সুন্দরবনের শ্যালা নদীতে তেল বিপর্যয়ের ঘটনা যে নীতিনির্ধারকদের স্পর্শ করতে পারেনি, সেটাই শেষ পর্যন্ত প্রমাণিত হলো। দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ ও মতামতের তোয়াক্কা না করে সেই নদী দিয়ে আবার নৌ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সরকারের টনক নড়ার জন্য কি আরও বড় কোনো বিপর্যয়ের জন্য অপেক্ষা করতে হবে? সবচেয়ে মর্মান্তিক তথ্য হচ্ছে, নৌযান চলাচলের অনুমতি দেওয়ার পরও যে নিয়মশৃঙ্খলা মেনে জাহাজগুলোর চলাচল করা উচিত, তা-ও মানা হচ্ছে না।
শ্যালা নদী দিয়ে আবারও নৌযান চলার অনুমতিসুন্দরবনকে ভবিষ্যতে বিপর্যয় থেকে রক্ষা করতে হলে এই পথে নৌ চলাচল বন্ধ করতেই হবে। নাব্যতার সমস্যার কারণে মংলা-ঘষিয়াখালী নৌ–রুটটি বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প হিসেবে শ্যালা নদী ব্যবহৃত হচ্ছে। তেল বিপর্যয়ের পর বন্ধ করে দেওয়া শ্যালা নদীর রুটটি আবার চালু করার ব্যাপারে সরকারের অবস্থান হচ্ছে আগামী ছয় মাসের মধ্যে ঘষিয়াখালী রুট সংস্কার করা হবে এবং এর আগ পর্যন্ত শ্যালা নদীর রুটই ব্যবহৃত হবে। কিন্তু কাজটি যত জটিল ও ব্যাপক তা ছয় মাসের মধ্যে করতে হলে যে উদ্যোগ ও তৎপরতা প্রয়োজন, তার কিছুই লক্ষণীয় নয়।
এই খালের বিভিন্ন অংশ নানাভাবে দখল হয়ে গেছে, সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পও রয়েছে। প্রভাবশালীরা সেখানে গড়ে তুলেছে চিংড়িঘের। এ ছাড়া এই খালের পাশে নির্মিত দুটি পোল্ডারও নাব্যতা রক্ষার ক্ষেত্রে বড় বাধা। এগুলো সরাবে কে?
আগামী ছয় মাসের মধ্যে ঘষিয়াখালী রুট চালুর প্রতিশ্রুতি দিয়ে শ্যালা নদীতে নৌ চলাচল শুরু করার বিষয়টি যেন ধোঁকায় পরিণত না হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব এখন সরকারের। আর এই সময়ে সুন্দরবনের ভেতর দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে যে ন্যূনতম নিয়মনীতিগুলো মেনে চলা হয়, তা নিশ্চিত করতে হবে।