সারা দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানি ও অঙ্গহানি ঘটছে। এভাবে মৃত্যু এখন এমনই দৈনন্দিন ব্যাপারে পরিণত হয়েছে যে ছোটখাটো সড়ক দুর্ঘটনা বা দু-একজন মানুষের প্রাণহানি এখন আর সংবাদমাধ্যমে জায়গা পায় না। কারণ, যে ঘটনা নিত্যদিন ঘটে, তা আর খবর থাকে না।কিন্তু যখন কোনো সড়ক দুর্ঘটনায় একই পরিবারের আটজনসহ মোট ১৩ জন মানুষ একসঙ্গে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন, তখন তার সংবাদমূল্য উপেক্ষা করার উপায় থাকে না। তেমনই একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে শনিবারের প্রথম আলোর শেষ পাতায়। শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ সব আরোহী ঘটনাস্থলেই নিহত হন। বাসটির ৫৫ জন যাত্রীর মধ্যে ১৫ জন আহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনার কারণ খুবই পরিষ্কার: যাত্রীবাহী বাসটি চলছিল সড়কের ভুল পাশ দিয়ে। অর্থাৎ সড়কের যে অংশ দিয়ে বিপরীত দিকের যানবাহন চলছিল, বাসটির চালক সেই পথ ধরে বাস চালিয়ে যাচ্ছিলেন। বাসের যাত্রীরা তাঁকে এটা করতে নিষেধ করেছিলেন, তিনি তা শোনেননি। উল্টো কারণ দেখিয়েছেন, সড়কের বাঁ দিকের অংশ, অর্থাৎ যে অংশ ধরে চলতে হবে, সেই অংশ ভাঙাচোরা।কিন্তু সড়কের ডান অংশের অপেক্ষাকৃত মসৃণ পথটি যে কতটা বিপজ্জনক ও প্রাণঘাতী, সেটা ভেবে দেখার অবকাশ সম্ভবত ওই চালকের ছিল না। বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটিকে মুখোমুখি ধাক্কা মেরে দুমড়েমুচড়ে ধ্বংসস্তূপে পরিণত করে সাত ও ১১ বছরের দুটি শিশু এবং একটি পরিবারের আটজনসহ মোট ১৩ জন মানুষের প্রাণ কেড়ে নিয়ে বাসের চালক পালিয়ে গেছেন। এ ধরনের চালকদের কারণেই অধিকাংশ সড়ক দুর্ঘটনা ঘটে। মহাসড়কে বাস চালানোর দক্ষতা এঁদের নেই, ট্রাফিক আইন মেনে চলার প্রবণতাও নেই। অনেকের ড্রাইভিং লাইসেন্স নকল। ১৩ জন মানুষকে এই বাসচালক বস্তুত হত্যা করেছেন। পুলিশের দায়িত্ব, অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করে আইনানুগভাবে বিচারের ব্যবস্থা করা। বিচার ও শাস্তি হয় না বলেই ভুল পথে বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা বন্ধ হচ্ছে না। কিন্তু এটা অবশ্যই বন্ধ করতে হবে। নইলে মহাসড়কে মৃত্যুর মিছিল দীর্ঘ হতেই থাকবে।