আবারও আক্রান্ত পোশাককর্মী। মানিকগঞ্জ, সাভার, ময়মনসিংহের পর এবারের ঘটনাস্থল নারায়ণগঞ্জের সোনারগাঁ। ধরিত্রীর এই দেশে নারীর জন্য নিরাপদ কোনো স্থানই কি থাকবে না আর!
রাত ১১টায় ছুটির পর বাড়ি ফিরতে মেয়েটি উঠেছিলেন বাসে এবং ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন। অন্য যাত্রীরা নেমে যাওয়ার সুযোগে চালক ও তাঁর সহযোগীরা মেয়েটিকে ধর্ষণ করেন। এরপর গুরুতর আহত অবস্থায় তাঁকে ফেলে যায় রাস্তার পাশে। পুলিশ এর মধ্যে এক পাষণ্ডকে গ্রেপ্তার করেছে। তাঁর স্বীকারোক্তি মোতাবেক অন্য আসামিদেরও চিহ্নিত করা গেছে। সুতরাং দ্রুতই তাদের গ্রেপ্তার করে বিচারের মধ্যে নিতে হবে। দিল্লিতে এ রকম এক ঘটনায় বিরাট আন্দোলন হয়। জনগণের দাবির মুখে আইন বদলানো হয় এবং অপরাধীরা শাস্তিও পায়। কিন্তু কাছাকাছি সময়ে সংঘটিত সাভারের ঘটনায় এখনো অপরাধীদের শাস্তি হয়নি।
চলন্ত বাসে গণধর্ষণ শেষে নারীকে ফেলে দেওয়ার অভিযোগজনপরিসরে, চলাচলের পথে, ঘরে–বাইরে কোথাও নারী নিরাপদ নন। প্রকাশ্য স্থানে শ্রমজীবী নারীরাই সবচেয়ে বেশি আক্রান্ত হন। গতকাল বৃহস্পতিবারের প্রথম আলোয় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার খবর প্রকাশিত হয়েছে। রাজধানীর নামকরা একটি বিদ্যালয়েই যদি এমনটা ঘটে, অন্য জায়গাগুলোর অবস্থা তাহলে কী? কতটি ঘটনা গণমাধ্যমে আসে এবং মামলা পর্যন্ত গড়ায়?
যেখানেই নারীদের বিচরণ বেশি, সেখানেই তাঁদের নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা দরকার। এই দায়িত্ব সরকার-প্রশাসনের। কর্তৃপক্ষের উচিত ছিল নিজস্ব পরিবহনে করে মেয়েদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা। ইতিমধ্যে কিছু কিছু কারখানা এই বন্দোবস্ত চালু করেছে। আড়াইহাজারের নির্যাতিত মেয়েটির নিশ্চয়ই সেই সুযোগ ছিল না। শোচনীয় হলো, যাঁদের ওপর জনগণের সেবা ও নিরাপত্তার ভার, তাঁরাই এসব ঘটনায় নির্বিকার থাকেন। অপরাধ তাঁদের হাত দিয়ে না হলেও তাঁদের কারও কারও কারণে অপরাধ ঘটতে পারছে। প্রকৃত অপরাধীর পাশাপাশি এঁদেরও তাই অপরাধের পরোক্ষ দায় নিতে হবে। দায়িত্বে অবহেলার শাস্তি দিতে হবে।
কঠিন শাস্তি এবং সর্বোচ্চ নজরদারি ছাড়া নারীদের ওপর এই নৃশংসতা বন্ধ করা সম্ভব নয়।