আবার ব্লগার হত্যাকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজে স্বাধীন মত প্রকাশের বিরোধী শক্তি যে কতটা সংঘবদ্ধ ও বেপরোয়া হয়ে উঠেছে, তার সর্বশেষ উদাহরণ ব্লগার ও অনলাইন লেখক ওয়াশিকুর রহমান হত্যাকাণ্ড। এবার ঘাতকদের দুজন হাতেনাতেই ধরা পড়েছে, কিন্তু এর মূল পরিকল্পনাকারী কথিত ‘মাসুম ভাই’ কিংবা তার ওপরের কুশীলবদের খুঁজে বের করাই এখন সবচেয়ে জরুরি। সমাজ ও সভ্যতাবিরোধী এই উগ্রবাদী গোষ্ঠীকে সমূলে উৎপাটন করতে হলে নেপথ্যে থাকা ‘মাসুম ভাই’দেরও খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।
এ ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যে মতান্ধতা ভিন্নমতের মানুষকে খুন করতে প্ররোচিত করে, সেই মতান্ধতাকে আমরা উচ্ছেদ করতে ব্যর্থ হয়েছি। ২০০৪ সালে হুমায়ুন আজাদের ওপর হামলা, ২০১৩ সালে রাজীব হত্যা এবং সাম্প্রতিক অভিজিৎ ও ওয়াশিকুর হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। হামলার ধরনও প্রায় অভিন্ন। অতীতে সংঘটিত হামলা ও হত্যার বিচার হলে হয়তো অন্ধকারের শক্তি এতটা বেপরোয়া হতে পারত না। এক মাস আগে অভিজিৎ রায়কে খুনের ঘটনায় দেওয়া তদন্ত প্রতিবেদনে দায়িত্বে অবহেলা থেকে পুলিশকে ‘দায়মুক্তি’ আমাদের অবাক না করে পারে না।
আবার ব্লগার হত্যাগভীর উদ্বেগের বিষয় হলো, যোগাযোগের সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করে জঙ্গিবাদী গোষ্ঠী যাকেই ভিন্নমতের অনুসারী মনে করছে, তার ওপর হামলে পড়ছে। এমনকি তারা নিজের জীবন বিপন্ন করতেও দ্বিধা করছে না। তাই কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এই ঘৃণ্য অপরাধ ও অপরাধীদের নিবৃত্ত করা যাবে না। আইনি ও প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি এর বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ওয়াশিকুর হত্যাকাণ্ডে প্রতীয়মান হচ্ছে যে ধৃত ঘাতকেরা ব্লগার ওয়াশিকুরের মতাদর্শ সম্পর্কে বিস্তারিত কিছু না জেনেই ‘বড় ভাইদের’ নির্দেশে তাঁকে হত্যা করেছে। অর্থাৎ হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, তাদের চেয়েও বিপজ্জনক হলো যারা তাদের প্ররোচিত করেছে। যে কিশোরেরা ধর্মীয় শিক্ষা নেওয়ার জন্য মাদ্রাসায় যায়, কারা তাদের ঘাতক বানাচ্ছে, তার সুলুকসন্ধান জরুরি।