রাজধানী ঢাকার কোন এলাকা আবাসিক, কোনটি বাণিজ্যিক, তা নির্ণয় করতে হলে নথিপত্র দেখতে হবে। কারণ, বাস্তবে আবাসিক-বাণিজ্যিক সব একাকার হয়ে গেছে। এর ফলে নগরবাসীর জীবনযাপনে নানা ধরনের সমস্যা হয়, যেগুলো থেকে পরিত্রাণের আশা দুরাশা বলে মনে হয়।
এই অবস্থায় ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা ও বারিধারা আবাসিক এলাকার সব অবৈধ ও বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ করার যে উদ্যোগ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়েছে, তা নতুন আশার সঞ্চার করে। অবশ্য সরকারি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের অতীত অভিজ্ঞতা থেকে অনেকের মনেই এমন প্রশ্ন জাগতে পারে, এই উদ্যোগ বাস্তবায়ন কতটা সম্ভব। বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত এ-সংক্রান্ত এক প্রতিবেদন অনুযায়ী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, ‘অ্যাট অ্যানি কস্ট, আবাসিক এলাকা থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’ আমরা মন্ত্রীর এমন দৃঢ়সংকল্পের প্রতি আস্থা রাখতে চাই।
তবে কাজটা খুব সহজ হবে না। এ জন্য দৃঢ়সংকল্পের পাশাপাশি কার্যকর তৎপরতা ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া প্রয়োজন। প্রথমেই প্রয়োজন উচ্ছেদ অভিযান সুসম্পন্ন করার সুনির্দিষ্ট পরিকল্পনা এবং কী প্রক্রিয়ায় সে পরিকল্পনা কতটা সময়ের মধ্যে সম্পূর্ণ করা হবে, তার সুস্পষ্ট রূপরেখা। আবাসিক এলাকাগুলোতে বাণিজ্যিক ও অন্যান্য অবৈধ স্থাপনা যেমন রাতারাতি গড়ে ওঠেনি, তেমনই এগুলো রাতারাতি উচ্ছেদ করাও সম্ভব হবে না। বিশেষভাবে লক্ষ রাখতে হবে আইনি প্রক্রিয়ার দিকে: কোনো অবৈধ স্থাপনা উচ্ছেদের ক্ষেত্রে তার মালিক আদালতে মামলা করলে এবং আদালত স্থগিতাদেশ দিলে যে দীর্ঘসূত্রতার সৃষ্টি হতে পারে, তা কীভাবে কাটানো হবে। কারণ, কোটি কোটি টাকা বিনিয়োগ করে যাঁরা বাণিজ্যিক স্থাপনা গড়েছেন, তাঁরা উচ্ছেদ এড়ানোর সর্বাত্মক চেষ্টা করবেন। এ রকম মামলার সংখ্যা অনেক হবে, তা সহজেই বোধগম্য।
তবু সব জটিলতা দূর করে উদ্যোগটি বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। সরকারি প্রশাসন, ঢাকার দুই সিটি করপোরেশন ও রাজউককে সঙ্গে নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সুসমন্বিতভাবে এই জনমুখী উদ্যোগ বাস্তবায়নে তৎপর হোক।