লেখকদের দুটো শ্রেণী বা ধরন আছে। এক. মাকড়সা ধরনের লেখক। দুই. তাঁতি ধরনের লেখক। মাকড়সা ধরনের লেখকদের বলা হয় প্রকৃত লেখক। কারণ, মাকড়সা নাভি থেকে সুতা নিয়ে জাল বোনে। কোনো কিছু তৈরির সামগ্রী এর নিজের ভেতরে রয়েছে। মাকড়সাকে অন্যের সাহায্যের জন্য অপেক্ষা করতে হয় না। তাঁতিদের সেই ক্ষমতা নেই। এদের অন্যের কাছ থেকে সুতা এনে কাপড় বুনতে হয়। সুতার সরবরাহ অফুরন্ত। তাই বুনেও যেতে পারেন অফুরন্ত। নিজেকে তাঁতি ধরনের লেখক মনে করি। আমি জানি না আমার সামর্থ্য কী আছে। তবে প্রকৃতি থেকে শিখি। বই পড়ে শিখি। অন্যের কথা শুনে শিখি। বাস্তব অভিজ্ঞতা থেকে শিখি। তারপর লিখি। আমি রম্যলেখক। বিভিন্ন উৎসে বিচরণ করি। জানার চেষ্টা করি। এভাবে লেখার রসদ সংগ্রহ করি। তারপর নিজের ভাবনা, বোধ, বিশ্বাস, অভিব্যক্তি দিয়ে লেখার চেষ্টা করি। এ ক্ষেত্রে কিছু যোগ-বিয়োগ করি। প্রথম আলোর প্রায় শুরু থেকেই লিখছি। একটি মাসিক কলামে লিখতাম। কলামটির নাম ছিল দুই দু’গুণে পাঁচ। কলামটি বেশ জনপ্রিয় ছিল বলে মনে হয়েছে। কারণ, কখনো কখনো লিখতে কিছুটা দেরি হতো, এ সময় অনেক পাঠক ফোন করতেন। তাঁরা জানতে চাইতেন, কেন লিখছি না। এ থেকে আমার ধারণা হয়েছিল, অনেক পাঠকই কলামটি পড়তেন। সুতার সরবরাহ অফুরন্ত। তাই আমার ইচ্ছে ছিল সারা জীবন লেখার। কিন্তু এক বছর ধরে কোনো লেখালেখির কাজ করতে পারছি না। ডাক্তারি ভাষায় আমার পিএলআইডি প্লাস সাইটিকা হয়েছিল। এটি একধরনের রোগ। কোমরের ব্যথা থেকে শুরু। তারপর বিভিন্ন সমস্যা। প্রথম দিকে সোজা হয়ে দাঁড়াতে পারতাম না। অনেকগুলো পর্যায় অতিক্রম করেছি। ছয় মাস আগে একজন নিউরোসার্জনের অধীনে অস্ত্রোপচার হয়েছে। সেটা মোটামুটি সফল হয়েছে বলা যায়। কারণ, এখন সোজা হয়ে দাঁড়াতে পারি। কিন্তু ডান পায়ের মধ্যে একধরনের খোঁচা অনুভব করি। ডাক্তারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি। পায়ের ব্যথা আশি ভাগ সেরে উঠেছে। প্রথম আলোসহ বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছি। পত্রিকায় প্রকাশের বাইরেও লিখেছি। সব মিলিয়ে এ পর্যন্ত ১৯টি বই বেরিয়েছে। গত বইমেলায় বেরিয়েছে সাত পাঁচে তের। আগামী বইমেলায় একটি নির্বাচিত কলাম বের হবে। এটি হবে আমার বিশতম বই। এটিই হয়তো হবে আমার জীবনের শেষ বই। ওনাসিস যখন জ্যাকুলিন কেনেডিকে বিয়ে করেছিলেন, তখন টাইম ম্যাগাজিন লিখেছিল, তার বয়স ৬০ বছর। দেখতে মনে হয় ৫০ বছর। তিনি কাজ করেন ৪০ বছর বয়সীর মতো। আমিও বলতাম আমার বয়স ৭০ বছর। দেখায় ৬০ বছর। কাজ করি ৫০ বছর বয়সীদের মতো। গত এক বছরে অসুখের জন্য অনেকে বলেন, আমার বয়স চার-পাঁচ বছর বেড়ে গেছে। খুব উচ্চমাত্রার ওষুধ খেতে হয়। সম্ভবত ওষুধ খাওয়ার ফলেই আমি লিখতে পারি না। আমার হাত কাঁপে। ওষুধ বন্ধ করলে হাত কাঁপা বন্ধ হবে কি না জানি না। কিন্তু হাত কাঁপার জন্য আমার লেখা বন্ধ রয়েছে। আমি খুব রক্ষণশীল পরিবারের সন্তান। দাদা ছিলেন পীর। তাঁরা মওলানা লাইনে পড়াশোনা করেছেন। যদিও আমি ইংরেজি লাইনে পড়েছি। একসময় অধ্যাপনা করতাম। সবাই আমার কাছ থেকে হাস্যরস আশা করত। আমার ক্লাসের পর অন্য ক্লাস জমত না। মানুষকে হাসাতে পারতাম। হাসিয়েছি। হয়তো অহেতুক কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে মানুষকে হাসিয়েছি। আল্লাহ এটা পছন্দ করেননি। তিনি এটা চাননি বা তাঁর মনঃপূত হয়নি। তা না হলে অসুস্থ হব কেন? আমি ভালো ছিলাম। হঠাৎই অসুস্থ হলাম। এমন অসুস্থ যে সোজা হয়ে দাঁড়াতে পারি না। লিখতেও পারি না। আমি হয়তো আল্লাহর ইচ্ছায় সেরে উঠলাম। তার পরও এসব আর লিখব কি না জানি না। আমার অনেক দ্বিধা কাজ করছে। এখনো নিশ্চিত হতে পারছি না, ভালো হলে হাস্যরস আর লিখব কি না। তা ছাড়া নিজে লিখতে পারি না। অন্যকে দিয়ে লেখাতে হয়। অন্যকে দিয়ে লেখানোর মতো মানসিক প্রস্তুতিও আমরা নেই।এখন মসজিদে যাই। নামাজ পড়ি। কোরআন শরিফ ও অন্যান্য বইপত্র পড়ি। এভাবে সময় কাটাচ্ছি। এ মুহূর্তে হুমায়ূন আহমেদের জ্যোৎস্না ও জননীর গল্প বইটি পড়ছি। অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে অনেক প্রার্থনা করেছি, তিনি যেন আমাকে ভালো করে দেন। তিনি চাইলে সবকিছু হতে পারে। তিনি হয়তো আমার দোয়া কবুল করেছেন। কারণ, এখন আগের থেকে বেশ ভালো আছি। আমি বিশ্বাস করি, আল্লাহ আমার ভুল ক্ষমা করবেন। আবার ভালো হব। আমার পাঠকদের কাছে অনুরোধ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আবার যেন সুস্থ হতে পারি। আপনাদের মাঝে ফিরে আসতে পারি। আতাউর রহমান: রম্য লেখক।