ঢাকার খিলক্ষেতে নামাপাড়ার বোর্ডগার্ড এলাকায় একটি মশার কয়েলের কারখানার গুদামে অগ্নিকাণ্ডে পুড়ে মারা পড়লেন ছয় শ্রমিক। মাস ছয়েক আগের নিমতলীর মর্মান্তিক দুর্ঘটনা থেকে যে আমরা কিছু শিখিনি, এ দুর্ঘটনা তারই প্রমাণ। আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন মর্মান্তিক মৃত্যুর জন্য শুধুই কি শোক করে যেতে হবে আমাদের, এর অবসান কি ঘটবে না? মশার কয়েলের কারখানার গুদামটি ছিল মশার স্প্রে কনটেইনারে ভর্তি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ স্প্রে কনটেইনার খালি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুনের সূত্রপাত হয়। দাহ্যপ্রবণ রাসায়নিকের গুদাম হওয়া সত্তেও্ব সেখানে প্রয়োজনীয় অগ্নিনির্বাপণব্যবস্থার ঘাটতি ছিল। এমনকি, একতলা গুদামঘরটির গায়েও ছিল না কোনো সাইনবোর্ড। এখন এসব নিরীহ শ্রমিকের মৃত্যুর দায় কারখানার মালিক কিংবা তদারককারীরা কীভাবে এড়াবেন?কিছুদিন পরপর একই ধরনের ঘটনা ঘটতে থাকলে তাকে নিছক দুর্ঘটনা বলা যায় না। আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম বা কারখানা স্থাপন করা বেআইনি। নিমতলীর দুর্ঘটনার পর সরকার পুরান ঢাকার কারখানাগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েও সফল হয়নি। মালিকেরা দাবি করেছেন, এসব কারখানা সরানোর আগে বিকল্প ব্যবস্থা করতে হবে। কিন্তু সে জন্য অনন্তকাল অপেক্ষা করা যায় না। কেননা, এসব ঝুঁকিপূর্ণ স্থাপনার সঙ্গে মানুষের জীবন-মৃত্যুর প্রশ্ন জড়িত। নিমতলীর দুর্ঘটনার পর সংশ্লিষ্ট সবার চৈতন্যোদয় হবে বলে আশা করা গিয়েছিল। দুর্ভাগ্যজনক যে তা হয়নি। কেন হয়নি, কারা এ জন্য দায়ী, সেসবও চিহ্নিত করা প্রয়োজন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর গাফিলতিতে এভাবে আগুনে পুড়ে মানুষ মারা যাবে—তা হতে পারে না। শুধু ব্যবসায়ীদের স্বার্থ দেখলেই চলবে না, এসব কারখানা বা গুদামে যে শ্রমিকেরা কাজ করবেন, তাঁদের নিরাপত্তাও সরকারকে দেখতে হবে। দুর্ঘটনার পর হম্বিতম্বি না করে এর কারণগুলো দূর করা হোক। আইন সবাইকে মানতে বাধ্য করতে হবে। আবাসিক এলাকায় রাসায়নিকের যেসব কারখানা বা গুদাম গড়ে উঠেছে, অবিলম্বে তা অপসারণের পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধেও নিতে হবে কঠোর আইনি ব্যবস্থা।