আবার 'অজ্ঞান পার্টি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ‘অজ্ঞান পার্টি’র শিকারের সংখ্যা বাড়ছে। ঈদ মৌসুমকে তারা তাদের সুসময় মনে করে। আবার এ সময় মানুষের অর্থ ও মালপত্র নিয়ে চলাচলও বাড়ে। এ অবস্থায় ভ্রাম্যমাণ মানুষের নিরাপত্তায় পুলিশ ও র্যাবকে বিশেষ বন্দোবস্ত করতে হবে। গণমাধ্যমে জনসাধারণকে সতর্ক করার ব্যবস্থা নিতে হবে। অজ্ঞান পার্টি শুধু নয়, সাধারণভাবে সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য কমাতে পারলে সড়ক ও পরিবহনে মানুষের নিরাপত্তাও বাড়বে।

রাজশাহীর এক গরুর হাটের খাবার হোটেলের টিস্যু কাগজে মুখ মুছে ৩০ জন গরু ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়েন। এদিকে ঢাকায় এক সপ্তাহেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। বিভিন্ন সময় এদের পাল্লায় পড়ে মৃত্যুর মুখে ঢলে পড়ার ঘটনাও ঘটতে দেখা যাচ্ছে। কৌশলে চেতনানাশক খাইয়ে বা শুঁকিয়ে মানুষকে অজ্ঞান করে টাকা ও মালামাল হাতিয়ে নেওয়াই এদের কাজ।
পুলিশ নিজেরা এবং তাদের তথ্যদাতা ‘সোর্স’ মারফত অপরাধী নেটওয়ার্ক বিষয়ে ওয়াকিবহাল থাকে। কোন এলাকায় কোন অপরাধীরা সক্রিয়, তাদের সম্পর্কে মোটামুটি ধারণা থাকার কথা পুলিশ ও র্যাবের। এর ভিত্তিতেই গত সোমবার ঢাকার বিভিন্ন স্থান থেকে তিনটি অজ্ঞান চক্রের প্রধানসহ ১৯ জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকা দরকার। ঢাকার বাইরে, বিশেষত ঢাকামুখী ও ঢাকাত্যাগী বাসস্ট্যান্ড, স্টেশন ও লঞ্চঘাটে পুলিশের কৌশলী নজরদারি থাকা দরকার। ঈদের আগের এ সময়েই যদি আন্তরিক উদ্যোগ নেওয়া যায়, তাহলে ঈদের লগ্নে অনেক মানুষকেই এদের খপ্পরে পড়া থেকে রক্ষা করা সম্ভব।
যত্নবান হতে হবে ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে চার্জশিট দান এবং তদন্তকাজ এমনভাবে করতে হবে, যাতে দোষী ব্যক্তিদের শাস্তি হয়। সেটাই হবে অন্য অপরাধীদের মধ্যে হুঁশিয়ারি ঢুকিয়ে দেওয়ার সহজ উপায়। তা ছাড়া ঈদের আগে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি বেড়ে যেতে পারে। মহাসড়কে নিরাপত্তাহীনতা বাড়তে পারে। এসব কমানোর লক্ষ্যেই পুলিশের তৎপর থাকা উচিত।