আবাসিক এলাকার রাসায়নিকের গুদাম সরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর ৩ জুন বাংলাদেশের সংবাদমাধ্যমে পুরান ঢাকার নিমতলী নামের এক মহল্লার নাম বেশ উচ্চারিত হয়। ছয় বছর ধরে এটা চলছে। ২০১০ সালের ৩ জুন রাতে ওই মহল্লার এক বাড়িতে আগুন লেগে প্রায় তাৎক্ষণিকভাবে জীবন্ত পুড়ে মারা যান ১১৭ জন মানুষ। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আরও সাতজন মিলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১২৪। ৫ জুন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করেছিল। শোকের সঙ্গে প্রকাশ ঘটেছিল ক্ষোভেরও, কারণ দ্রুত আগুন নেভাতে ফায়ার সার্ভিস ব্যর্থ হয়েছিল।
ছয় বছর পর, সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে, নিমতলীর ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তির ঝুঁকি আগের মতোই রয়ে গেছে। নিমতলীর নবাব কাটরায় যে পাঁচতলা বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল, তার নিচতলায় ছিল ফোম তৈরির রাসায়নিক উপকরণের গুদাম। অগ্নিকাণ্ডের ভয়াবহতা ও ব্যাপকতার কারণ ছিল অতিমাত্রায় দাহ্য ওই রাসায়নিক পদার্থ। এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ হওয়ায় ফায়ার সার্ভিস আগুন নেভাতে হিমশিম খেয়েছিল।
তারপর থেকে জোর তাগিদের সঙ্গে বলা হচ্ছে, আবাসিক এলাকাগুলো থেকে শিল্পে ব্যবহার্য বিভিন্ন রাসায়নিক উপকরণ ও দাহ্য কাঁচামালের গুদাম সরিয়ে নেওয়া উচিত। কিন্তু প্রথম আলো নিমতলীসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সরেজমিনে অনুসন্ধান চালিয়ে দেখতে পেয়েছে, সেসবের কিছুই সরানো হয়নি। অত্যন্ত ঘনবসতিপূর্ণ পুরান ঢাকার অনেক আবাসিক এলাকায় বাণিজ্যিক কর্মকাণ্ড আগের মতোই চলছে। নিমতলীর আগুনে পুড়ে মারা যাওয়া মানুষগুলোর স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে, কিন্তু সেই ট্র্যাজেডির ঝুঁকি দূর করার উদ্যোগ নেওয়া হয়নি।
শুধু নিমতলী নয়, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার ঘনবসতিপূর্ণ পাড়া-মহল্লাগুলোতে অগ্নিকাণ্ডের ঝুঁকি খুব বেশি। এ দেশে প্রতিবছর গড়ে প্রায় ১৩ হাজার মানুষ পুড়ে মারা যায়। কিন্তু এত অপমৃত্যু অনিবার্য নয়। একটু সতর্ক হলেই অগ্নিকাণ্ড এড়ানো সম্ভব। সরকারি প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ব্যবসায়ীদের সংগঠন—সবাই মিলে সব আবাসিক এলাকা থেকে রাসায়নিক পদার্থের গুদাম, দাহ্য শিল্পপণ্যের দোকান সরিয়ে ফেলতে হবে।