আবারও কড়াইল বস্তিতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও আগুন লাগল কড়াইল বস্তিতে, এ নিয়ে গত নয় মাসে সেখানে দুবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। প্রতিবার আগুন লাগার পর অনেকে সেখানে ছুটে যান, বিভিন্ন সংস্থা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কিছু সাহায্যও করে, কিন্তু এসব অগ্নিকাণ্ড কেন ঘটছে, তার তদন্ত হচ্ছে না। প্রতিরোধমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। তবে একটি ভালো দিক হচ্ছে, ফায়ার সার্ভিস এই বস্তির ২০০ বাসিন্দাকে অগ্নিনির্বাপণের প্রশিক্ষণ দিয়েছিল, যাঁরা সেদিন আগুন লাগার পর তৎপর ছিলেন। সে কারণেই হয়তো খুব বেশি মানুষ আহত হননি, তাৎক্ষণিকভাবে কারও আগুনে পুড়ে মারা যাওয়ার তথ্যও রেকর্ড হয়নি। কিন্তু এটা স্থায়ী সমাধান নয়।
দেশে বস্তিবাসীর সংখ্যা ক্রমেই বাড়ছে। তাঁদের ন্যূনতম নাগরিক অধিকার নেই বললেই চলে। অথচ প্রভাবশালী ব্যক্তিরা প্রতি মাসে তাঁদের কাছ থেকে ভাড়া আদায় করে থাকেন। এসব বস্তিকে কেন্দ্র করে মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডও চলে। মূলত তৈরি পোশাক কারখানার নিম্ন আয়ের কর্মী, রিকশাচালক, ফুটপাতের দোকানি, সবজি বিক্রেতা ও গৃহকর্মীরা এসব বস্তিতে বসবাস করেন। বস্তিতে আগুন লাগলে তাঁদের দুর্দশার অন্ত থাকে না। ঢাকা উত্তরের মেয়র যে বস্তিবাসীকে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। আশা করি, অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থাও এ ব্যাপারে এগিয়ে আসবে। এই মুহূর্তে সর্বস্ব হারানো মানুষগুলোর মাথা গোঁজার ঠাঁই জরুরি।
ঢাকার বস্তিতে আগুন লাগা নতুন ঘটনা নয়। শীতের মৌসুমে প্রায়ই বস্তিতে আগুন লাগে। অভিযোগ আছে, কড়াইল বস্তির মানুষকে উচ্ছেদ করার জন্য এ আগুন লাগানো হয়েছে। এটা দুর্ঘটনা, নাকি মনুষ্যসৃষ্ট অগ্নিকাণ্ড, সেটি তদন্ত করে দেখা দরকার। সরকারের উচিত, প্রতিটি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে তার কারণ চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। কোনো কায়েমি স্বার্থগোষ্ঠী যদি নাশকতামূলকভাবে আগুন লাগিয়ে থাকে, তাহলে তাদের কঠোর শাস্তি দিতে হবে।
বস্তিবাসীও এ দেশের নাগরিক। তাঁদের মৌলিক অধিকার ও জানমালের নিরাপত্তার বিষয়ে রাষ্ট্র উদাসীন থাকতে পারে না। আমাদের সবার মনে রাখা প্রয়োজন, এই স্বল্প আয়ের মানুষের সেবা ছাড়া নগরজীবন সচল রাখার কথা ভাবাই যায় না।