আবার অগ্নিকাণ্ডে প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালের জুনে পুরান ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডে ১২৪ জন মানুষের মৃত্যু এবং গত ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকারই চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জনের মৃত্যু—এই দুটি বড় ট্র্যাজেডির ফলে আমাদের দৃষ্টি সীমাবদ্ধ হয়ে পড়েছিল পুরান ঢাকার অতি ঘনবসতিপূর্ণ মহল্লাগুলোর অগ্নিকাণ্ডের ঝুঁকির প্রতি। তাই নিমতলী অগ্নিকাণ্ডের পর থেকেই পুরান ঢাকা থেকে রাসায়নিক পদার্থের গুদাম ও কারখানাগুলো স্থানান্তরের পরামর্শ, দাবি ইত্যাদি বেশি বেশি উচ্চারিত হয়ে আসছে। কারণ, ওই দুটি অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কারণ হিসেবে নানা ধরনের দাহ্য রাসায়নিক পদার্থের অসতর্ক ব্যবহার ও মজুতের অনিরাপদ ব্যবস্থাকেই প্রধানত দায়ী করা হয়। পুরান ঢাকার ক্ষেত্রে এসবই সত্য; ওই অঞ্চলে অগ্নিকাণ্ড ও তার ক্ষয়ক্ষতির ঝুঁকি খুব বেশি। তবে গত বৃহস্পতিবার ঢাকার আধুনিক অংশের অভিজাত এলাকা বনানীর একটি বহুতল ভবনে যে মর্মান্তিক অগ্নিকাণ্ড ঘটেছে, তা থেকে এটা খুব স্পষ্ট হয়ে উঠল যে গোটা রাজধানী শহরই অগ্নিকাণ্ডের বিরাট ঝুঁকির মধ্যে রয়েছে।

এফ আর টাওয়ার নামের ২২ তলা ভবনটিতে আগুন লাগলে যে রোমহর্ষক দৃশ্যের অবতারণা ঘটেছিল, তেমনটি আমরা এর আগে খুব বেশি দেখিনি। লোকজন প্রাণ বাঁচাতে ভবনটির বিভিন্ন তলা থেকে লাফ দিয়েছিলেন, এভাবে মারা গেছেন অন্তত সাতজন। টেলিভিশন বা বিভিন্ন সেবা সংস্থার সঞ্চালন লাইনের তার বেয়েও অনেককে বিভিন্ন তলা থেকে নিচে নামতে দেখা গেছে, এভাবে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। কোনো কোনো তলার জানালা ভেঙে লোকজনকে সহযোগিতার জন্য চিৎকার করতে দেখা গেছে।

আগুন থেকে প্রাণে রক্ষা পাওয়ার জন্য লোকজনের এমন মরিয়া চেষ্টা ও আকুতির কারণ একটাই—অগ্নিকাণ্ডের সময় দ্রুতগতিতে ভবন ত্যাগ করার জরুরি প্রস্থানপথ এফ আর টাওয়ারে নেই। অগ্নিকাণ্ডের ঝুঁকি উন্নত দেশগুলোতেও আছে, সে জন্য ফায়ার এক্সিট বা অগ্নিকাণ্ডের সময় দ্রুত বেরিয়ে যাওয়ার পথ বা ব্যবস্থা তারা প্রতিটি ভবনেই নিশ্চিতভাবে রাখে। এটা আইনি বাধ্যবাধকতা। এই বাধ্যবাধকতা মেনে চলা হয় কি না, তা–ও নিয়মিতভাবে খতিয়ে দেখাই স্বাভাবিক নিয়ম। কিন্তু বাংলাদেশে তা শুধু নেই তা-ই নয়, আগুন লেগে অনেক মানুষের মৃত্যু ঘটার আগ পর্যন্ত আমাদের টনক নড়ে না যে এ রকম জরুরি সুরক্ষামূলক ব্যবস্থা আমাদের অধিকাংশ ইমারতেই নেই।

শুধু এই নয়, ইমারতের কোনো তলায় আগুন লাগলে অন্যান্য তলায় তা ছড়িয়ে পড়ার আগেই দ্রুত নিভিয়ে ফেলার ব্যবস্থাও যে নেই, তা আমরা বনানীর অগ্নিকাণ্ডে আবারও দেখলাম। পুরান ঢাকায় অসংকীর্ণ অলিগলি ও পানির উৎসের ঘাটতির কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে হিমশিম খেতে দেখেছি, কারণ সরু গলিতে ফায়ার সার্ভিসের যানবাহন ঢুকতে পারে না। আর বনানীর সুউচ্চ ইমারতের ক্ষেত্রে আমরা দেখলাম, হেলিকপ্টারের সাহায্য নিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে কত বেগ পেতে হলো।

এফ আর টাওয়ার নামের খোদ ভবনটিই যখন ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ করে নির্মিত নয়, তখন সেখানে অগ্নিকাণ্ডের ঝুঁকি কত বেশি কিংবা অগ্নিনিরাপত্তার বিষয়টি ইমারত কর্তৃপক্ষের বিবেচনায় আদৌ ছিল কি না, তা বলাই বাহুল্য। গুরুতর উদ্বেগের বিষয় হলো, এ রকম নিরাপত্তাহীন বহুতল ভবনের সংখ্যাই বেশি। শুধু বাণিজ্যিক কাজে ব্যবহৃত হচ্ছে এমন ভবনই নয়, বহুতল আবাসিক ভবনগুলোরও অধিকাংশ অগ্নিকাণ্ডের বড় ঝুঁকির মধ্যে রয়েছে।

চকবাজারে ৭১ জনের নিহত হওয়ার ৩৭ দিনের মাথায় বনানীতে ২৫ জনের এমন কষ্টকর মৃত্যু যারপরনাই হৃদয়বিদারক। এভাবে আর চলতে দেওয়া যায় না। প্রতিটি ভবনের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ইমারত বিধিমালা ও ফায়ার কোড বাধ্যতামূলকভাবে অনুসরণ নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ অবশ্যই নিতে হবে। এসব বিধান ভঙ্গকারীদের শাস্তি নিশ্চিত করা একান্ত জরুরি।