জামায়াত-শিবিরের সন্ত্রাসী তৎপরতা চলছেই। গত শুক্রবার সবচেয়ে বড় সহিংসতার ঘটনাটি ঘটেছে কক্সবাজারে। এ ঘটনায় তিনজন নিহত হওয়ার পর হরতালের মতো কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী—কক্সবাজার জেলায় শনি ও রোববার টানা ৪৮ ঘণ্টা এবং সারা দেশে সোমবার সকাল-সন্ধ্যা। একদিকে সন্ত্রাস অন্যদিকে হরতাল—এটা পরিষ্কার যে দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে এই দল। সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী ও তাদের সমর্থক ইসলামী ছাত্রশিবির সারা দেশে কখনো পুলিশ, কখনো যানবাহন, সম্পদ ও সাধারণ মানুষের ওপর আক্রমণের যে পথ বেছে নিয়েছে, তা দেশের প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থী। দেশে বর্তমানে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের যে বিচার চলছে, তার বিরোধিতা করতে এ ধরনের নৈরাজ্যের পথ বেছে নেওয়ার অর্থ দেশের প্রচলিত আইন ও ব্যবস্থাকে চ্যালেঞ্জ করা। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বিরোধিতাকারী এই রাজনৈতিক গোষ্ঠী যেন আবার সেই আগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।জামায়াত-শিবির গোষ্ঠী অব্যাহতভাবে যে পরিকল্পিত সহিংসতা ঘটিয়ে যাচ্ছে, তার অংশ হিসেবেই শুক্রবার কক্সবাজারে এ ঘটনা ঘটানো হয়। পূর্বানুমতি ছাড়াই জেলার বিভিন্ন স্থান থেকে তারা শহরে জড়ো হয়েছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে, পুলিশের ওপর গুলিবর্ষণ করেছে। এই সহিংসতায় তিনজনের মৃত্যু যেন দলটিকে হরতাল ডাকার সুযোগ করে দিয়েছে। সংঘাত-সহিংসতার ঘটনায় শুক্রবার এ পর্যটন শহর এমনিতেই অচল হয়ে পড়ে। এর পর টানা ৪৮ ঘণ্টার হরতাল পর্যটকদের কী পরিমাণ দুর্ভোগে ফেলেছে, তা সহজেই অনুমেয়। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী সেখানে ৩০ হাজার পর্যটক আটকা পড়েছেন। দেশের মানুষ একাত্তরে খুন-ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচার চায়। শাহবাগের গণজাগরণ এই সত্যকে আবারও পরিষ্কার করেছে। এ ধরনের সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে যে এই অপরাধীদের বাঁচানো যাবে না এবং বিচার-প্রক্রিয়া বন্ধ করা যাবে না—এই সত্য জামায়াত-শিবিরকে উপলব্ধি করতে হবে। আমরা আশা করব, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে সক্রিয় ও সজাগ থাকবে।