গত মঙ্গলবার শবে বরাতের রাতে কুমিল্লার চান্দিনা উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার ঘটনাটি রহস্যজনক। কারণ, সেদিন হরতাল-অবরোধ কিংবা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। দেশজুড়ে মোটামুটি শান্ত পরিবেশে চলন্ত বাসে পেট্রলবোমা ছুড়ে সাত যাত্রীকে দগ্ধ করার মধ্য দিয়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা কী অর্জন করতে চেয়েছে, কী দুরভিসন্ধি নিয়ে কাদের মদদে তারা এই নিষ্ঠুর হামলা চালিয়েছে, তা জানা জরুরি।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গত জানুয়ারি থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধ-হরতালের সময় যে কায়দায় পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে, মঙ্গলবারের ঘটনার সঙ্গে তার মিল আছে। তদন্তের আগেই ঘটনাটির সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা জড়িত বলা হচ্ছে। ঘটনার পরপর তদন্ত ছাড়াই তাৎক্ষণিকভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে কিছু বলা দায়িত্বশীলতার পরিচায়ক কি না, এমন প্রশ্ন ওঠা তাই অস্বাভাবিক নয়। এর ফলে প্রকৃত অপরাধীদের পার পেয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে না দিয়েই প্রশ্ন তোলা যায়, পুলিশ কিসের ভিত্তিতে এমন ধারণা করছে? তথ্য-প্রমাণ থাকলে দেশবাসীর সামনে তা প্রকাশ করা হোক।
আবার পেট্রলবোমার বিভীষিকাযাত্রীভর্তি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করার মতো নিষ্ঠুর রাজনৈতিক সহিংসতার ব্যাপকতা লক্ষ করা গেছে ২০-দলীয় জোটের অবরোধ-হরতালের দিনগুলোতে। যদিও বিএনপি-জামায়াত এসব ঘটনার দায় অস্বীকার করে সরকারকেই অভিযুক্ত করেছে, তবু এসব ঘটনায় বিএনপিই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পেট্রলবোমার বিভীষিকা আবার ফিরে এলে বিএনপি আরও ক্ষতিগ্রস্ত হবে, এতে কোনো সন্দেহ নেই।
কিন্তু বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে যে পেট্রলবোমার কারণে, সেসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত হামলাকারীদের চিহ্নিত, গ্রেপ্তার ও বিচার করার ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার ব্যর্থতা রয়েছে। ক্ষমতাসীন দল ও সরকার এটা নিয়ে যত বেশি রাজনৈতিক বক্তব্য দিয়েছে, আইন প্রয়োগের ক্ষেত্রে তাদের ততটা উৎসাহ লক্ষ করা যায়নি।
মঙ্গলবার রাতের পেট্রলবোমা হামলাকারীদের চিহ্নিত করতে দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।