আলোচনা ব্যর্থ, তাই বিকল্প ব্যবস্থায় বন্দর চালু করার পদক্ষেপ নিয়েছেন নৌমন্ত্রী। প্রথমে শ্রমিকদের ধর্মঘট চলল, তারপরে শুরু করলেন লাইটার জাহাজের মালিকেরা। সবাই সবার স্বার্থ সম্পর্কে ষোলো আনা সচেতন, কিন্তু দেশের স্বার্থের দিকটি কেউ দেখছেন না। গত রোববার রাত থেকে চট্টগ্রাম বন্দরের ১৬টি জেটির ১২টিতেই শ্রমিকেরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। চট্টগ্রাম বন্দর সাধারণ কোনো প্রতিষ্ঠান নয়। এ বন্দর জাতীয় অর্থনীতির ধমনিস্বরূপ। কোনো কারণেই দাবি আদায়ের কৌশল হিসেবে একে জিম্মি করা চলতে পারে না। কিছুদিন পর পরই চট্টগ্রামে দেশের প্রধান নৌবন্দরটি অচল হতে দেখা যায়। চট্টগ্রাম সমুদ্রবন্দর দেশের অর্থনীতির অন্যতম জীবননালি। এই নালির মাধ্যমে অর্থনীতিতে যে রক্তসঞ্চালন হওয়ার কথা, কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং শ্রমিক ধর্মঘটে প্রায়ই তা হতে পারছে না। এবারের সমস্যা শুরুতে শ্রমিকদের মাধ্যমে তৈরি হলেও এখন জাহাজমালিকেরাই শেষ পর্যন্ত বন্দর অচলের জন্য দায়ী হবেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়িক কোম্পানি গভীর সমুদ্রে নোঙর করা বড় জাহাজ থেকে নিজস্ব ছোট ছোট জাহাজে মাল পরিবহন করে আসছে। কিন্তু এখন বাদ সেধেছেন গভীর সমুদ্র থেকে জেটিতে মাল পরিবহনকারী জাহাজ ব্যবসায়ীরা। তাঁরা গোঁ ধরেছেন, কোম্পানির জাহাজ চলবে না, জাহাজ ব্যবসায়ীদের সিন্ডিকেটের মাধ্যমেই সব মাল পরিবাহিত হতে হবে। কোম্পানিগুলোর দাবি, নতুন পদ্ধতিতে কেবল অনিশ্চয়তাই নয়, পরিবহন-খরচও বেড়ে যাবে। কার্যত, মালিকদের ধর্মঘটের কারণে জাহাজ গভীর সমুদ্রে আটকে থাকায় জাহাজভাড়া বেড়ে যাচ্ছে। এই বর্ধিত ভাড়া যোগ হচ্ছে পণ্য আমদানি-ব্যয়ের সঙ্গে। পরিণামে দেশে আমদানি করা দ্রব্য ও কাঁচামালের দামও বেড়ে যাচ্ছে। বিক্রয় শিকলের একেবারে শেষপ্রান্তে থাকা ক্রেতাদেরই এই বর্ধিত মূল্য শুধতে হচ্ছে।চট্টগ্রাম বন্দর পরিচালনা, শ্রমিক ও মালিক সম্পর্ক, প্রাযুক্তিক ও সেবাদানের দক্ষতা—সবখানেই সমস্যা রয়েছে। অনেক ক্ষেত্রে কায়েমি স্বার্থের হস্তক্ষেপ এবং বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে রাজনৈতিক রেষারেষির কারণেই বন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়। এ ব্যাপারে সরকারকে ভারসাম্যপূর্ণ কার্যকর নীতি নিতে হবে। ইতিমধ্যে নৌমন্ত্রী মালিক ও কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেও মীমাংসা করায় ব্যর্থ হয়েছেন। আমরা আশা করব, নির্দিষ্ট কোনো স্বার্থের হয়ে নয়, জাতীয় স্বার্থেই বন্দর কর্তৃপক্ষ এবং সরকার ব্যবস্থা নিয়ে বন্দরটি অতিসত্বর চালু করবে।