানে নিন্দা ও বিক্ষোভের খবর মিললেও অভিযুক্ত ব্যক্তিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আফসানার মৃত্যু আবারও এই সত্য সামনে এনেছে যে—সমাজে নারীর অবস্থা এখনো কত নাজুক!