বুধবার সকালে রংপুর-সৈয়দপুর মহাসড়কে দুটি যাত্রীভরা বাসের মুখোমুখি সংঘর্ষ তাৎক্ষণিকভাবে নয়জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে; হাসপাতালে মৃত্যু হয়েছে আরও চার জনের। এ রকম দুর্ঘটনা এ দেশে বিরল তো নয়ই; বরং ঘন ঘনই ঘটছে। সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি এমন নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে যে, সড়কপথে চলাচলে নিরাপত্তা বলে আর কিছু অবশিষ্ট নেই।
প্রাথমিকভাবে বলা হচ্ছে, দুর্ঘটনার শিকার বাস দুটির একটির সামনের একটা চাকার টায়ার ফেটে যাওয়ায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন; তখন বিপরীত দিক থেকে ধেয়ে আসা আরেকটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার মূল কারণ এটাই। এটা যদি সত্য হয়, তাহলে জানা দরকার, ফেটে যাওয়া টায়ারটির ব্যবহারের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল কি না। অধিকাংশ মোটরযানের যন্ত্রাংশগুলো নিয়মিত পরীক্ষা করা হয় না; পুরোনো ও জরাজীর্ণ হওয়ার পরেও সেগুলো বদলানো হয় না। ফিটনেসবিহীন যানবাহন দুর্ঘটনায় পড়ার আশঙ্কা বেশি থাকে।
রংপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ১২চালকদের একটানা অতিরিক্ত সময় ধরে যানবাহন চালানো, বেপরোয়াভাবে চালানোও দুর্ঘটনার ব্যাপকতার অন্যতম কারণ। বুধবারের দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারানো বাসটির চালক মারা যাননি, পালিয়েছেন। অর্থাৎ বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগার আগমুহূর্তে তিনি নেমে সরে পড়েছেন। অধিকাংশ সড়ক দুর্ঘটনায় চালকের অক্ষতভাবে পালিয়ে যাওয়ার তথ্য পাওয়া যায়। ওই চালককে খুঁজে পাওয়া অবশ্যই দরকার, দরকার আইনানুগভাবে তাঁর শাস্তি নিশ্চিত করা। কিন্তু তা আদৌ ঘটবে কি না, আমরা জানি না। পরিবহন খাতে বিচারহীনতার যে পরিবেশ বিরাজ করছে, তাও চালকদের দায়িত্বহীন বেপরোয়া যান চালানোর প্রবণতার একটা কারণ হতে পারে।
সড়ক দুর্ঘটনার ব্যাপকতা অন্তত কিছু মাত্রায় কমানোর কিছু বাস্তবিক ও প্রায়োগিক উপায় আছে। ফিটনেসবিহীন যানবাহন চলাচল ও বেপরোয়াভাবে চালানো সম্পূর্ণভাবে বন্ধ করার কার্যকর পদক্ষেপ এই মুহূর্তেই নেওয়া দরকার।