আবার লঞ্চডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো প্রাকৃতিক দুর্যোগে নয়, শান্ত নির্মল আবহাওয়ায় পদ্মা নদীর বুকে আবারও একটি লঞ্চ ডুবে প্রাণ হারালেন ৭০ জন। প্রায় ২০০ যাত্রীসহ এমভি মোস্তফা নামের লঞ্চটি ডুবেছে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে। লাশের সংখ্যা ঘণ্টায় ঘণ্টায় বেড়েছে। কিছুদিন পর পর লঞ্চডুবিতে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটে, সংবাদমাধ্যমে লেখালেখি হয়, আহাজারি চলে, সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগের প্রতিশ্রুতি উচ্চারণ করা হয়, কিন্তু লঞ্চডুবি বন্ধ হয় না। এর চেয়ে দুঃখজনক বিষয় আর কী হতে পারে?
ঝলমলে উজ্জ্বল দিনে, দুপুর পৌনে ১২টায় প্রায় ২০০ যাত্রীসহ একটি লঞ্চের মাঝামাঝি স্থানে সজোরে ধাক্কা মারে নার্গিস-১ নামে একটি কার্গো জাহাজ! প্রত্যক্ষদর্শী ও লঞ্চটির বেঁচে যাওয়া কয়েকজন যাত্রীর এই সাক্ষ্য বিস্ময়কর। কার্গো জাহাজটির স্টিয়ারিং যাঁর হাতে ছিল, সেই ‘মাস্টার’ কি অন্ধ? এ ধরনের জলযান চালানোর কোনো প্রশিক্ষণ বা অভিজ্ঞতা কি তাঁর আদৌ আছে? নাকি ওই মুহূর্তে তিনি অপ্রকৃতিস্থ হয়ে পড়েছিলেন? তাঁর সহযোগীরাই বা সে সময় কী কাজে ব্যস্ত ছিলেন? এসব প্রশ্নের উত্তর পাওয়া জরুরি। পুলিশ কার্গো জাহাজটির তিনজন লস্করকে গ্রেপ্তার করেছে, কিন্তু মাস্টার সম্পর্কে কোনো তথ্য পুলিশের কাছে পাওয়া যায়নি। তাঁকে অবশ্যই অবিলম্বে গ্রেপ্তার করা দরকার। কী কারণে ও পরিস্থিতিতে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখতে হবে।
লঞ্চ ডুবে ৪৩ প্রাণহানিএই হৃদয়বিদারক ঘটনার পর নৌমন্ত্রী শাজাহান খান কী বলেন, দেশবাসী সে অপেক্ষায় আছে। তাঁর নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব-কর্তব্যের চেয়ে তাঁকে অন্যান্য তৎপরতায় বেশি ব্যস্ত দেখা যায়। গত সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের আলোচ্যসূচিতে তাঁর মন্ত্রণালয়ের এজেন্ডা ছিল। কিন্তু তিনি মন্ত্রিসভার বৈঠক বাদ দিয়ে ব্যস্ত ছিলেন বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয় ঘেরাও করা নিয়ে!
কিছুদিন পর পর লঞ্চডুবিতে মানুষের প্রাণহানি বন্ধের কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নিতে হবে। এভাবে আর চলতে পারে না।