আবার প্রশ্নপত্র ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার পর এবার অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষার (প্রিলিমিনারি) প্রশ্নপত্র ফাঁস হলো। এর আগে গত এপ্রিল মাসে অনুষ্ঠিত রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল। পাবলিক পরীক্ষাসহ প্রায় সব ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া যেন একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার পরিবর্তে ফাঁস হওয়ার অভিযোগ অস্বীকার করে দায়দায়িত্ব এড়ানোর চেষ্টা করে চলেছে। এই অনৈতিক চর্চা কি চলতেই থাকবে? কোনো পরীক্ষাই কি এর বাইরে থাকবে না?
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের পরীক্ষার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই ফেসবুকের মাধ্যমে এমন অভিযোগ ছড়িয়ে পড়ে যে ওই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। হাতে লেখা ও ছাপানো প্রশ্নপত্রের ডিজিটাইজড চিত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রথম আলোর কাছেও সে রকম প্রশ্নপত্রের শতাধিক চিত্র আসে। সেসবের ভিত্তিতে প্রথম আলো অনলাইন সংস্করণে শুক্রবার সকালে পরীক্ষা শুরুর আগেই সংবাদ প্রকাশিত হয়। কিন্তু পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষ ঢাকা বিভাগের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের নমুনাগুলো মিলিয়ে দেখা যায়, ফাঁস হওয়া ১০০টি প্রশ্ন আর মূল প্রশ্নপত্রের প্রশ্নগুলো হুবহু এক।
প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এ অভিযোগ প্রত্যক্ষভাবে প্রমাণিত হলে ওই পরীক্ষার দ্বিতীয় ভাগ, যা ওই দিন বেলা সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ছিল, তা বাতিল করা হয়। কিন্তু সকালে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করা হয়নি। পরীক্ষার্থীরা যৌক্তিক কারণেই এ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন, কিন্তু কর্তৃপক্ষ তাঁদের দাবি নাকচ করে দিয়েছে এই বলে যে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করা হয়নি। কর্তৃপক্ষের এই বক্তব্য উদ্ভট ও অগ্রহণযোগ্য। পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষার্থীরা পরীক্ষার মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্র মিলিয়ে দেখবে কীভাবে? প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ তো আগেই ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং তারা কোনো পদক্ষেপ নেয়নি। তাদের দায়দায়িত্ব ও জবাবদিহি বলে কিছু কি নেই?
শুক্রবার সকালে অনুষ্ঠিত পরীক্ষা অবশ্যই বাতিল করা উচিত। প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত ও শাস্তি নিশ্চিত করতে হবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অনৈতিক চর্চা আর চলতে দেওয়া যাবে না।