বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস-সংকট চরমে পৌঁছেছে। এর মূল কারণ হচ্ছে গ্যাসলাইনের জাতীয় গ্রিডের একটি বড় অংশে ময়লা জমে যাওয়া। তবে এই ময়লা পরিষ্কার হলেই গ্যাস-সংকট পুরোপুরি কাটবে এমন বলা যাচ্ছে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এটা স্পষ্টই বলেছেন যে আবাসিক খাতের গ্যাস সমস্যা থাকবে। আবাসিকে যাঁরা গ্যাস ব্যবহার করছেন, তাঁদের এলপিজিতে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। লাইনের সমস্যার কারণে রান্নার গ্যাসের সাম্প্রতিক সংকট ও আবাসিক খাতের গ্যাস নিয়ে মন্ত্রীর এই বক্তব্য প্রশ্নে কিছু বিষয় উল্লেখ করা জরুরি।
প্রথমত, বর্তমানে নগরের বিভিন্ন স্থানে যে গ্যাস-সংকট ও জনগণ যে ভোগান্তির মধ্যে পড়েছে, এর মূল কারণ ব্যবস্থাপনাগত সমস্যা। এই প্রশ্ন তোলা খুবই জরুরি যে জাতীয় গ্রিডের প্রায় ১০০ কিলোমিটারজুড়ে ময়লা জমার ঘটনাটি এক দিনে হয়নি, পরিস্থিতি এই পর্যায়ে যেতে দেওয়া হলো কেন? জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলার এই দায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিতেই হবে।
দ্বিতীয়ত, আবাসিকে গ্যাসের সমস্যা এবং এলপিজি ব্যবহারের যে পরামর্শ প্রতিমন্ত্রী দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তিনি বলেছেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে শিল্পে গ্যাস সরবরাহ। বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার গ্যাস বা জ্বালানি ক্ষেত্রে নতুন কৌশল ও সিদ্ধান্ত নিতেই পারে। কিন্তু আবাসিকে গ্যাস-সংকট জিইয়ে রেখে জনগণকে এলপিজিতে যেতে বাধ্য করার কৌশলের মধ্যে আর যাই হোক, কোনো পরিকল্পনার প্রমাণ মেলে না।
সরকার যদি ভবিষ্যতে আবাসিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বা এর পরিবর্তে এলপিজি চালু করতে চায়, তবে একটি পরিকল্পনার মধ্য দিয়েই সরকারকে এগোতে হবে। এর জন্য সময়সীমা থাকতে হবে এবং বিষয়টি জনগণের কাছে স্পষ্ট ও পরিষ্কার করতে হবে। আর শুধু এলপিজি ব্যবহারের কথা বললেই হবে না, জনগণ যাতে সহজে এলপিজি পায়—তা নিশ্চিত ও সে অনুযায়ী পরিকল্পনাও নিতে হবে। জনগণকে আস্থায় নিয়েই নীতি বা কৌশল বাস্তবায়ন করতে হবে।