আবারও বাউল সমাজের ওপর আক্রমণ শুরু হয়েছে। এবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রােম। শুক্রবার রাতে সেখানকার একটি আখড়া দুর্বৃত্তরা পুড়িয়ে ছাই করে দিয়েছে। দুই বাউলকে মারধর ও চুল কেটে হত্যার হুমকিও দেওয়া হয়। এর আগে ১৬ জুলাই রাতে একই জেলার জীবননগর উপজেলায় আখড়ায় হামলা চালিয়ে তিন বাউলকে কুপিয়ে জখম করা হয়। মে মাসে কুষ্টিয়ায় হত্যা করা হয় এক বাউল-ভক্ত দাতব্য চিকিৎসককে। প্রতিটি ঘটনায় উগ্রপন্থীদের ঘৃণামূলক রক্তপাতের আলামত স্পষ্ট।
বাংলাদেশের জনসমাজে বাউল সাধকেরা শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে এলেও নানা সময়ে তাঁরা কট্টরপন্থীদের হিংসার শিকার হয়েছেন। তবে এখন যে ধরনের হত্যা বা হত্যার চেষ্টা দেখা যাচ্ছে, তা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ। এর সঙ্গে যোগ হয়েছে বাড়িঘরে আগুন দিয়ে তাঁদের বিতাড়িত ও নিস্তব্ধ করার চেষ্টা। চুয়াডাঙ্গার এ ঘটনাটি দেশের বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর সদস্যদের ওপর পরিকল্পিত আক্রমণের অংশ, নাকি তা স্থানীয় কোনো সমাজবিরোধী গোষ্ঠীর কাজ, তা ভালোভাবে তদন্ত করে দেখা দরকার। প্রকৃত দোষীদের শাস্তির প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে। এসব ঘটনা বিচারহীন থেকে গেলে দুর্বৃত্তরা উৎসাহিত হবে এবং বাউলসহ বিভিন্ন মত ও পথের মানুষের নিরাপত্তাহীনতা আরও বাড়বে। দেখা যায়, বাউল থেকে শুরু করে নিম্নবর্গীয় সংখ্যালঘু, দলিত, আদিবাসী মানুষজনের ওপর নিপীড়নের তেমন প্রতিকার হয় না।
বাউল-দরবেশ-সাধুরা বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাঁরা বাংলার কৃষিসমাজের মানবতাবাদী জাগরণের প্রতীক। সমাজে ভেদাভেদ ও সংকীর্ণতার বিরুদ্ধে যুগের পর যুগ ধরে তাঁরা সরব আছেন। মানুষকে ভালোবাসাই কি তাঁদের অপরাধ? সরকারের উচিত তাঁদের আখড়া, মাজার ও সংঘগৃহগুলো নিরাপদ রাখায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জরুরিভাবে নিয়োজিত করা।